বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট বিক্রি করে প্রায় আড়াই কোটি টাকা আত্মসাতের ঘটনা ৮ বছরেও সুরাহা হয়নি। ঘটনার সাথে জড়িত ট্রাভেল এজেন্ট ব্যবসা গুটিয়ে নিয়েছেন। আর বিমানের যেসব কর্মকর্তা এ ঘটনায় সহায়তা করেছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ তো দূরের কথা, বরং তাদের কেউ কেউ ইতিমধ্যে পদোন্নতি পেয়ে বহাল তবিয়তে চাকরি করছেন।
মেসার্স গ্রীন ল্যান্ড ট্রাভেলস নামে একটি প্রতিষ্ঠানকে বিমানের সেলস এজেন্ট নিযুক্ত করা হয়। প্রতিষ্ঠানটি ২০০৬ সালে বিমানের মতিঝিলে ঢাকা জেলা সেলস অফিসের সহায়তায় বে-আইনিভাবে ব্যাংক গ্যারান্টির অতিরিক্ত প্রায় আড়াই কোটি টাকার টিকিট বিক্রি করে। টিকিট বিক্রয়লব্ধ এই টাকা বিমানকে পরিশোধ করা হয়নি। বিষয়টি অডিটে ধরা পড়ে। বিমানের একজন কর্মকর্তা এই অর্থ আত্মসাতে জড়িত, এমন অভিযোগ উত্থাপিত হওয়ার পরও তার বিরুদ্ধে কোনো বিভাগীয় কার্যক্রম গ্রহণ না করে কর্তৃপক্ষ ‘প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য’ বিষয়টি দুর্নীতি দমন কমিশনের কাছে পাঠায়। এ ঘটনা জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি পর্যন্ত গড়ায়। প্রায় আড়াই বছর আগে স্থায়ী কমিটির বৈঠকে আত্মসাত্কৃত সমুদয় অর্থ আদায়ের পাশাপাশি জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিমান কর্তৃপক্ষ কি ব্যবস্থা গ্রহণ করেছে তা জানতে চাওয়া হয়। সভার সভাপতি খান টিপু সুলতান এমপি ওই অর্থ ৩০ দিনের মধ্যে আদায় করে সরকারি কোষাগারে জমা দেয়ার জন্য বিমানের ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশ দেন। এই নির্দেশেরও তোয়াক্কা করেনি বিমান কর্তৃপক্ষ। অর্থ আত্মসাতের ঘটনার সময় বিমানের মহাব্যবস্থাপক পদমর্যাদার যে কর্মকর্তা মতিঝিল জেলা সেলস অফিসের দায়িত্বে ছিলেন তাকে বিগত জোট সরকারের আমলে পদোন্নতি দিয়ে পরিচালক করা হয়। পরে প্রায় ১ বছর তিনি বিমানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বও পালন করেন।
বিমানের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, বিষয়টি নিয়ে দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে; কিন্তু বছরের পর বছর পার হলেও তদন্ত শেষ হচ্ছে না। ফলে ঘটনার সাথে জড়িতরা পার পেয়ে যাচ্ছেন।
