রবিবারের হরতাল প্রত্যাহার করলো ১৮ দল

আপডেট : ১৫ মে ২০১৩, ২২:৪৫
সাগর উপকূলবর্তী এলাকায় ’মহাসেন’-এর আঘাত হানার আশংকার কারণে আগামী রবিবারের হরতাল প্রত্যাহার করেছে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে জরুরী সাংবাদিক সম্মেলনে দলের মুখপাত্র শামসুজ্জামান দুদু হরতাল প্রত্যাহারের কথা জানান। তিনি বলেন,উপকূলবর্তী মানুষের কথা বিবেচনায় এনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে আমরা দলের পক্ষ থেকে হরতাল প্রত্যাহার করে নিচ্ছি। হরতালের ঘোষণার কারণে দলের যুগ্ম-মহাসচিব বরকতউল্লাহ বুলুকে গ্রেফতার করা হয়েছে এমন অভিযোগ করে দুদু বলেন, যে কারণে তাকে গ্রেফতার করা হয়েছে, আমরা হরতাল প্রত্যাহার করেছি, বুলুসহ সকল নেতাকর্মীদের মুক্তি দিন। তিনি জানান, ঢাকাসহ উপকূলবর্তী এলাকার সকল নেতা-কর্মীদের দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন খালেদা জিয়া। সাংবাদিক সম্মেলনে বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, অর্থ-বিষয়ক সম্পাদক আবুদস সালাম, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ তালুকদার, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরীন সুলতানা, নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে সকালে রাজধানীতে ১৮ দলীয় জোটের সমাবেশ করতে না দেয়ায় আগামী রবিবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল আহবান করা হয়। এই লক্ষ্যে নয়াপল্টনে দলের কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেন, নয়াপল্টনে প্রতিবাদ সমাবেশ করার জন্য আমরা অনুমতি চেয়েছিলাম। একবার ১৪৪ ধারা জারির মতো অবস্থা করেছে, এবার নিরাপত্তার কারণ দেখিয়ে অনুমতি দেয়া হচ্ছে না। শামসুজ্জামান দুদু সরকারের কাছে প্রশ্ন রাখেন, নিরাপত্তা কার? গণতন্ত্রের, দেশের না সরকারের? তিনি বলেন, সরকারের লুটপাট, দুর্নীতির কথা যারা তুলে ধরে তাদের কণ্ঠ রোধ করা যদি নিরাপত্তা হয়, তাহলে সেই নিরাপত্তা আমাদের কাম্য নয়। তিনি বলেন, প্রধানমন্ত্রী পদত্যাগ করলে আমাদের সভা-সমাবেশ-হরতাল কিছুই দরকার হবে না।