বরিশালে ছাত্রদল নেত্রীকে গ্রেফতারের ৭ দিন পর আদালতে পাঠালো পুলিশ

আপডেট : ১৫ মে ২০১৩, ২২:৪৮
মহানগর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আফরোজা খানম নাসরিনকে গ্রেফতারের ৭ দিন পর আদালতের নির্দেশে গতকাল বুধবার কোতয়ালি পুলিশ আদালতে হাজির করেছে। ৯ মে হরতাল চলাকালে আফরোজা খানম নাসরিনকে নগরীর চৌমাথা এলাকা থেকে গ্রেফতার করা হয়। নাসরিন অভিযোগ করেন, কোতয়ালি মডেল থানার ওসি সাখাওয়াত হোসেন ও এসআই মহিউদ্দিন তাকে সেখানে বেধড়ক মারধর করেন। এরপর তারা ভাড়াটিয়া ৩ মাস্তান এনে তার উপর অকথ্য নির্যাতন চালায়। এক পর্যায়ে নাসরিন জ্ঞান হারিয়ে ফেললে তার স্বামী ছাত্রদলের কেন্দ্রীয় নেতা সাইফুল ইসলামকে খবর দিয়ে ঘটনাস্থলে আনা হয়। সেখান থেকে নাসরিনকে পুলিশ শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে গ্রেফতার দেখানো হয়। চিকিত্সার খরচসহ সবকিছু চাপিয়ে দেয়া হয় ছাত্রদল নেতার উপর। নির্যাতনের তথ্য তুলে ধরে নাসরিনকে আদালতে সোপর্দ করার দাবি জানিয়ে মহানগর ছাত্রদলের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে জানানো হয়, পুলিশি নির্যাতনে গুরুতর অসুস্থ নাসরিনকে মুক্ত করার জন্য তারা জামিনের প্রার্থনার সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছেন; কিন্তু তাতেও পুলিশ নাসরিনকে আদালতে সোপর্দ করেনি। গত মঙ্গলবার বিএনপি দলীয় আইনজীবীরা অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে নাসরিনকে হাজির করার আবেদন জানান। ঐ আবেদনে বলা হয়, ছাত্রদল নেত্রী নাসরিনকে গ্রেফতার করার ২৪ ঘণ্টার মধ্যে আদালতে সোপর্দ না করে কোতয়ালি পুলিশ বে-আইনী ভাবে আটক রেখেছে। অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২৪ ঘণ্টার মধ্যে নাসরিনকে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করার নির্দেশ দেন। নির্দেশ পাওয়ার পর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মহিউদ্দিন অ্যাম্বুলেন্সযোগে নাসরিনকে হাসপাতাল থেকে নিয়ে আসেন। চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাসরিনকে কারাগারে প্রেরণ করে উন্নত চিকিত্সা নিশ্চিত করার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে।