খবর পাশ্চাত্যের মতো তথ্যভিত্তিক হলে দর্শক আরো টিভিমুখী হবে

আপডেট : ১৫ মে ২০১৩, ২২:৪৫
যেকোনো প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা, এর সম্ভাব্য ক্ষয়ক্ষতি এবং উদ্ভুত পরিস্থিতিতে করণীয় কি তা জানার জন্য আধুনিক প্রযুক্তির যুগে জনগণের মূল ভরসা টিভি সেট। ইউরোপ-আমেরিকার মতো উন্নত দেশে এমন পরিস্থিতিতে লোকজন হুমড়ি খেয়ে পড়ে টিভি সেটের সামনে। কারণ, এসব ব্যাপারে টেলিভিশন চ্যানেলগুলো তাদেরকে সঠিক দিক নির্দেশনা দিয়ে থাকে। বিবিসি, সিএনএন’র মতো অসংখ্য টেলিভিশন চ্যানেল বিশেষজ্ঞদের দিয়ে জনগণকে করণীয় সম্পর্কে সচেতন করার কাজটি করে থাকে। কিন্তু পাশ্চাত্যের মতো বাংলাদেশের মানুষকে এসব পরিস্থিতিতে বস্তুনিষ্ঠ তথ্যের জন্য এখনো টিভি চ্যানেলমুখী করা যায়নি। আমাদের দেশে টেলিভিশন চ্যানেলগুলো বিশেষজ্ঞদের কাছ থেকে তথ্যের চেয়ে রিপোর্টারদের সংবাদকেই বেশী গুরুত্ব দিচ্ছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, তথ্য প্রযুক্তির এই যুগে বাংলাদেশের বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেল ঘটনার সঙ্গে সঙ্গে সরাসরি সম্প্রচার করে থাকে। অনেক চ্যানেল অবশ্য প্রযুক্তিগত অসুবিধার কথা বলেছে। কিন্তু অনেকে বলছেন, বিশেষজ্ঞদের নিয়ে করণীয় সম্পর্কে দিক নির্দেশনা দিতে প্রযুক্তিগত সীমাবদ্ধতা বাধা হবার কথা নয়। এক্ষেত্রে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো, আবহাওয়া অফিস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শুধু দুর্যোগের সময়ই নয়, সারা বছরই এ ব্যাপারে সচেতনতার কাজটি তারা করতে পারে। বিশেষজ্ঞরা বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ থেকে আত্মরক্ষা করতে প্রাথমিকভাবে যে ব্যবস্থা নেয়া প্রয়োজন সে ব্যাপারেই সবচেয়ে বেশী গুরুত্ব দেয়া উচিত। কিন্তু দেশের টেলিভিশন চ্যানেলগুলো ‘মহাসেন’ কখন আঘাত হানবে, কি পরিমাণ ক্ষতি করতে পারে সে সব ব্যাপারে আনুমাণিত তথ্য দেয়াকে বেশি গুরুত্ব দিচ্ছে। সম্ভাব্য দুর্যোগ কবলিত এলাকার সাধারণ মানুষদের কি করতে হবে, সে তথ্য খুব বেশী প্রচার করা হচ্ছে না। এক্ষেত্রে সংশ্লিষ্টদের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ থেকে আত্মরক্ষার জন্য সাধারণ মানুষকে ঘরের জিনিসপত্র অপেক্ষাকৃত উঁচু জায়গায় রেখে সাইক্লোন শেল্টারে আশ্রয় নিতে হবে। সঙ্গে রাখতে হবে বিশেষ করে শুকনো খাবার, পানি, টর্চ লাইট, ফাষ্টএইড বক্স, খাবার স্যালাইন ইত্যাদি।