আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধ বিষয়ক দূত স্টিফেন জে. র্যাপ এ পর্যন্ত ঘোষিত মানবতাবিরোধী অপরাধের মামলার চারটি রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। গতকাল বুধবার সচিবালয়স্থ কার্যালয়ে র্যাপের সঙ্গে বৈঠক শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা উপস্থিত ছিলেন।
আইনমন্ত্রী বলেন, স্টিফেন জে. র্যাপ আইনের বিধি সম্পর্কে ইতিপূর্বে কিছু সুপারিশ রেখেছিলেন। আমরা সেগুলো বাস্তবায়ন করেছি। আমাদের দেশের মানবতাবিরোধী অপরাধের বিচারের স্বচ্ছতা, গ্রহণযোগ্যতা ও মান সম্পর্কে র্যাপের ধারণা ভাল। এ পর্যন্ত ট্রাইব্যুনাল ঘোষিত চারটি রায়ে র্যাপ সন্তোষ প্রকাশ করেছেন। বিচারকে বিতর্কিত করার মত কোন উপাদান নেই বলে তিনি উল্লেখ করেছেন। ব্যারিস্টার শফিক বলেন, আসামীপক্ষ থেকে ট্রাইব্যুনালে সহস্রাধিক সাক্ষীর তালিকা প্রদান করার বিষয়ে র্যাপ বিস্ময় প্রকাশ করে বলেছেন, এতে বিচার বিলম্বিত হয় এবং ক্ষতিগ্রস্তরা সুবিচারবঞ্চিত হয়। আইনমন্ত্রী বলেন, ‘বৈঠকে র্যাপ মৃত্যুদণ্ডের বিষয়ে আমাদের অবস্থান জানতে চেয়েছেন। আমি বলেছি, দার্শনিক বার্ট্রান্ড রাসেল এক সময় মৃত্যুদণ্ডের বিপক্ষে ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতার পর তিনি বলেছিলেন, যেসব ব্যক্তি বা ব্যক্তিবর্গ পরিকল্পিতভাবে শ’য়ে শ’য়ে মানুষ হত্যা করেছে তাদেরকে মৃত্যুদণ্ড ছাড়া অন্য দণ্ড দেয়া যায় না। মুক্তিযুদ্ধকালে আমাদের দেশেও এ ধরনের জঘন্যতম অপরাধ সংঘটিত হয়েছে। কাজেই, এ ধরনের অপরাধে জড়িতদের জন্য মৃত্যুদণ্ডের বিধান রাখতে কোন বাধা নেই।’ বিচারের স্বচ্ছতা, নিরপেক্ষতা ও মান নিয়ে প্রশ্ন তোলার কোন সুযোগ নেই বলেও মন্ত্রী দাবি করেন।
