বাংলাদেশ উপকূলের দিকে ধেয়ে আসছে ‘মহাসেন’

আপডেট : ১৫ মে ২০১৩, ২২:৪৪
দ্রুতই গতিপথ পরিবর্তন করেছে ঘূর্ণিঝড় ‘মহাসেন’। গতকাল বিকাল থেকেই মহাসেন-এর প্রভাবে সাগর উত্তাল। চট্টগাম, মংলা ও কক্সবাজার সমুদ্রবন্দরের সব কাজকর্ম বন্ধ করে দেয়া হয়েছে। ফেরি-লঞ্চ চলাচল এবং কক্সবাজার ও চট্টগ্রাম বিমান বন্দর বন্ধ করে দেয়া হয়েছে। চট্টগ্রাম বন্দরের জাহাজগুলোকে বহির্নোঙরে পাঠিয়ে দেয়া হয়। দুর্যোগের আশঙ্কায় উপকূলীয় এলাকা থেকে মানুষজনকে নিরাপদে সরিয়ে নেয়ার কাজ শুরু করেছে জেলা প্রশাসন। আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, উত্তর ও উত্তর-পূর্ব দিকে সরে গিয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তত্সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান নেয় মহাসেন। গতকাল সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭০০ কিঃ মিঃ দক্ষিণ-পশ্চিম, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬৪০ কিঃ মিঃ দক্ষিণ-পশ্চিম এবং মংলা সমুদ্রবন্দর থেকে ৫৭৫ কিঃ মিঃ দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল (১৭.৫0 উত্তর অক্ষাংশ এবং ৮৭.৭0 পূর্ব দ্রাঘিমাংশ)। ঘূর্ণিঝড় “মহাসেন” আরো ঘনীভূত হয়ে উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড়টি আজ সকাল নাগাদ পটুয়াখালী (খেপুপাড়া)-টেকনাফ উপকূলের মধ্য দিয়ে চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়ের বর্ধিতাংশের প্রভাবে গতরাত ১০টার পর থেকে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে দমকা অথবা ঝড়ো হাওয়া বইতে শুরু করে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিঃ মিঃ-এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিঃ মিঃ যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৯০ কিঃ মিঃ পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর খুবই উত্তাল রয়েছে। চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরসমূহকে ৭ নম্বর বিপদ সংকেত (পুনঃ) ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল জেলাসমূহ এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ৭ নম্বর বিপদ সংকেত (পুনঃ) ৭ নম্বর বিপদ সংকেতের আওতায় থাকবে। মংলা সমুদ্র বন্দরকে ৫ নম্বর বিপদ সংকেত (পুনঃ) ৫ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়। উপকূলীয় জেলা পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ৫ নম্বর বিপদ সংকেত (পুনঃ) ৫ নম্বর বিপদ সংকেতের আওতায় থাকবে। চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহে ৫-৭ ফুট অধিক উচ্চতার জোয়ার বইছে। ঘূর্ণিঝড় অতিক্রমকালে কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর জেলাসমূহ এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহে ভারী থেকে অতি ভারী বর্ষণসহ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিঃ মিঃ বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা জেলাসমূহ এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহে ভারী থেকে অতি ভারী বর্ষণসহ ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিঃ মিঃ বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। অতি ভারী বর্ষণের প্রভাবে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমি ধসের আশংকা রয়েছে। এদিকে উপকূলীয় জেলার বেসামরিক প্রশাসনের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), নৌ-বাহিনী, ফায়ার সার্ভিসসহ ৫০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। ২৭টি নৌ-জাহাজ উদ্ধার কিংবা খাবার পৌঁছানোর কাজে প্রস্তুত রাখা হয়েছে। শুকনো খাবার, দিয়াশলাই, স্যালাইন, পানীয়জলও মজুদ রাখা হয়েছে। উপকূলীয় ১৩ জেলার ৩৭টি উপজেলার ৩২২টি ইউনিয়ন পরিষদ মহাসেন-এর সম্ভাব্য আঘাতের লক্ষ্যস্থলের মধ্যে রয়েছে। এসব এলাকার মানুষকে নিরাপদ আশ্রয় দিতে ৩ হাজার ৭৭০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ইউনিয়নে একটি, উপজেলায় দুইটি এবং জেলায় ৫টি করে মেডিক্যাল টিম করা হয়েছে। উপকূলীয় প্রতিটি জেলায় অতিরিক্ত তিন লাখ টাকা ও ১০০ মেট্রিক টন করে চাল বরাদ্দ দেয়া হয়েছে। ১৩ জেলার প্রশাসন সকল কর্মকর্তার ছুটি বাতিল করেছে। প্রতিটি উপজেলা ও জেলা সদর এবং কেন্দ্রে নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে। বিভিন্ন বিদ্যালয়ও আশ্রয় কেন্দ্র হিসাবে প্রস্তুত করা হয়েছে।