কারাগারে কাদের মোল্লার ডিভিশনের আবেদন খারিজ

আপডেট : ১৫ মে ২০১৩, ২২:৫১
কারাগারে ডিভিশন চেয়ে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার করা আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চ গতকাল বুধবার এই আদেশ দেন। ২০১০ সালের ১০ ডিসেম্বর কাদের মোল্লা কারাগারে ডিভিশন পান; কিন্তু গত ৫ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২ মানবতাবিরোধী অপরাধের মামলায় কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এরপর ৭ ফেব্রুয়ারি কারা কর্তৃপক্ষ তার ডিভিশন সুবিধা বাতিল করে। এরপর গত সপ্তাহে কারাগারে ডিভিশন সুবিধা দেয়ার নির্দেশনা চেয়ে আপিল বিভাগে আবেদন করেন কাদের মোল্লা। ওই আবেদনের ওপর কাদের মোল্লার পক্ষে ব্যারিস্টার আবদুর রাজ্জাক ও রাষ্ট্রপক্ষে অতিরিক্ত এটর্নি জেনারেল অ্যাডভোকেট এমকে রহমান শুনানি করেন। শুনানি শেষে গতকাল এ আদেশ দেয়া হয়।