মো. সোহেল নামে কচুয়ার উজানী মাদ্রাসার এক ছাত্র গত ৫ মে রাজধানীর মতিঝিলে সমাবেশে নিহত হয়েছে বলে দাবি করেছিল হেফাজতে ইসলাম। একটি জাতীয় ও একটি আঞ্চলিক দৈনিক হেফাজতের চাঁদপুর জেলা শাখার বরাত দিয়ে খবরটি ছেপেছিল। অথচ সেই ‘মৃত’ ছাত্র সোহেল দিব্যি ক্লাস করছে মাদ্রাসায়। গতকাল বুধবার বেলা ১১টায় জামেয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া উজানী মাদ্রাসায় গিয়ে দেখা গেছে, ওই ছাত্রটি অন্য শিক্ষার্থীদের সঙ্গে ক্লাসরুমে বসে ক্লাস করছে।
১০ মে ঢাকা থেকে প্রকাশিত একটি জাতীয় দৈনিকে ও ১১ মে চাঁদপুর থেকে প্রকাশিত একটি স্থানীয় দৈনিকে উল্লেখ করা হয়,‘হেফাজতে ইসলামের ঢাকা অবরোধে পুলিশের গুলিতে চাঁদপুরের কচুয়া মাদ্রাসা ছাত্র নিহত, গুলিবিদ্ধ ১৮, নিখোঁজ ১’এ শিরোনামের সংবাদে উজানী মাদ্রাসায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। সোহেলের সঙ্গে আলাপ হলে সে জানায়, ‘হেফাজতে ইসলামের সঙ্গে আমার কোন সম্পৃক্ততা নেই। তাই হেফাজতের ঢাকার সমাবেশে অংশগ্রহণ করার প্রশ্নই উঠে না। ওই দিন আমি মাদ্রাসায় ছিলাম। প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ ম্যিথা, গুজব ও কল্পিত।’ সোহেল কুমিল্লার দাউদকান্দি উপজেলার গোয়ালমারি ইউনিয়নের দক্ষিণ নর্দী গ্রামের আবদুল আজিজ মিয়ার ছেলে।
এ ব্যাপারে মাদ্রাসার নাজেম মাওলানা আব্দুর রহমান বলেন, মাদ্রাসার অধ্যয়নরত ছাত্রদের মধ্যে সোহেল নামে পাঁচজন ছাত্র রয়েছে। তারা সকলেই মাদ্রাসায় আছে। প্রকাশিত মৃত্যুর এ সংবাদটি বানোয়াট ও ভিত্তিহীন। তিনি মাদ্রাসার পক্ষ থেকে আরও দাবি করেন- কোন রাজনৈতিক সংগঠনের সাথে উজানী মাদ্রাসার ছাত্র-শিক্ষক কেউই জড়িত নন। দেশের ঐতিহ্যবাহী উজানী মাদ্রাসার সুনাম ক্ষুণ্ন করার জন্যই এরূপ বানোয়াট সংবাদ প্রকাশ করা হয়। এ ভিত্তিহীন খবরে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি মাদ্রাসার সকল শিক্ষার্থী ও অভিভাবকসহ দেশবাসীর প্রতি অনুরোধ জানান।
এদিকে মৃত্যু নিয়ে প্রতারণার কথা অস্বীকার করে চাঁদপুর জেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক এস এম আনোয়ারুল করিম বলেন, ওই ছাত্রটি মূলত নিখোঁজ ছিলো। কেউ নিখোঁজ থাকলে ঘরে ফিরে আসতেই পারে। হেফাজতের পক্ষ থেকে মৃত্যুর খবর ছড়ানোর বিষয়টি নিয়ে তিনি কোন সদুত্তর দিতে পারেন নি।
