ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধ বিষয়ক বিশেষ দূত স্টিফেন জে র্যাপ বলেছেন, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের বিরুদ্ধে রায় ঘোষণার পর সৃষ্ট সহিংসতার ঘটনায় আমরা উদ্বিগ্ন। এটি একটি বিচারিক প্রক্রিয়া। রায়ে অখুশি হয়ে সহিংস প্রতিক্রিয়া দেখানো ঠিক না। গতকাল বুধবার যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ ও ট্রাইব্যুনাল-২ এ বিচারিক কাজ প্রত্যক্ষ করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। এ সময় ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের প্রধান সমন্বয়কারী অতিরিক্ত এটর্নি জেনারেল এডভোকেট এম কে রহমান উপস্থিত ছিলেন।
র্যাপ বলেন, দুটি ট্রাইব্যুনাল ও আপিল বিভাগে বিচারিক কাজ প্রত্যক্ষ করেছি। এটি খুবই ভালো অভিজ্ঞতা। তিনি বলেন, ১৯৭১ সালে যারা নৃশংস অপরাধ করেছে যুক্তরাষ্ট্র তাদের বিচারকে সমর্থন করে। নির্যাতিত ন্যায়বিচার পাবেন এটা আশা করি। তবে এটা যেন সুষ্ঠু হয়। তিনি বলেন, ৪০ বছর পর এ বিচার হচ্ছে। এখানে অনেক সময় আবেগ কাজ করে। তবে বিচারকদের আবেগের ঊর্ধ্বে উঠে আইন ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচার করা উচিত। তিনি বলেন, কয়েকটি রায়ের মানের কথা আসামিপক্ষ আমাকে জানিয়েছে। আমি মনে করি, এসব বিষয় আপিল বিভাগে তুলে ধরা উচিত। বিচার প্রক্রিয়া শেষ হয়ে যায়নি। এখনো সকল পক্ষের সঠিক রায় পাওয়ার সুযোগ রয়েছে। তবে বিচারিক বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। তিনি আরো বলেন, ২০১১ সালে বাংলাদেশ সফরকালে আমি বলেছিলাম আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩ অনুসারে একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে আইনটিতে কিছু সংস্কারের প্রয়োজন রয়েছে। আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতি রাখতে হলে এ পরিবর্তন জরুরি ছিলো।
আপিল বিভাগে কাদের মোল্লার বিচার কাজও প্রত্যক্ষ করেন র্যাপ
ট্রাইব্যুনালে যাওয়ার আগে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার বিচার কার্যক্রম প্রত্যক্ষ করেন র্যাপ। প্রায় আধা ঘণ্টা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তিনি এ বিচার কাজ প্রত্যক্ষ করেন। এ সময় আপিল বিভাগে কাদের মোল্লার যাবজ্জীবন রায়ের বিরুদ্ধে সরকার পক্ষের করা আপিলের শুনানি চলছিলো। কাদের মোল্লার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। শুনানিতে বিশ্বের বিভিন্ন দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় উপস্থাপন করে ব্যারিস্টার রাজ্জাক বলেন, বাংলাদেশের আইনে ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ শব্দযুগল ব্যবহার করা হয়েছে। কোন সাধারণ হত্যাকাণ্ড এর মধ্যে অন্তর্ভুক্ত হবে না। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হয়। বিচার কাজ প্রত্যক্ষ শেষে পৌনে ১ টার দিকে তিনি ট্রাইব্যুনালে যান।
