বিদ্যুত্ বিভাগ সজাগ

আপডেট : ১৫ মে ২০১৩, ২২:৪৫
মহাসেন মোকাবেলার প্রস্তুতি হিসাবে বিদ্যুত্ বিভাগে বিশেষ সতর্ক ব্যবস্থা নেয়া হয়েছে। ঘূর্ণিঝড়ে একসাথে বেশি চাহিদা কমে গেলে অন্যদিকে উত্পাদন না কমালে জাতীয় গ্রিডে বিপর্যয় দেখা দিতে পারে। এজন্য ঝড় শেষ হওয়ার আগ পর্যন্ত বিদ্যুত্ বিভাগের সকলকে বিশেষ সতর্কতায় রাখা হয়েছে। বিদ্যুত্ বিভাগ থেকে গতকাল বুধবার ঘূর্ণিঝড় ‘মহাসেন’ মোকাবিলায় সবধরনের প্রস্তুতি রাখার নির্দেশ দিয়ে বিদ্যুত্ সংশ্লিষ্ট প্রত্যেক সংস্থাকে চিঠি দেয়া হয়েছে। বিদ্যুত্ বিভাগসূত্র জানায়, দুর্যোগ মোকাবেলায় সরকারি নির্দেশনা অনুযায়ী উপকূলীয় এলাকার বিদ্যুত্ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। তাদেরকে সার্বক্ষণিক সংশ্লিষ্ট স্থানে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে যেন যেকোন প্রয়োজনে দ্রুত সমস্যার মোকাবেলা করা যায়। পাশাপাশি দুর্যোগকালীন সময়ে রক্ষণাবেক্ষণ বা মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি সংরক্ষণ করতে বলা হয়েছে। দুর্যোগ মোকাবেলায় গঠিত নিয়ন্ত্রণ কক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখারও নির্দেশ দেয়া আছে। এদিকে রাজধানীতে জাতীয় লোড ডিসপাস সেন্টারে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এখান থেকেই সারাদেশের বিদ্যুত্ উত্পাদন কেন্দ্রগুলো নিয়ন্ত্রিত হয়। এখান থেকে যে কেন্দ্রে যত পরিমাণ বিদ্যুত্ উত্পাদন করতে বলা হয় তখন তারা সেই পরিমাণ বিদ্যুত্ উত্পাদন করে। বাংলাদেশ বিদ্যুত্ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) জানায়, ঝড়ের গতিবেগ বাড়ার ওপর নির্ভর করে বিদ্যুতের উত্পাদন কমিয়ে আনা বা বিদ্যুত্ সরবরাহ বন্ধ করার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। উল্লেখ্য, সিডরের সময় বিদ্যুত্ ব্যবস্থা নিয়ন্ত্রণে যথাযথ কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি। সেই ঝড়ের দিন রাতে চাহিদার চেয়ে বিদ্যুত্ উত্পাদন বেশি হচ্ছিল। এজন্য জাতীয় গ্রিড বিকল হয়ে পড়ায় সারাদেশ বিদ্যুিবহীন হয়ে যায়। ওই সময় দেশের বিভিন্ন জায়গায় প্রায় তিনদিন বিদ্যুত্ ছিল না।