মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার বিচার কার্যক্রম প্রত্যক্ষ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধ বিষয়ক বিশেষ দূত স্টিফেন জে. র্যাপ। গতকাল বুধবার বেলা ১২ টা ১০ মিনিট থেকে প্রায় আধা ঘন্টা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তিনি এ বিচারকাজ প্রত্যক্ষ করেন। এ সময় আপিল বিভাগে কাদের মোল্লার যাবজ্জীবন রায়ের বিরুদ্ধে সরকার পক্ষের করা আপিলের শুনানি চলছিলো। কাদের মোল্লার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। শুনানিতে বিশ্বের বিভিন্ন দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় উপস্থাপন করে ব্যারিস্টার রাজ্জাক বলেন, বাংলাদেশের আইনে ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ শব্দযুগল ব্যবহার করা হয়েছে। কোন সাধারণ হত্যাকাণ্ড এর মধ্যে অন্তর্ভুক্ত হবে না। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হয়। বিচারকাজ প্রত্যক্ষ শেষে ১২টা ৩৮ মিনিটের দিকে তিনি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে যান। এ সময় তার সঙ্গে ছিলেন অতিরিক্ত এটর্নি জেনারেল অ্যাডভোকেট এম কে রহমান।
