নিরাপদ আশ্রয়ের সন্ধানে মানুষ

আপডেট : ১৫ মে ২০১৩, ২২:৪২
সর্বোচ্চ সতর্কাবস্থায় প্রশাসন, মাইক বাজিয়ে হুঁশিয়ারি সংকেত জারি ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে বাতাসের গতিবেগ ৯০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে গতরাত থেকেই উপকূলে ঝড়ো হাওয়া বইছিল বাংলাদেশের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় মহাসেন-এর ছোবল থেকে বাঁচতে উপকূলীয় জেলাগুলোতে ব্যাপক তোড়জোড় শুরু হয়েছে। লোকজন নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছে। প্রশাসনও ব্যাপকভাবে তত্পর রয়েছে। ইত্তেফাক সংবাদদাতাদের পাঠানো খবর। চট্টগ্রাম অফিস জানায়, ঘূর্ণিঝড় ‘মহাসেন’ মোকাবেলার প্রস্তুতি হিসাবে এবং ক্ষয়ক্ষতি এড়াতে চট্টগ্রাম বন্দর, চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরসহ পতেঙ্গা ও উপকূলীয় সকল গুরুত্বপূর্ণ জ্বালানি তেলের স্থাপনায় গতকাল বুধবার সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গতকাল বুধবার বিকাল ৪টা থেকে চট্টগ্রাম বিমান বন্দরের সকল কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে বলে জানান বিমান বন্দর কর্তৃপক্ষ। গতকাল সিইপিজেড, কেইপিজেড ও কোরিয়ান ইপিজেড গতকাল দুপুর থেকে বন্ধ করে দেয়া হয়েছে। সমুদ্র উত্তাল থাকায় গতকাল চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে লাইটারিংসহ অন্যান্য কার্যক্রম বন্ধ হয়ে যায়। বন্দর কর্তৃপক্ষ সকাল থেকে সকল আমদানিকারককে সন্ধ্যা ৬টার মধ্যে তাদের জরুরি পণ্য ডেলিভারি নিয়ে যাওয়ার আহ্বান জানায়। বন্দর কর্তৃপক্ষ তাদের সকাল থেকে বন্দর চ্যানেল ও জেটি এলাকা থেকে ১৭টি জাহাজ পর্যায়ক্রমে ঘূর্ণিঝড় মোকাবেলার কৌশল হিসাবে বহির্নোঙরে সরিয়ে নিতে শুরু করে। নৌবাহিনী ও কোস্টগার্ড তাদের টহল বোট, জাহাজ ও নৌযানসমূহ কর্ণফুলী চ্যানেলের উজানে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়। পতেঙ্গাস্থ বিমান বাহিনীর ঘাঁটি থেকে সকল যুদ্ধ বিমান ও সরঞ্জামসমূহ নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়। গতকাল সকালে ঘূর্ণিঝড় ‘মহাসেন’ উপকূলের দিকে আরো অগ্রসর হলে ৭ নম্বর বিপদ সংকেত জারি করা হয়। বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ জানান, বন্দরের সকল জাহাজকে বহির্নোঙরে পর্যায়ক্রমে নিয়ে যাওয়া হচ্ছে। সব জাহাজকে ইঞ্জিন চালু রাখতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় আঘাত হানার মুহূর্তে জাহাজগুলোর প্রতি বিশেষ নির্দেশ জারি করা হবে। রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের যুব রেড ক্রিসেন্ট প্রধান তৌফিকুল আজম জানান, উপকূলীয় এলাকায় জেলা প্রশাসন ও অন্যান্য সংস্থার লোকজনের সাথে যুব রেড ক্রিসেন্ট কর্মীরা মাইকিং ও জনগণকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার কাজ করছে। জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবদুল মালেক জানান, গতকাল বিকাল ৩টায় জেলা প্রশাসন, সেনা, নৌ, বিমান বাহিনী, বিজিবি, পুলিশ, আনসারসহ সকল বাহিনীর কর্মকর্তাদের সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তারা ঘূর্ণিঝড় আঘাত হানলে তার পরবর্তী কার্যক্রম নিয়ে পর্যালোচনা করেন। চট্টগ্রামে ঘূর্ণিঝড় মহাসেন আঘাত হানার আশঙ্কায় জনসাধারণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ঘূর্ণিঝড়ের সতর্ক সংকেত বাড়ার সঙ্গে সঙ্গে নগরবাসীর উদ্বেগ-উত্কণ্ঠাও বাড়তে থাকে। সকালেই নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছুটি দেয়া হয়। বেলা বাড়ার সাথে সাথে অফিস-আদালতও ফাঁকা হতে থাকে। সেই সাথে রাস্তায় যানবাহন চলাচলও কমে আসে। দুপুরের পর চট্টগ্রাম ইপিজেড, কর্ণফুলি ইপিজেডসহ বিভিন্ন গার্মেন্টস কারখানায় ছুটি দেয়া হয়। নগরবাসী জরুরি পণ্যসামগ্রী কেনার জন্য বাজারগুলোতে ভিড় জমান। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম মনজুর আলম গতকাল বুধবার উপকূলীয় কয়েকটি এলাকা পরিদর্শন করেন। এ ব্যাপারে মেয়র ইত্তেফাককে জানান, সিটি করপোরেশন পরিচালিত ১৫টি স্কুল ও কলেজকে আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। মহাবিপদ সংকেত দেখা মাত্রই সিটি করপোরেশনের প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকরা উপকূলীয় জনসাধারণকে নিরাপদ স্থানে সরিয়ে আনতে ৫০টি গাড়ি নিয়ে নেমে পড়বে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্র জানান, উপকূলীয় এলাকার জনগণের জন্য চট্টগ্রামে ৪৭৯টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। সীতাকুণ্ড সংবাদদাতা জানান, উপজেলার বেড়ীবাঁধবিহীন এলাকাগুলোতে পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র না থাকায় উপকূলীয় বাসিন্দারা আতঙ্কের মধ্যে রয়েছেন। তবে জীবন বাঁচাতে মহাসড়কের পাশে স্কুলগুলোই একমাত্র ভরসা বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শাহীন ইমরান। তিনি আরো জানান, দুর্যোগ মোকাবেলায় ৮৭০ সদস্যের স্বেচ্ছাসেবক নিয়োগ দেয়া হয়েছে। কক্সবাজার প্রতিনিধি জানান, ধেয়ে আসা ঘূর্ণিঝড় ‘মহাসেন’-এর ছোবল থেকে বাঁচতে কক্সবাজারের উপকূলীয় এলাকার হাজার হাজার মানুষ এখন আশ্রয় কেন্দ্রে। প্রশাসন নীচু এলাকায় বসবাসকারী লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে দুপুরের পর থেকে মাইকিং করছে। তবে এখনো হাজার হাজার লোক ঝুঁকিপূর্ণ এলাকায় রয়ে গেছে। মাছধরা ট্রলারসমূহ পোতাশ্রয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। দুর্যোগের আশঙ্কায় কক্সবাজার বিমানবন্দর থেকে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন জানান, সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় প্রশাসন প্রস্তুত রয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে সার্বক্ষণিক নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগ ১১৩টি জরুরি মেডিক্যাল টিম ইতোমধ্যে প্রস্তুত রেখেছে। সাইক্লোন শেল্টার ছাড়াও সরকারি অফিসের বারান্দাগুলোতে আশ্রয়হীন মানুষকে ঠাঁই দেয়া হয়েছে। টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা জানান, টেকনাফ উপকূলে ৭নং বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় মহাসেন টেকনাফের দিকে ধেয়ে আসার খবরে সর্বত্র বিরাজ করছে আতঙ্ক। বুধবার সকালে আবহাওয়া সংকেত ৪ থেকে ৭নং বিপদ সংকেতে উন্নীত হলে উপজেলা প্রশাসন জরুরি প্রস্তুতি সভা করে পৌরসভাসহ স্ব স্ব ইউনিয়নে নিরাপদ আশ্রয়ের জন্য মাইকিং করে এবং উপকূলীয় নিম্ন এলাকার লোকজনকে পার্শ্ববর্তী সাইক্লোন শেল্টারসহ উঁচু এলাকায় নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হচ্ছে। ইতিমধ্যে সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় উপজেলা প্রশাসন সব ধরনের প্রস্তুতি নেয়ার কথা বলছে। তবে এবারের ঘূর্ণিঝড় মহাসেন নিয়ে উপকূলীয় এলাকায় চরম উত্কণ্ঠা দেখা দিয়েছে। ৬টি মেডিক্যাল টিম, ৫৭টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। রেড ক্রিসেন্টের ৮৪০ মহিলা-পুরুষ কর্মী, পুলিশ ও বিজিবিকে প্রস্তুত থাকার নিদের্শ দেয়া হয়েছে। তাছাড়া জরুরি প্রয়োজনে বাংলাদেশ নৌ-বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। আবহাওয়া বার্তা ৭নং বিপদ সংকেতে উন্নীত হওয়ায় উপকূলীয় নিম্ন অঞ্চলের লোকজনকে সাইক্লোন শেল্টারসহ উঁচু এলাকায় সরিয়ে নেয়া হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মুজাহিদ উদ্দীন। এ উপজেলায় তিন লাখ লোকের বসবাস। এদের জন্য ৫৭টি সাইক্লোন শেল্টার রয়েছে। তবে উপকূলীয় এলাকায় প্রায় দুই লক্ষাধিক জনগণ বাস করে। তবে জনসংখ্যার তুলনায় অল্প সংখ্যক সাইক্লোন শেল্টার। এদিকে টেকনাফ পৌরসভায় নেই কোনো সাইক্লোন শেল্টার। দুর্যোগের সময় পৌরসভার লোকজনের কি অবস্থা সৃষ্টি হবে তা এলাকাবাসীকে ভাবিয়ে তুলেছে। সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকার ৪০ হাজার লোক সবচেয়ে ঝুঁকিতে রয়েছে। মংলা সংবাদদাতা জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মহাসেন ধেয়ে আসছে মংলা বন্দরসহ সুন্দরবন উপকূলে। উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ এলাকায় মাইকিং ও দমকল বাহিনী সাইরেন বাজিয়ে সকলকে নিরাপদ আশ্রয়ে যেতে বলছে। ইতোমধ্যে বন্দর এলাকায় থেমে থেমে দমকা হাওয়া ও গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। শহরের অধিকাংশ দোকান-পাট বন্ধ হয়েগেছে। দোকান মালিক ব্যবসায়ীরা তাদের পণ্য ও মালামাল নিরাপদে রাখার জন্য সরিয়ে নিচ্ছে। সম্ভাব্য এ দুর্যোগ মোকাবলোয় সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে উপজলো প্রশাসন, পৌর কর্তৃপক্ষ, বন্দর কর্তৃপক্ষ ও নৌ বাহিনী-কোস্টগার্ড। বন্দর, পৌরসভা ও উপজলো প্রশাসন পৃথক ৩টি কন্ট্রোল রুমের মাধ্যমে ঘূর্ণিঝড় মনিটরিং করছে। বন্দরে অবস্থানরত ৫টি বাণিজ্যিক জাহাজসহ সকল লাইটার ও কোস্টারে পণ্য বোঝাই-খালাস কাজ বন্ধ রাখা হয়েছে। জাহাজগুলো নিরাপদে থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। বন্দর কর্তৃপক্ষ এলার্ট-থ্রি জারি করেছে। তারা সর্বোচ্চ সতর্ক ব্যবস্থা গ্রহণ করেছে বলে হারবার বিভাগ জানিয়েছে । পিরোজপুর অফিস জানান, ঘূর্ণিঝড় ‘মহাসেন’ এর প্রভাবে পিরোজপুর জেলায় গতকাল বুধবার বিকাল থেকে হালকা বৃষ্টিপাত শুরু হয়। জেলার সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করে দুর্যোগ পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া ১০২৫ জন স্বেচ্ছাসেবকও কাজ করছেন। জেলায় ১২৮টি সাইক্লোন শেল্টার রয়েছে। মঠবাড়িয়া উপজেলায় ৩৩টি, ভান্ডারিয়ায় ৪০টি, জিয়ানগরে ১০টি, স্বরূপকাঠী উপজেলায় ২১টি, কাউখালীতে ৬টি, নাজিরপুরে ৯টি এবং পিরোজপুর সদর উপজেলায় ৯টি অবস্থিত। এছাড়া মঠবাড়িয়া, ভান্ডারিয়া ও জিয়ানগর উপজেলায় মানুষকে আশ্রয়দানের জন্য কিছু স্কুল ভবনও খোলা রাখা হয়েছে। চিকিত্সাসেবা দেয়ার জন্য গঠন করা হয়েছে ৭৭টি মেডিক্যাল টিম। জেলা সদরসহ প্রতিটি উপজেলায় নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। মঠবাড়িয়া উপজেলার খেতাচিড়া এলাকার বেড়িবাঁধ ভাঙ্গা থাকায় এ এলাকায় লোকজনের মধ্যে জলোচ্ছ্বাস আতঙ্ক দেখা দিয়েছে। উপজেলার ৯০০ সিপিপি স্বেচ্ছাসেবক কাজ করছে। চরাঞ্চলে মাইকিং করে লোকজনকে সাইক্লোন শেল্টারসহ বিভিন্ন নিরাপদ আশ্রয়ে আসার জন্য অনুরোধ জানানো হচ্ছে। পটুয়াখালী প্রতিনিধি জানান, ঘূর্ণিঝড় মহাসেন যতই এগিয়ে আসছে ততই বাড়ছে পটুয়াখালীবাসীর মধ্যে উত্কণ্ঠা। গতকাল বুধবার সকাল থেকেই এই এলাকায় বিরূপ আবহাওয়া বিরাজ করছে। দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। জেলা প্রশাসকের কার্যালয়ে খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ। এদিকে উপকূলীয় এলাকায় রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা মাইকিং করে মানুষকে সতর্ক অবস্থায় থাকার ঘোষণা দিচ্ছেন। চরম ঝুঁকিতে থাকা বেড়িবাঁধ এলাকার বাইরের লোকজনদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হচ্ছে। সকল প্রকার নৌযান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। জেলায় ৩৬০টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ও ৪৮টি মাটির কিল্লা প্রস্তুত রাখা হয়েছে। গঠন করা হয়েছে ১১০টি মেডিক্যাল টিম। সার্বক্ষণিক যোগাযোগের জন্য খোলা হয়েছে একটি নিয়ন্ত্রণ কক্ষ । বরগুনা (উত্তর) প্রতিনিধি জানান, বরগুনাসহ উপকূলীয় অঞ্চলে সাত নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। মানুষের মধ্যে বিরাজ করছে আতঙ্ক। রেডিও, টেলিভিশনসহ বিভিন্ন মাধ্যম থেকে মহাসেনের খবর জেনে নিচ্ছে তারা। ইতোমধ্যে বরগুনা জেলা প্রশাসন, পৌরসভা, রেডক্রিসেন্ট বিভিন্ন বেসরকারি সংস্থা দুর্যোগ মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। বরগুনার বিভিন্ন এলাকায় করা হচ্ছে মাইকিং। জেলা প্রশাসক কার্যালয়ে ও পৌরসভায় খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ। একই কর্মসূচি নেয়া হয়েছে উপজেলাগুলোতেও। সবচেয়ে বেশি আতঙ্কের মধ্যে রয়েছে বেড়িবাঁধের বাইরে ও মাঝেরচরের অর্ধলক্ষাধিক মানুষ। ইতিমধ্যে স্কুল কাম সাইক্লোন শেল্টারগুলোতে দরিদ্র মানুষ আশ্রয় নিতে শুরু করেছে। বর্তমানে বরগুনা বিদ্যুত্ বিচ্ছিন্ন রয়েছে। বামনা (বরগুনা) সংবাদদাতা জানান, বরগুনার বামনায় ঘূর্ণিঝড় “মহাসেন” দুর্যোগ মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে উপজেলা প্রশাসন। এ দুর্যোগ মোকাবিলায় উপজেলা নির্বাহী অফিসারের অফিসে খোলা হয়েছে কন্ট্রোল রুম। প্রস্তুত রাখা হয়েছে ৫টি মেডিক্যাল টিম। বেড়ি বাঁধ ও আশ্রয়কেন্দ্রে বসবাসরত লোকজনকে সরিয়ে আনা হয়েছে সাইক্লোন শেল্টারে। মজুদ রাখা হয়েছে শুকনো খাবার। প্রস্তুত রাখা হয়েছে ২৬টি সাইক্লোন শেল্টার। নোয়াখালী প্রতিনিধি জানান, ঘূর্ণিঝড় মহাসেনের আতঙ্কে নোয়াখালীর উপকূলীয় এলাকা হাতিয়া দ্বীপ, সূবর্ণচর, কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলার কয়েক লাখ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। শুধু তাই নয় আবহাওয়ার সতর্ক সংকেত বেড়ে যাবার সাথে সাথে পুরো জেলার মানুষের মধ্যে আতঙ্ক ও উত্কণ্ঠা দেখা দিয়েছে। উপজেলাগুলোর দুর্গম চর বিশেষ করে হাতিয়ার চর নঙ্গলিয়া, ক্যারিং চর, জাহাজ্জার চর, চর বাশার, ঢালচর ও সূবর্ণচর এবং কোম্পানীগঞ্জের মেঘনার তীরবর্তী চরগুলোতে কোন আশ্রয় কেন্দ্র না থাকায় প্রায় ২ লাখ ভূমিহীন পরিবার দুর্যোগের ঝুঁকির মধ্যে রয়েছে। বঙ্গোপসাগরের পাড়ে নিঝুমদ্বীপে প্রায় ২০ লাখ অধিবাসী। তাদের জন্য মাত্র ১২টি আশ্রয় কেন্দ্র রয়েছে। এসব আশ্রয় কেন্দ্রে ১২ হাজার অধিবাসীর আশ্রয় নেয়ার সুযোগ রয়েছে। এদিকে গতকাল বুধবার দুপুর থেকে প্রশাসন উপকূল এলাকাগুলোতে সতর্ক বার্তা মাইকযোগে ব্যাপকভাবে প্রচার চালাচ্ছে ও বেড়ি বাঁধের বাইরে এবং নদীর তীরবর্তী চরের বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রগুলোতে দ্রুত আশ্রয় নেয়ার জন্য বলা হচ্ছে। জেলা প্রশাসক মো. সিরাজুল ইসলাম জানান, দুর্যোগ মোকাবিলার কাজে তদারকির জন্যে ৩টি উপজেলায় তিন জন অতিরিক্ত জেলা প্রশাসক নিয়োজিত করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের তদারকিতে ইউনিয়নগুলোতে কমিটি গঠন করা হয়েছে। ১০৪টি মেডিক্যাল টিম প্রস্তুত রয়েছে। রেড ক্রিসেন্ট, এনজিও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনে কয়েকশ স্বেচ্ছাসেবীকে প্রস্তুত রাখা হয়েছে। ফেনী প্রতিনিধি জানান, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় মহাসেন সাগর উপকূলীয় এলাকায় ধেয়ে আসার খবরে সোনাগাজীর উপকূলীয় এলাকার বাসিন্দাদের মধ্যে অজানা আতঙ্ক ও উত্কণ্ঠার সৃষ্টি হয়েছে। এলাকার লোকজন প্রতিদিন রাতে নির্ঘুম অবস্থায় সময় কাটাচ্ছেন। ফেনী জেলা প্রশাসন ঘূর্ণিঝড় মোকাবেলায় সমন্বিত কমিটি গঠন করেছেন। জেলা ও উপজেলা প্রশাসন ঘূর্ণিঝড় মহাসেনের ৭ নং সিগনাল এর কারণে সোনাগাজী বেড়ীবাঁধের বাইরে প্রায় ৫০ হাজার লোক ও গবাদিপশুগুলোকে বেড়ীবাঁধের উপরে এবং ৪৩টি সাইক্লোন শেল্টার ও স্কুলগুলোতে আশ্রয়ের জন্য রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যের মাধ্যমে নিয়ে আসা হচ্ছে। এছাড়াও এলাকার লোকজনকে মাইকিং-এর মাধ্যমে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। জেলা প্রশাসক জানান, রেড ক্রিসেন্ট সোসাইটির ১৪শ কর্মী এ কাজে বর্তমানে নিয়োজিত রয়েছে। উপজেলায় ৫টি কন্ট্রোল রুম করা হয়েছে। কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা জানান, ঘূর্ণিঝড় মহাসেনের প্রভাবে কাউখালীর নিম্ন অঞ্চলের ৩০ হাজার মানুষ আতংকের মধ্য দিয়ে নির্ঘুম রাত কাটাচ্ছে। খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। সতর্কতার জন্য করা হচ্ছে মাইকিং। ঘূর্ণিঝড় সিডর ও আইলার তাণ্ডবলীলা থেকে শিক্ষা নেয়া এসব নিম্ন অঞ্চলের লোকজন এখন এরকম বড় ধরনের আভাস শুনলেই আতংকের মধ্যে দিন-রাত পার করে থাকে। ঘূর্ণিঝড় মহাসেন মোকাবেলায় উপজেলা প্রশাসন কর্তৃক বিভিন্ন গ্রামের সাইক্লোন স্কুল, মাদ্রাসায় ২০টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। উপজেলা পরিষদ জরুরি সভা করে প্রতি ইউনিয়নের ওয়ার্ডে স্বেচ্ছাসেবক বাহিনী গঠনের নির্দেশ দেয়। রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা জানান, ঘূর্ণিঝড় মহসেনের প্রভাবে ঝালকাঠির রাজাপুরে গতকাল বুধবার সকাল ১১টা থেকে শুরু হয়েছে মাঝারি বৃষ্টিপাত ও থেমে থেমে মাঝারি দমকা বাতাস। এতে উপজেলার অধিকাংশ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। অনেকেই ঘূর্ণিঝড়ের আশঙ্কায় ইতিমধ্যে নিরাপদ আশ্রয়ে ছুটতে শুরু করেছেন। ঘূর্ণিঝড় প্রতিরোধে সর্বোচ্চ প্রস্তুত রয়েছে সাইক্লোন শেল্টার ও মেডিক্যাল টিম। বিষখালী নদীর তীরবর্তী বেশ কয়েকটি গ্রামে বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে আতঙ্ক শুরু হয়েছে। উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানসমূহ ছুটি ঘোষণা করা হয়েছে। মাছধরা ট্রলারগুলো ছোট ছোট নদীতে অবস্থান নিয়েছে। এদিকে দুর্যোগে প্রাণহানি ঠেকাতে জেলার ২৮টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রেখেছে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। ইতিমধ্যেই ৩৭টি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। রামু (কক্সবাজার) সংবাদদাতা জানান, আবহাওয়া অধিদপ্তর থেকে কক্সবাজারে ৭ নং বিপদ সংকেত ঘোষিত হওয়ার পর পরই রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের হিমছড়ি, পেঁচারদ্বীপ, গোয়ালিয়া পালং, মংলা পাড়া এলাকায় উপকূলের প্রায় বিশ হাজার মানুষ চরম আতংকিত হয়ে পড়েছে। ইতিমধ্যে বিভিন্ন নিরাপদস্থলে আশ্রয় নেয়ার জন্য তত্পর হয়ে উঠেছে এসব মানুষ। আতংকিত মানুষ সর্বশেষ খবর জানার জন্য টিভি চ্যানেল, অনলাইন পত্রিকা, রেডিওর পাশে ভিড় জমাচ্ছে এবং মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন উপকূলীয় এলাকার আত্মীয়-স্বজনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলেছে। প্রশাসনের পক্ষ থেকে ৩১টি সাইক্লোন শেল্টার, ৬৭টি শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ ভবনগুলোতে আশ্রয় নেয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে। গত দুইদিন ধরে সতর্কতা সংকেতবাহী লাল পতাকা দেখানো হয়েছে। প্রশাসনের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে মাইকিং এর মাধ্যমে জনসাধারণকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে। উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা জানান, কক্সবাজারের উখিয়ায় ৭ নং বিপদ সংকেত জানিয়ে উপজেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন ও বন বিভাগের পক্ষ থেকে মাইকিং করে সর্বসাধারণকে নিরাপদে আশ্রয় নেয়ার জন্য বলা হয়েছে। উপকূলসহ বিভিন্ন এলাকায় প্রায় ৩৬টি আশ্রয় কেন্দ্রে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় সংখ্যক চিকিত্সকসহ চিকিত্সা সরঞ্জাম মজুদ রাখা হয়েছে। ইতিমধ্যেই মনখালী, ছেপটখালী, ছোয়াংখালী ও ইনানী আশ্রয় কেন্দ্রে প্রায় শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে বলে উপজেলা প্রশাসনসূত্রে জানা গেছে। প্রশাসনের পাশাপাশি বিভিন্ন এনজিও সংস্থা, রেড ক্রিসেন্ট সোসাইটি দুর্যোগ মোকাবেলায় উপকূলে কাজ করে যাচ্ছে। বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটের জেলা প্রশাসন ঘূর্ণিঝড় ‘মহাসেন’ মোকাবেলায় পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছে। বুধবার বিকাল থেকে জেলার উপকূলীয় তিনটি উপজেলা মংলা, শরণখোলা ও মোরেলগঞ্জের ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিকটস্থ ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র ও পাকা স্কুল ভবনে সরিয়ে আনা হচ্ছে। বুধবার দুপুর থেকে মংলা বন্দরে অবস্থানরত জাহাজগুলোতে মালামাল ওঠা-নামার কাজ বন্ধ করে দেয়া হয়েছে। গত মঙ্গলবার থেকে পূর্ব সুন্দরবনে প্রবেশে ইচ্ছুক পর্যটক ও জেলেদের অনুমতি দেয়া বন্ধ করেছে সুন্দরবন বিভাগ। সরিয়ে আনা হয়েছে সুন্দরবনে অবস্থানরত পর্যটক ও মত্স্যজীবীদের। বাগেরহাটের জেলা প্রশাসক মুহা: শুকুর আলী বুধবার বিকালে জানান, ঘূর্ণিঝড়-পূর্ব প্রস্তুতির অংশ হিসাবে উপকূলীয় তিনটি উপজেলার কাঁচা ও আধাপাকা ঘরের বাসিন্দাদের নিকটস্থ ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র ও পাকা স্কুল ভবনে সরিয়ে আনা হচ্ছে। ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় জেলায় দেড় হাজার প্রশিক্ষিত উদ্ধারকর্মী, ৮২টি চিকিত্সক দল ও পর্যাপ্ত শুকনা খাবার মজুদ করা হয়েছে। জেলায় ২০১টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র রয়েছে। এসব আশ্রয় কেন্দ্রে প্রায় পৌনে দুই লাখ মানুষ আশ্রয় নিতে পারবে। এছাড়া পাকা স্কুল ও কলেজ ভবনগুলো খুলে দেয়া হয়েছে। স্থানীয় প্রশাসন এলাকাবাসীকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসতে কাজ শুরু করেছে।