অনির্বাচিতদের দিয়ে নির্বাচন হবে না
হুমকি দিয়ে লাভ নেই
যে কুমির আনতে চাইছেন তা উনাকে আগে কামড়াবে
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বিরোধী দলের তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবি আবার নাকচ করে দিয়ে বলেছেন, অনির্বাচিত বা অন্য কোন পন্থায় নয়, বিশ্বে যে সব দেশে সংসদীয় গণতন্ত্র রয়েছে, সেই সব দেশে যেভাবে নির্বাচন হয় সেভাবেই হবে বাংলাদেশের আগামী নির্বাচন। জনগণের প্রতিনিধিত্ব করেন না এমন অনির্বাচিতদের নিয়ে কোন অগণতান্ত্রিক ব্যবস্থাপনায় নির্বাচন হবে না। বিরোধী দলীয় নেত্রীর উদ্দেশে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, গণতন্ত্রের পথে থাকুন। দেশকে অগণতান্ত্রিক পথে নেয়ার চেষ্টা করবেন না। বিরোধী দলীয় নেত্রী যেন গর্ত খুঁড়ে সাপ বের করে আনার চেষ্টা না করেন। দেশকে ধ্বংসের চেষ্টা না করেন। তত্ত্বাবধায়কের নামে যে সাপ উনি আনবেন তা উনাকেই কামড় দেবে। যে কুমির আনতে চাইছেন উনি তা উনাকেই আগে কামড়াবে। এটা তাকে মনে রাখতে হবে। শেখ হাসিনা আরো বলেন, গণতন্ত্রকে ধ্বংস করে অগণতান্ত্রিক সরকার এনে আপনার (খালেদা) কী লাভ হবে? কাজেই সংসদে আসুন, যা বলার বলুন, আমরা আপনাদের সব কথা শুনবো। কী দাবি তা সংসদে এসে বলুন। সেখানে আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান হবে। কিন্তু হত্যা, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও বন্ধ করুন। অহেতুক হুমকি-ধামকি ও আল্টিমেটাম দিয়ে কোন লাভ হবে না। দেশ ও জনগণের যদি কোন ক্ষতি হয় তা বরদাশত করবে না সরকার। জনগণের জানমাল রক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় যা যা করণীয় সরকার তাই করবে। গতকাল বুধবার গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বর্ধিত সভার শুরুতে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শেখ হাসিনা দ্ব্যর্থহীন ভাষায় বলেন, আওয়ামী লীগ চায় এ দেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকুক। আর যাতে কোন অগণতান্ত্রিক সরকার ক্ষমতায় না আসতে পারে তা নিশ্চিত করতে সংবিধান সংশোধন করা হয়েছে। এই সংবিধানের নিয়মেই আগামী নির্বাচন হবে। বিরোধী দলীয় নেতার প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, দেশে আর কোন অগণতান্ত্রিক সরকার এসে জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে পারে এমন চেষ্টা করবেন না। দেশের মানুষ তা মেনে নেবে না।
বিরোধী দলীয় নেত্রীর সাম্প্রতিক আল্টিমেটামের কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, আমি তাকে (খালেদা) সংলাপের আহ্বান জানালাম, আর উনি দিলেন ৪৮ ঘণ্টার আল্টিমেটাম। সরকার উত্খাতের কথা ঘোষণা করে বললেন, আমি নাকি পালাবার পথ খুঁজে পাব না। কিন্তু এত শক্তি উনি কোথায় পেলেন? কোন অন্ধকার গুহা থেকে আশার বাণী পেয়ে এমন হুংকার ছাড়লেন উনি? উনার খুঁটির জোর কোথায়? এ প্রসঙ্গে তিনি আরো বলেন, বিরোধী দলীয় নেত্রীর ৪৮ ঘণ্টার আল্টিমেটাম আর হুমকি-ধামকি তো আধা ঘণ্টায় ফিনিস হয়ে গেছে। মনে রাখতে হবে জনগণের আস্থা ও সমর্থন না থাকলে কিছুই হয় না।
আওয়ামী লীগ সভানেত্রী বলেন, বিরোধী দলীয় নেত্রী বলেন, আমি নাকি পালাবার পথ পাব না। আমিও তো উনাকে এ কথা বলতে পারি, তাহলে কী হবে? কিন্তু আমরা এ কথা বলতে চাই না। আমরা চাই শান্তি। বিরোধী দলীয় নেত্রীর প্রতি আমার প্রশ্ন, এখন পথ হারা কে হলেন। উনিই তো এখন পথ হারিয়ে একা একা পথ খুঁজে বেড়াচ্ছেন। আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে এমন অঙ্গীকার ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ জনগণের জন্য রাজনীতি করে। জনগণের প্রতি আমাদের আস্থা ও বিশ্বাস রয়েছে। জনগণ ভোট দিলে আছি, আর না দিলে নাই।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের তিক্ত অভিজ্ঞতার বর্ণনা করে প্রধানমন্ত্রী বলেন, উনি (খালেদা) তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছেন। একবার তত্ত্বাবধায়ক এসে উনার ছেলেদের দেশছাড়া করেছে। আবার তত্ত্বাবধায়ক এলে উনাকেও যেতে হয় কীনা কে জানে! একটা কথা মনে রাখতে হবে, যে চক্র সেদিন গণতন্ত্র হত্যার চক্রান্ত করেছিল, তারা হয়তো জনগণের আন্দোলনের কারণে নির্বাচন দিয়ে সরে যেতে বাধ্য হয়েছিল। কিন্তু তাদের চক্রান্ত ও ষড়যন্ত্র এখনো শেষ হয়ে যায়নি-এটা সবার মনে রাখতে হবে। তিনি বলেন, আমরা যখন গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যেতে চাই, তখন তারা (বিএনপি) দেশকে সংঘাত-সহিংসতার দিকে নিতে চায়। আমরা যখন সমঝোতার কথা বলি, নির্বাচনের কথা বলি, আলোচনার কথা বলি, তারা অগণতান্ত্রিক সরকারের কথা বলে।
হেফাজতে ইসলামের ৫ মে’র ভয়াবহ ঘটনার সঙ্গে বিরোধী দলীয় নেতাও দায়ী উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, উনি (খালেদা) যে উস্কানি ও হুকুম দিয়ে এটা করেছেন, এতে কোন সন্দেহ নেই। উনারাই টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন। আর এতে এতো কোরআন শরীফ পোড়ানোর ইতিহাস পৃথিবীর কোথাও নেই। আর বিএনপি নেত্রীকে জাতির কাছে জবাব দিতে হবে এত কোরআন শরীফ কীভাবে পোড়ালেন? হাজার হাজার গাছ কেটেছেন, দোকানপাট পুড়িয়েছেন, স্টেডিয়াম ধ্বংস করেছেন। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরো বলেন, হেফাজত ধর্মীয় সংগঠন হলেও কিছু রাজনৈতিক দলের ক্রীড়নক হয়ে তাদের এজেন্ডা বাস্তবায়নে শাপলা চত্বরে বসে পড়েছিল। এর আগের দিন বিরোধী দলীয় নেতা ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে তাদের উস্কে দিয়েছিলেন। ২০০ গরু জবাই করে খাওয়াবেন! এটাই হচ্ছে দুর্ভাগ্য। আবার এর সঙ্গে যুক্ত হয়েছিলেন একজন সাবেক রাষ্ট্রপতি যিনি দল গড়েও ব্যর্থ হয়েছেন। তারাও মনে করেছিলেন কী যেন হয়!
সংসদের আগামী বাজেট অধিবেশনে যোগ দিতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা একজন নারীকে সংসদের স্পিকার করে একটি নতুন ইতিহাস সৃষ্টি করেছি। প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা ও স্পীকার তিনজনই নারী। বিরোধী দলের সাম্প্রতিক নৈরাজ্য-তাণ্ডব প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দলীয় নেতা মানুষ হত্যা করছেন, গাড়িতে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারছেন এর কী বিচার হবে না? এগুলোরও তো বিচার হতে হবে। এতোগুলো মানুষের জীবন গেল! আর কোন্ মায়ের কোল আমরা খালি হতে দেবো না।
প্রধানমন্ত্রী একটি জাতীয় দৈনিকে নির্বাচনকালীন সরকার নিয়ে কথিত জনমত জরিপের ওপর প্রকাশিত রিপোর্ট প্রসঙ্গে বলেন, এই পত্রিকা লিখে দিলো ৯০ ভাগ মানুষ নাকি তত্ত্বাবধায়ক সরকার চায়! ওই পত্রিকার চরিত্র কে না জানে! গণজাগরণ মঞ্চ নিয়ে অসত্য ও নোংরা লেখা ছেপে পরে তারা ক্ষমা চেয়েছে। ১৬ কোটি মানুষের দেশে মাত্র ৩ হাজার লোকের মতামত নিয়েই তারা লিখে দিল! আওয়ামী লীগের ৪৮ ভাগ সমর্থকের মতামত কোথায় গেল? ৯০ ভাগ থেকে ৪৮ ভাগ বাদ দিলে কত থাকে? তাদের মতামত কই? তিনি বলেন, ওয়ান ইলেভেনের পর এই পত্রিকাটির ভূমিকা কী ছিল, সেটা মানুষ জানে। এরা মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চায়। আওয়ামী লীগ সভানেত্রী দলের এমপিদের উদ্দেশে বলেন, আগামী নির্বাচনে মনোনয়নের আগে বর্তমান এমপিদের কর্মকাণ্ড বিবেচনায় আনা হবে। তিনটি বিভাগের জরিপের তথ্য তার কাছে রয়েছে। বাকি চারটি বিভাগের তথ্যও আসার পথে। এগুলো তিনি নিজেই দেখছেন। আগামী নির্বাচনে জিততে দলকে শক্তিশালী ও সুসংগঠিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
এর আগে সভায় স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি আগামী নির্বাচনকে দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। দলের জেলা-উপজেলা নেতাদের উদ্দেশ্যে সৈয়দ আশরাফ বলেন, এই নির্বাচনে জয়লাভের কোন বিকল্প নেই। নির্বাচনে জিততে যা যা করার তাই করতে হবে। ঐক্যবদ্ধ ও সুসংগঠিত হতে হবে। কোন রকম কোন্দল থাকতে পারবে না। নেতায় নেতায় দ্বন্দ্ব ছুঁড়ে ফেলতে হবে। সাড়ে চার বছরের অর্জন ধরে রাখতে হবে। এক্ষেত্রে দ্রুততম সময়ের মধ্যে দলের সব জেলা সম্মেলন শেষ করাসহ জনগণের আস্থা ও বিশ্বাস ধরে রাখতে উদ্যোগী হওয়ার জন্যও তিনি দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
বর্ধিত সভার গুরুত্ব তুলে ধরে সৈয়দ আশরাফ বলেন, ওয়ান ইলেভেনের পর অনুষ্ঠিত আওয়ামী লীগের বর্ধিত সভার সিদ্ধান্তই পরবর্তী রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছিল। শেখ হাসিনার মুক্তি, নির্বাচন ও সেই নির্বাচনে আওয়ামী লীগের জয়ও এনে দিয়েছিল। আজকের বর্ধিত সভার সিদ্ধান্তও আগামী দিনে দেশের দৃশ্যপট পাল্টে দিতে পারে বলে তিনি জানান।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সব কর্মকর্তা ও সদস্য, উপদেষ্টা পরিষদের আমন্ত্রিত সদস্য, জাতীয় কমিটির সদস্য, সব সাংগঠনিক জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়করা যোগ দেন। সভার শুরুতে দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান শোক প্রস্তাব পাঠ করেন। পরে প্রধানমন্ত্রীর বক্তব্যের পর দলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি জেলা নেতারাও বক্তব্য রাখেন। সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিত, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, আব্দুল লতিফ সিদ্দিকী, মোহাম্মদ নাসিম, সতীশ চন্দ্র রায়, অ্যাডভোকেট সাহারা খাতুন, ওবায়দুল কাদের প্রমুখ। ২০১২ সালের ২৯ ডিসেম্বর জাতীয় কাউন্সিলের মাধ্যমে গঠিত আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এটিই প্রথম বর্ধিত সভা।
সূত্র জানায়, বর্ধিত সভায় আওয়ামী লীগের জেলা নেতৃবৃন্দ বলেন, বছরের পর বছর জেলা সম্মেলন না হওয়ায় সৃষ্ট দলের অভ্যন্তরীণ কোন্দল-দ্বন্দ্ব, মন্ত্রী-এমপিদের সঙ্গে মাঠের নেতাদের মধ্যে সৃষ্ট দূরত্ব এবং আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যা ধর্মীয় প্রপাগান্ডা এই তিনটি আগামী নির্বাচনে আওয়ামী লীগের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। নির্বাচনের আগেই জেলার নেতারা দ্রুত সম্মেলনের মাধ্যমে দল পুনর্গঠন, অভ্যন্তরীণ কোন্দল-দ্বন্দ্ব নিরসন করে ইস্পাত্ কঠিন ঐক্য গড়ে তোলা, মন্ত্রীদের অতিকথন বন্ধ, কেন্দ্রের সঙ্গে জেলার সমন্বয়হীনতা দূর এবং বিএনপি-জামায়াত ও হেফাজতকে কোন ক্ষেত্রেই ছাড় না দেয়ার দাবি জানিয়েছেন। কোনভাবেই অবৈধ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় আর ফিরে না যাওয়ার জন্য দলের সভানেত্রী শেখ হাসিনার প্রতি প্রায় সব জেলার নেতারা জোরালো দাবি জানান।
জবাবে তত্ত্বাবধায়ক সরকার নয়, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই যথাসময়ে আগামী নির্বাচন হবে এমন ইঙ্গিত দিয়ে প্রধানমন্ত্রী সর্বাত্মক নির্বাচনী প্রস্তুতি গ্রহণে নেতা-কর্মীদের নির্দেশ দিয়ে বলেন, নির্বাচনের আর বেশি সময় বাকি নেই। এখনি ঝাঁপিয়ে পড়তে হবে সবাইকে। কোন তদবিরে নয়, জরিপের মাধ্যমেই সংসদ সদস্য পদে দলীয় মনোনয়ন দেয়া হবে। একইসঙ্গে তিনি সিটি করপোরেশন নির্বাচনেও দলের প্রার্থীদের বিজয়ী করার কাজে জনগণের দ্বারে দ্বারে যাওয়ারও নির্দেশ দেন নেতাদের।
খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুন অর রশীদ বলেন, জেলার নেতাদের মধ্যে কেন্দ্রীয় নেতাদের সমন্বয়হীনতা দূর করতে হবে। মন্ত্রীদের অতিকথন বন্ধ করতে হবে। মন্ত্রীদের অতিকথনের কারণে এলাকার জনসাধারণের মধ্যে আমাদের বিপদে পড়তে হয়। গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আজমত উল্লাহ খান বলেন, আওয়ামী লীগের শত্রু আওয়ামী লীগ।
ঝিনাইদহ জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজুর রহমান আগামী নির্বাচনে মনোনয়নের ব্যাপারে মাঠের নেতাদের গুরুত্ব দেয়ার বিষয়ে অনুরোধ করে বলেন, রাজনীতিতে মাঠের নেতাদের ত্যাগ-তিতিক্ষা রয়েছে। সেই ত্যাগের মূল্যায়ন না হলে ক্ষোভের সৃষ্টি হয়। কুষ্টিয়া জেলার সাধারণ সম্পাদক আজগর আলী বলেন, এমপিদের সঙ্গে নেতাদের দূরত্বের কারণে কর্মীরা রাজনীতিবিমুখ হয়ে পড়েছে।
এসবের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সব সময় সব জায়গায় মাঠের নেতাদের মনোনয়ন দেয়া যায় না। নির্বাচন যখন আসে মনোনয়ন দেয়ার আগে বিজয় নিশ্চিত করতে অনেক যাচাই-বাছাই করতে হয়। কেউ একজন ফুল টাইম মাঠে আছে কিন্তু মনোনয়ন দিলে সে বিজয়ী হয়ে আসতে পারবে না; সুতরাং তাকে তো আর মনোনয়ন দেয়া যাবে না।
