নওগাঁর আত্রাই উপজেলার নৈদীঘি গ্রামে চাঞ্চল্যকর ছয় খুনের মামলায় ৪৬ জন ‘চরমপন্থী’কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে রাজশাহী বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল। এছাড়াও প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। ট্রাইব্যুনালের বিচারক একরামুল হক চৌধুরী গতকাল বুধবার এ রায় ঘোষণা করেন। এ সময় ২৮ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন। এছাড়াও দণ্ডপ্রাপ্ত বাকি ১৮ জন আসামি এখনো পলাতক রয়েছেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর ১৬ জন বেকসুর খালাস পেয়েছেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৩ সালের ২৪ এপ্রিল রাতে আত্রাই উপজেলার নৈদীঘি গ্রামের সাদিয়ার রহমানের ছেলে জাহাঙ্গীর হোসেনকে (২৮) পাশের বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল লাল পতাকা) ক্যাডারসহ প্রায় ১০০-১৫০ জন লোক দেশীয় অস্ত্র সাথে নিয়ে জানালা ভেঙ্গে ঘরে ডুকে নৃশংসভাবে গলা কেটে খুন করে। একই সময় গ্রামের সমজান আলী শাহর দুই ছেলে শুকবর মেম্বার ও আব্দুল জব্বার, মৃত রহিমুদ্দিনের ছেলে শাহাজাহান এবং মৃত জহর আলীর দুই ছেলে মোজাম্মেল হক ও বিদ্যুেক গলা কেটে খুন করা হয়। বিরোধপূর্ণ জমি দখল ও নৈদীঘিতে মাছ চাষ নিয়ে বিরোধের জের ধরে চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ড ঘটে।
এ ঘটনার পরদিন ২৫ এপ্রিল নিহত জাহাঙ্গীরের বাবা সাদিয়ার রহমান ১০০-১৫০ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে আত্রাই থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা ২০০৪ সালের ৯ সেপ্টেম্বর ৭১ জন আসামির বিরুদ্ধে নওগাঁর আদালতে চার্জশিট দাখিল করেন। এর মধ্যে মামলার চার্জশিটভুক্ত ৯ জন আসামি বিভিন্ন সময়ে র্যাব ও পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। গুরুত্ব বিবেচনা করে মামলাটি গত ১৯ মার্চ রাজশাহী বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসলে ৬২ আসামির বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু হয়। মোট ২৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও গত ৬ মে যুক্তি-তর্ক শেষে রায়ের দিন ধার্য করা হয়। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন বিশেষ পিপি অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট হামিদুল হক। আসামিপক্ষে আইনজীবী ছিলেন আবু বাক্কার ও সুশান্ত সরকার।
