যমুনা ইউরিয়ার বিপুল পরিমাণ সার খোলা আকাশের নিচে

আপডেট : ১৫ মে ২০১৩, ২২:৪৭
জামালপুরে দেশের সর্ববৃহত্ ইউরিয়া সার উত্পানকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানায় বিপুল পরিমাণ সার খোলা আকাশের নিচে রয়েছে। জামালপুর, শেরপুর, টাঙ্গাইল এবং উত্তরবঙ্গের ১৬টি জেলায় যমুনা ইউরিয়া সার সরবরাহ করা হয়ে থাকে। বর্তমানে সারের চাহিদা খুবই কম থাকায় প্রতিদিন উত্পাদিত সার গুদামের জায়গা না থাকার কারণে বেশিরভাগ সার খোলাকাশের নীচে মজুদ করা হচ্ছে। কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বর্তমানে ৭৭ হাজার টন সার মজুদ রয়েছে। গ্যাসের চাপ কম থাকায় দৈনিক উত্পাদন হচ্ছে ১৭শ’ টনের স্থলে ১৩শ’ থেকে সাড়ে ১৩ টন। কারখানার গুদামে জায়গার অভাবে বর্তমানে প্রায় ৪০ হাজার টন সার খোলা আকাশের নিচে রাখা হয়েছে। যে কোন সময় প্রাকৃতিক দুর্যোগ অধিক বৃষ্টিপাত হলে সার ক্ষতিগ্রস্তের সম্ভাবনা রয়েছে। কারখানার মহাব্যবস্থাপক খায়রুল আনাম জানান দেশের সকল সার কারখানায় গ্যাস সংকটে সরবরাহ বন্ধ থাকায় কারখানাগুলোর উত্পাদন বন্ধ রয়েছে। বর্তমানে যমুনা সার কারখানায় বস্তাবন্দি ৬০ হাজার ২শ’ ৪৮ টন এবং বাল্ক গোডাউনে লাম সার রয়েছে আরো রয়েছে ১৬ হাজার ৬শ’ ৫৪ টন। তিনি বলেন, রোদ-বৃষ্টিতে যাতে সার নষ্ট না হয় সে জন্য সারগুলো ত্রিপল দিয়ে ভাল করে ঢেকে রাখা হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিবেশ-পরিস্থিতি মোকাবেলার জন্য মজুদ রাখা হয়েছে আরো অতিরিক্ত ত্রিপল। সংশ্লিষ্ট বিশ্বস্ত সূত্রে জানা যায়, প্রশাসন জিএম-এর অদক্ষতা, ট্রাক সরবরাহ ও ব্যাগিং শাখার শ্রমিকদের উপস্থিতি না থাকায় ব্যাগিং শাখার সকল কাজকর্ম বর্তমানে বন্ধ রয়েছে। এছাড়া তারাকান্দি ট্রাক ও ট্যাঙ্কলড়ি মালিক সমিতি এবং কারখানার ব্যাগিং শাখার ঠিকাদারের মধ্যে রয়েছে নানা জটিলা, এসব জটিলতার কারণে অনেকাংশে দায়ী। বিগত ফেব্রুয়ারি মাসে কর্তৃপক্ষ বাল্ক গোডাউনের ৪-৫ বছরের জমানো জমাট বাঁধা সার উত্তরবঙ্গের ১৬ জেলায় ডিলারদের মাঝে সরবরাহ করা হয়। এ ব্যাপারে বিভিন্ন পত্রিকায় এ সারগুলো নষ্ট বলে সংবাদ প্রকাশ পায়। এরপর থেকে অধিকাংশ ডিলাররা যমুনা সার উত্তোলন বন্ধ রেখেছেন। তারাকান্দি ট্রান্সপোট এজেন্সি মালিক সমিতির সাধারণ সম্পাদক বিশিষ্ট গবেষক সরকার আবুল হোসেন জানান, কৃষকদের মাঝে সারের চাহিদা না থাকায় ডিলাররা সার উত্তোলনে গড়িমসি করছে। তবে সামনের মিনিপিক সিজনে এ সমস্যা থাকবে না। তিনি আরো বলেন, গত ফেব্রুয়ারি মাসে কারখানা কর্তৃপক্ষ বাল্ক গোডাউনের জমাট বাঁধা কিছু লাম সার ডিলারদের মাঝে সরবরাহ করেছিল এ সারগুলো নষ্ট সেটা সত্য নয়। প্রকৃতপক্ষে লাম সার গুণগত মান দানাদার/গুটি ইউরিয়া সারের মত। যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইখলাছ উদ্দীন জানান, অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন এই কারখানায় বিপুল পরিমাণ সার মজুদ রয়েছে। সার নিয়ে কৃষক ও ডিলারদের চিন্তিত হবার কোন কারণ নেই। খোলা আকাশের নিচে রাখা সারগুলো ত্রিপল দিয়ে ঢেকে রাখার পাশাপাশি নিয়মিত দেখভালও করা হচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সামনের মিনিপিক সিজনে সার নিয়ে সকল সমস্যা আমরা কাটিয়ে উঠতে সক্ষম হবো। তিনি আরো জানান, উত্পাদিত সার এখন থেকে বস্তাবন্দির পাশাপাশি বাল্ক গোডাউনেও মজুদ রাখা হচ্ছে।