বরিশালে বিএনপির তিন মেয়র প্রার্থীই অনড়

আপডেট : ১৫ মে ২০১৩, ২২:৪৯
আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসলেও তিন প্রার্থীকে নিয়ে বিপাকে বিএনপি। দফায় দফায় বৈঠক করেও কোন সিদ্ধান্তে পৌঁছতে পারেনি দলের শীর্ষ নেতারা। এ সুযোগে সদ্য বিদায়ী মেয়র শওকত হোসেন হিরণ একাই ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছেন। অপর চার মেয়র প্রার্থীর মধ্যে শুধুমাত্র যুবলীগ নেতা মাহমুদুল হক খান মামুন মাঠে নেমেছেন। বাকি তিন প্রার্থীর মধ্যে জেলা বিএনপির সভাপতি আহসান হাবিব কামাল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট কামরুল আহসান শাহীন ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবায়দুল হক চানকে নিয়ে দফায় দফায় বৈঠক করেছেন সাবেক মেয়র ও বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান সরোয়ার। বৈঠকের ফলাফল নিয়ে গতকাল বিকালে সর্বশেষ তথ্য জানতে চাইলে মজিবর রহমান সরোয়ার ইত্তেফাককে জানান, সাংগঠনিক বিবেচনায় মহানগরের নেতা-কর্মীরা এডভোকেট কামরুল আহসান শাহীনের পক্ষ নিয়েছে। কিন্তু ভোটের বিবেচনায় অপর দুই প্রার্থী ছাড় দিতে রাজি হননি। তিনজনের যোগ্যতা ও জনপ্রিয়তার ব্যাপারে প্রশ্ন করা হলে মজিবর রহমান সরোয়ার হতাশ কণ্ঠে বলেন, চট্টগ্রামে মহিউদ্দিন সাহেব শক্তিশালী প্রার্থী ছিলেন। সেখানে আমীর খসরু মাহমুদ চৌধুরী বা মীর নাসির নির্বাচনে অংশ না নিয়েও আওয়ামী লীগের শক্তিশালী প্রার্থীকে পরাজিত করতে দুর্বল প্রার্থীকেই বেছে নিয়েছিল। বরিশালে হিরণ সাহেব যত শক্তিশালী প্রার্থী হোক না কেন একক সিদ্ধান্ত নিয়ে মোকাবিলা করতে পারলে বিএনপির ঘাঁটি বরিশালে মেয়র পদে বিজয় কোন কঠিন ব্যাপার ছিল না। জেলা বিএনপির সভাপতি আহসান হাবিব কামাল দলীয় প্রার্থী নন দাবি করে সরোয়ার বলেন, তিনি নাগরিক পরিষদের ব্যানারে প্রার্থী হয়েছেন। সরোয়ারের এ বক্তব্যের সংগে দ্বিমত পোষণ করে আহসান হাবিব কামাল ইত্তেফাককে বলেন, তাকে দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া নির্বাচন করার জন্য গতকাল অনুমতি দিয়েছেন। তাই তিনি দলীয় প্রার্থী। নাগরিক পরিষদের প্রার্থী হওয়ার প্রশ্নই আসে না বলে কামাল মন্তব্য করেন। তবে দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া প্রার্থী হিসাবে কামালকে নির্বাচন করার অনুমতি দিয়েছেন কিনা তা সরোয়ারের জানা নেই বলে ইত্তেফাককে জানান। বিএনপির তিন প্রার্থীর এ মতবিরোধকে কেন্দ করে ফাঁকা মাঠে গোল দিতেই নগর চষে বেড়াচ্ছেন সদ্য বিদায়ী মেয়র শওকত হোসেন হিরণ। গতকাল তিনি ১৪ দলের নেতাদের পাশাপাশি নাগরিক কমিটির নেতাদের সঙ্গে নিয়ে ব্যাপক প্রচার-প্রচারণা শুরু করেছেন। গতকাল শওকত হোসেন হিরণ বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন। সকালে অপরাজেয় বাংলাদেশ-এর এতিম শিশুদের সাথে দোয়া-মোনাজাত করে আইনজীবী সমিতির কার্যালয়ে যান। সেখানে আইনজীবীদের সঙ্গে বৈঠক করে দুপুরে মাহমুদিয়া মাদ্রাসায় আলেমা-ওলামা- মাশায়েখ ও বিভিন্ন মসজিদের ইমামদের সঙ্গে দুপুরের খাবার খেয়ে মতবিনিময় করেন। মাহমুদিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান ও ইমাম সমিতির নেতা মাওলানা নুরুর রহমান বেগ বরিশাল নগরীর উন্নয়নের স্বার্থে দলমত নির্বিশেষে শওকত হোসেন হিরণকে পুনরায় মেয়র নির্বাচিত করার জন্য ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আহবান জানান। বরিশালের ৩ মেয়র প্রার্থীকে রাজধানীতে তলব আজ বিএনপির প্রার্থী ঘোষণা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি একক প্রার্থী দিয়ে আওয়ামী লীগকে মোকাবেলার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য এখানকার ৩ মেয়র প্রার্থীকে ঢাকায় তলব করা হয়েছে। ৩ প্রার্থীকে নিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করে একক প্রার্থী মনোনীত করে তার পক্ষে সকল নেতা-কর্মীকে কাজ করার নির্দেশ দিবেন আজ বৃহস্পতিবার। তবে এ প্রক্রিয়াটি কৌশলগত কারণে অনেকটা গোপনেই করা হচ্ছে। বিএনপি নেতারা জানান, সাবেক মেয়র ও জেলা বিএনপির সভাপতি আহসান হাবিব কামালকে প্রার্থী করার বিষয়টি প্রায় চূড়ান্ত। প্রার্থীকে বিএনপি বা ১৮ দলীয় জোটের প্রার্থী হিসাবে পরিচয় না দিয়ে নাগরিক পরিষদের প্রার্থী হিসাবে নির্বাচনের মাঠে নামানো হবে। দলীয় ফোরামে মনোনীত প্রার্থীকে বিজয়ী করার জন্য ১৮ দলের নেতা-কর্মীরা কাজ করবেন। বিএনপির প্রভাবশালী নেতাদের ভূমিকা কেন্দ্রীয় কমিটি মনিটরিং করবে। বিগত দিনের কোন্দল কাজে লাগিয়ে দলের প্রার্থীকে পরাজিত করতে যদি কেউ নেপথ্যে কলকাঠি নাড়েন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে দলের একাধিক নেতা জানান। মেয়র পদে জেলা বিএনপির সভাপতি সাবেক মেয়র আহসান হাবিব কামাল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল আহসান শাহীন ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবায়দুল হক চান মনোনয়নপত্র দাখিল করেন। আহসান হাবিব কামাল মনোনয়ন সংগ্রহ করার আগেই বিরোধ ভুলে গিয়ে এক যুগের প্রতিপক্ষ মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ারের বাসভবনে গিয়ে বৈঠক করেন। বৈঠকে কামাল প্রার্থী হওয়ার জন্য সাবেক দুই মেয়র হিসাবে তার নিজের ও মজিবুর রহমান সরোয়ারের প্রার্থী হওয়ার জন্য প্রস্তাব দেন। সরোয়ার মেয়রপদে প্রার্থী হলে আহসান হাবিব কামাল তাকে সমর্থন দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন; কিন্তু মজিবর রহমান সরোয়ার কেন্দ্রের নিষেধাজ্ঞার কারণে প্রার্থী হতে পারেননি। দলের তিন প্রার্থীর মধ্যে সমঝোতার জন্য তিনি প্যানেল মেয়র আলতাফ মাহমুদ শিকদার, মজিবর রহমান নান্টু, মহসিন মন্টু, সাইয়েদ আহমেদ মধু, জিয়া উদ্দিন শিকদার, মীর জাহিদুল কবিরসহ ১০ জনকে দিয়ে একটি কমিটি গঠন করে দেন। ঐ কমিটি ৩ মেয়র প্রার্থীর সাথে বৈঠক করে সমঝোতায় আসতে ব্যর্থ হন। আহসান হাবিব কামাল ও এবায়দুল হক চান প্রার্থী হিসাবে বহাল থাকতে কেন্দ্রের কাছে জোরালো লবিং শুরু করেন। মঙ্গলবার এবায়দুল হক চান ঢাকা থেকে ফিরে আসার সাথে সাথে বে-ক্রুজে ঢাকায় চলে যান আহসান হাবিব কামাল। গতকাল বুধবার কেন্দ্রের নির্দেশে চান ও শাহীনকে ঢাকায় রওয়ানা হতে হয়েছে। গতকাল বিকালে সড়ক পথে ঢাকার কাছাকাছি পৌঁছে এবায়দুল হক চান কেন্দ্রীয় নেতাদের নির্দেশে ঢাকা গমনের কথা অস্বীকার করে ‘ইত্তেফাক’কে জানান, তিনি এ ধরনের কোনো নির্দেশনা পাননি। ঢাকা থেকে ফিরে আসার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে নির্বাচনী মাঠ রেখে ঢাকা যাওয়ার কারণ জানতে চাইলে চান বলেন, ছেলের পরীক্ষার জন্য যাচ্ছি। তবে বৈঠকের কথা আহসান হাবিব কামাল ও অ্যাডভোকেট কামরুল আহসান শাহীন স্বীকার করেন। এটা কোনো আনুষ্ঠানিক বৈঠক নয়, আমরা ৩ প্রার্থী কেন্দ্রীয় নেতাদের সাথে চা পান করবো। আলোচনা বা সিদ্ধান্তের তেমন কোনো এজেন্ডা নেই বলে শাহীন জানান। তবে কামাল জানিয়েছেন, প্রার্থী হিসাবে তাকে চূড়ান্ত করা হয়েছে। গতকাল তা ২/১টি পত্রিকায় প্রকাশিত হয়েছে। আজ বৃহস্পতিবার তাকে আনুষ্ঠানিক ভাবেই প্রার্থী ঘোষণা করা হবে বলে তিনি জানান।