আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে আসাদুজ্জামান বাবুল ও দত্তপাড়া ইউনিয়নের চেয়ারম্যান নূর হোসেন শামীম বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধে ইউপি চেয়ারম্যান নূর হোসেন শামীমসহ ৩ জন নিহত ও সোহরাব নামের এক শিশুসহ উভয়পক্ষের অন্তত ১৫জন গুলিবিদ্ধ হয়েছে। গতকাল বুধবার দুপুরে সদর উপজেলার গোপিয়ারখীল গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন দত্তপাড়া ইউপি চেয়ারম্যান নূর হোসেন শামীম (৩৫), দেলোয়ার (২৮) ও মোসলেহ উদ্দিন (৩০)।
গুলিবিদ্ধ লোকমান হোসেন, মিলন, শাহজাহান, রাবিউল, শহিদ, সুমন, আজাদ হোসেন শান্ত, কামাল হোসেন ও জামাল হোসেনকে আশংকাজনক অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য গুলিবিদ্ধদের বিভিন্ন ক্লিনিকে গোপনে চিকিত্সা দেয়া হচ্ছে। অপরদিকে, সিএনজিযোগে দিঘলী যাওয়ার পথে স্থানীয় সন্ত্রাসী লাদেন মাসুমসহ ৫ জনকে ৩টি একনলা বন্দুকসহ গ্রেফতার করেছে পুলিশ। অপরদিকে ঘটনাস্থল থেকে আহতাবস্থায় অপর গুলিবিদ্ধ ৫জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, দুপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সদর উপজেলার গোপিয়ারখীল ও জামিরতলী গ্রামে শামীম বাহিনী ও বাবুল বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাবুল বাহিনীর সন্ত্রাসীরা পালিয়ে যেতে সক্ষম হয়। অপরদিকে শামিম বাহিনীর প্রধান শামীম ও তার সহযোগী দেলোয়ারকে জামিরতলী গ্রামের নূর খাঁ বাড়িতে স্থানীয় জনতা গুলিবিদ্ধ অবস্থায় আটক করে গণপিটুনি দিলে তারা দুইজনই ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলতাফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
