জেলা বাস-মিনিবাস ও ট্রাক মালিক সমিতি এবং শ্রমিক ঐক্য পরিষদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট গতকাল বুধবার বিকালে প্রত্যাহার করে নেয়া হয়েছে। ট্রাক শ্রমিকদের উপর হামলাকারী সকল আসামিকে এক সপ্তাহের মধ্যে গ্রেফতারে পুলিশ সুপারের আশ্বাসের প্রেক্ষিতে এই ধর্মঘট প্রত্যাহার করা হয়।
সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজার এলাকায় গত রবিবার ট্রাক শ্রমিকদের উপর হামলা, তাদের বসতবাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় থানায় দায়ের করা ৫টি মামলার সকল আসামিকে গ্রেফতারের দাবিতে গতকাল থেকে জেলার সব কয়টি রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয় জেলা পরিবহন মালিক ও ট্রাক মালিক সমিতি এবং শ্রমিক ঐক্য পরিষদের পাঁচটি সংগঠন।
জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম জানান, তাদের দাবি আংশিক পূরণ হওয়ায় ধর্মঘট প্রত্যাহার করে নেয়া হয়েছে। ইতিমধ্যে পুলিশ এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে। সমস্যা সমাধানে সাতক্ষীরা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জেলা পরিবহন মালিক ও ট্রাক মালিক সমিতি এবং শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করলে এ সিদ্ধান্ত নেয়া হয়। তবে এক সপ্তাহের মধ্যে সকল আসামিকে গ্রেফতার করা না হলে ফের পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হবে।
সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজারে গত রবিবার ধান বিক্রির জায়গায় ট্রাক রাখাকে কেন্দ্র করে পরিবহন শ্রমিক ও বাজার ব্যবসায়ীদের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে পরে স্থানীয় গ্রামবাসী কয়েকজন ট্রাক শ্রমিকের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করে।
