মানুষের জীবনে নানা প্রতিকূলতা থাকে, সেসবের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করেই জীবন এগিয়ে চলে। সংশয়ের হলকর্ষণে ক্ষতবিক্ষত জীবন সন্মুখে এগিয়ে চলে দুস্তর প্রেম ও সাহসিকতা নিয়ে। আজীবন মৃত্যুকেই বহন করে চলেন কবি অত্যন্ত সাহসিকতার সঙ্গে। তাই তাঁর কবিতায় প্রস্ফূটিত হয় জীবনের শুভ্র আলোক, স্বপ্নের মূর্ছনা এবং মানবমুক্তির চিরায়ত সনদ। মৃত্যুঞ্জয়ী সিকদার আমিনুল হক মৃত্যুতে বিচলিত নন, কিন্তু জীবনের জটিলতায় তিনি নিজেকে জড়াতে চান না। তিনি ভালো করেই জানতেন—কবিদের মৃত্যু হয় না
সিকদার আমিনুল হক সময়চেতনায় উদ্বুদ্ধ হয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছেন অত্যন্ত সচেতনভাবেই। যাপিত জীবনের অন্তরালে অতি দুঃখজর্জর, বিষাদক্লিষ্ট এক আশ্চর্য অন্তিমতার দৃশ্যপট সৃষ্টি করেছেন আপন ভুবনের অপার কর্মময়তা জুড়ে। কিন্তু কেন? তাঁর স্বপ্ন এবং অস্বাভাবিক দীর্ণ হাহাকার, বিষাদ, মৃত্যুভাবনা আমাদের জন্য নিদারুণ হতাশার বার্তাবাহী।
জীবনে কোনো বিষাদক্লিষ্টতা না থাকলেও কবিতায় তিনি বিষাদ, মৃত্যু ও অবক্ষয় ছড়িয়ে দিয়েছেন নির্মোহভাবে। তাই তো তিনি লিখেছিলেন, ‘লাল ভালো নয়, বন্ধুদের কবিতার মতো উগ্র।/ যেদিন পরেছো ওই ছাই-রঙা; মৃত্যু এসেছিলো।/ তুমি ভেবেছিলে এতো হিম, না কি এর ধারণাই পবিত্র!’ (সুলতাকে নিয়ে একগুচ্ছ)
নিদারুণ শ্বাসরোধক এক চিত্রকল্পের মাধ্যমে তিনি মৃত্যুকে চিত্রিত করেছেন। পাপ যেহেতু কখনো কারও কাম্য নয়, তাই পাপকে তিনি জয় করতে চেয়েছেন মৃত্যু নামক পবিত্র ধারণা দিয়ে। ছাই-রঙা পোশাকের অন্তরালে তিনি মৃত্যুরই হিমশীতলতা উপলব্ধি করেছেন। অবচেতনে গূঢ়প্রোথিত মৃত্যুভাবনা তাঁর অন্তরাত্মাকে শুভ্র আলোকচ্ছটায় প্রজ্বালিত করেনি।
তিনি তাঁর কবিতার শরীরজুড়ে ভাঙচুর করেছেন অবলীলায়, করেছেন সীমাহীন নিরীক্ষা, দুঃসাহসিক পদক্ষেপ নিয়েছেন, আর্তনাদ করেছেন, জীবনের ক্রান্তিলগ্নেও স্বপ্নের বীজ বপন করে দিয়েছেন ভিন্ন আভায়। তাঁর সম্পর্কে বলতে গিয়ে মোহাম্মদ রফিক লিখেছিলেন, ‘কবির হয়তো শারীরিক মৃত্যু ঘটে, কিন্তু কবিতার! সেই অর্থে সত্যি-সত্যি কি মৃত্যু ঘটে কবিরও! এমন ঘটনা কি সম্ভব? তুষ্ট চিত্তে মেনে নিতে পারে পৃথিবী! হয়তো পারে, হয়তো পারে না, হয়তো মেনেও নেয় না। কিন্তু আমরা তো সবাই মিলে রচনা করতে চেয়েছিলাম একটি বাসযোগ্য পৃথিবী, সাধনা করেছিলাম একটি অপরিমেয় দেশের, একজন বিশ্বাসী হূদয়বান প্রতিবেশীর। ...এই বোধ হয়তো অনেক কাল ধরেই পলি হয়ে স্তরে স্তরে জমা পড়ছিল কবি সিকদার আমিনুল হকের হূদ্যন্ত্রে, ধমনীতে। তাই সে মরে প্রমাণ করল, কবি সিকদার আমিনুল হকের মৃত্যু হয় না, হতে পারেও না। এখন তো কবির জীবন ও মৃত্যু ধারণ করে আছে তার সময়েরই প্রতিচ্ছবি।’
একজন কবির সাহসিকতার মূলেই থাকে তাঁর আত্মিক প্রত্যয়, প্রজ্ঞা, মেধা আর সাধনা। ভীরুতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, সমস্ত প্রতিকূলতার মুখোমুখি হয়েও তিনি নিবেদিত থাকেন তাঁর সাধনায়। তাই তো তিনি যথার্থই লিখেছেন, ‘অবসন্ন তোমার বুকে মগ্ন হাত রাখি।/ মরণে নেই, জীবনে আছে ভয়।’ (সুলতাকে নিয়ে একগুচ্ছ)
মানুষের জীবনে নানা প্রতিকূলতা থাকে, সেসবের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করেই জীবন এগিয়ে চলে। সংশয়ের হলকর্ষণে ক্ষতবিক্ষত জীবন সন্মুখে এগিয়ে চলে দুস্তর প্রেম ও সাহসিকতা নিয়ে। আজীবন মৃত্যুকেই বহন করে চলেন কবি অত্যন্ত সাহসিকতার সঙ্গে। তাই তাঁর কবিতায় প্রস্ফূটিত হয় জীবনের শুভ্র আলোক, স্বপ্নের মূর্ছনা এবং মানবমুক্তির চিরায়ত সনদ। মৃত্যুঞ্জয়ী সিকদার আমিনুল হক মৃত্যুতে বিচলিত নন, কিন্তু জীবনের জটিলতায় তিনি নিজেকে জড়াতে চান না। তিনি ভালো করেই জানতেন—কবিদের মৃত্যু হয় না। ‘রক্ত/ আর লবণের মিশ্রণে ঝ’রে পড়লো হাজার জীবন, হাজার মৃত্যু/ ঝ’রে পড়লো শীতের ভীত পত্রালি;/ পঙ্গপালের ধর্ষিত শস্যভূমির মতো ধূ-ধূ করছে/ দিগন্ত/ সেতুহীন নদীর আচ্ছন্নতার মতো ঘুমন্ত বাতাস কাঁপিয়ে/ যখন ভোর হলো/ তখনো/ পৃথিবী/ ঘামছে।’ (চুম্বন)
এখানে চিত্রকল্প এবং প্রতীকের অপূর্ব সম্মিলন ঘটেছে। কবি মনের সংশয়, নিরুদ্দেশ প্রত্যাশা ও প্রবঞ্চনায় নিমজ্জিত হয়ে বাস্তবতার মুখোমুখি হয়েছেন। এখানে কবি যতটা ‘ইমেজিস্ট’ হয়েছেন, ‘সিম্বলিস্ট’ তার চেয়ে কম হননি। আত্মমগ্ন চৈতন্যের অন্তরালে বেদনাক্লিষ্ট স্বপ্নের হাহাকার এবং একই সাথে পরাবাস্তবতার নিগূঢ় সম্পর্ক বিনির্মাণ করেছেন অতি সচেতনভাবে। স্বপ্ন আর শ্রমের মিলিত সৌধমালায় তিনি মৃত্যুর পদধ্বনি শুনতে পান। একটি নয়, দুটি নয় তিনি হাজার জীবন আর হাজার মৃত্যুর আহ্বানে সাড়া না দিলেও মগ্নচৈতন্যের অববাহিকায় দাঁড়িয়ে মৃত্যুরই আহ্বান শুনতে পান। হাজার মৃত্যু, ঝরে পড়া শীতের ভীত পত্রালি, পঙ্গপালের ধর্ষিত শস্যভূমি, সেতুহীন নদীর আচ্ছন্নতার মতো, ঘুমন্ত বাতাস, পৃথিবী ঘামছে ইত্যাদি উপমাগুলো দিয়ে তিনি আমাদের আকাঙ্ক্ষার মাঝে যে আচ্ছন্ন নদী তৈরি করেছেন তাতে আমরা হাবুডুবু খাই। সমস্ত অন্তর্লগ্ন উত্সুক হাহাকার স্বত্ত্বেও ভোরের আলো প্রস্ফূটিত হয় মায়াবি আভা ছড়িয়ে দিয়ে। কিন্তু আলো ছড়িয়ে দেবার শ্রমে পরিশ্রান্ত পৃথিবী তখনো ঘামতে থাকে। আজীবন মৃত্যুর সাথে যুদ্ধরত সিকদার আমিনুল হক মৃত্যুর বলয় ভেঙে অথবা পরাবাস্তবতার শূন্যবলয় ভেদ করে বেরোতে না পারলেও অন্তর্লগ্ন হয়ে পড়েন কবিতার শরীরজুড়ে।
‘এই মৃত্যু এই স্বাধীনতা’ কবিতায় তিনি কবিতার শরীরে মৃত্যুর চিত্র না এঁকে, মৃত্যুর শরীরে কবিতার চিত্র এঁকে দিয়েছেন অত্যন্ত দৃঢ়তার সাথে। তিনি সঙ্গতই বলেছেন, ‘এতই নিঃসঙ্গ মৃত্যুগন্ধময় গোরস্থান’। সত্যিই কি গোরস্থান নিঃসঙ্গ? তা না হলেও যিনি চলে গেছেন তাঁর জন্য সবাই নিঃশব্দ। এই বাড়ি-ঘর যিনি অতি যত্নে পরিচর্যা করেছেন, টবে লতানো গাছগুলোও যার আদর-যত্ন খেয়েছে, সবার জন্য মিস্ত্রির মতো খেটেছেন আর ভেবেছেন তিনিহীন এই বাড়ির চৌবাচ্চা হবে শুষ্ক মরুভূমি, এ-বাড়ি হবে শেয়াল শাসিত ঘন-বন—তবে কী করে সেসব ভুলে তিনি নিদ্রামগ্ন। তিনি যে মুত্যুর দৃশ্যাবলি এঁকেছেন তাতে আমরা বিমোহিত না হয়ে পারি না। আমরা সে দৃশ্যের মাঝে বন্দী হয়ে পড়ি। হারিয়ে ফেলি স্মৃতির গভীরে আমাদের শুভ্র আলোয় জেগে থাকা রুপালি শহরের পথ-ঘাট:‘কিন্তু আছে মৃত্যু। এলো তামাশার অদ্ভুত ভাষায়।/ সেই ভাঁড় গল্প ব’লে চ’লে গ্যালো মড়ক ও মারীর;/ দেখলে মৃত্যুর মেঘ,/ মাঝরাতে বিরল ডাইনি—’ (শেষ অভিবাদন)
মৃত্যু অমোঘ, চিরসত্য। বিষাদ ও অবক্ষয় তো মৃত্যুরই নামান্তর। এতে আশ্বর্য হবার কিছু না থাকলেও বিচলিত হবার আছে। প্রতিটি জীবেরই মৃত্যু আসবে চিরায়ত নিয়মে। মৃত্যুর মুচলেকা দিয়েই তো আমাদের এ পৃথিবীতে আসতে হয়। এবং প্রতি পলে আমাদের মৃত্যুর দিকেই ধাবিত হতে হয়। মৃত্যুকে উপেক্ষা করবার শক্তি কারও নেই, কেননা জীবন ও মৃত্যু পরস্পরের পরিপূরক। মৃত্যুর বত্সর কতিপয় পূর্বে বোদলেয়ার লিখেছিলেন, ‘যেমন শরীর, তেমনি চৈতন্যে আমি সারা জীবন অনুভব করেছি এক অতলস্পর্শ গহ্বরের শূন্যতা, শুধু ঘুমের শূন্যতাই নয়, শূন্যতা কর্মের, স্বপ্নের, স্মরণের, বাসনার, অনুতাপের, মনস্তাপের—সেই শূন্যতার অনুভূতি আমার সুন্দরকে নিয়ে, সংখ্যার ধারণা নিয়ে...। যেমন আনন্দে, তেমনি ভয়ের সঙ্গে চর্চা করেছি আমার মূর্চ্ছার। চিরকালই আমি ঘূর্ণি-রোগগ্রস্ত...’
তিনি কীভাবে আবেগতাড়িত হয়ে চেতনার অতল গহ্বরে নিজেকে আকণ্ঠ নিমজ্জিত রাখতে চান, তা স্পষ্ট হয়ে ওঠে ‘উপত্যকা’ কবিতায়। নিভৃতচারী সিকদার শব্দ সর্বস্ববাদিতার অন্তরালে অভিমানপ্রবণ হয়ে পড়েন, ‘আমাকে নামিয়ে দাও নিচে, গহ্বরে, দুরূহ শীতে।/ যেখানে/ দাঁড়িয়ে আছেন উঁচু মাথা “তাও”, প্রাচীন পৃথিবী—/ দুঃসময়,/ তার প্রবাহ থেকে ছিটিয়ে দিক প্রগাঢ় চিত্কার—/ যেন মরি/ অনায়াসে, ধীরে, কদাচ হােড় নয় বিশাল পাহাড়!’ (উপত্যকা)
তিনি কবিতার শুরুতেই বলেছেন, ‘আমাকে নামিয়ে দাও নিচে, গহ্বরে, দুরূহ শীতে’ কিন্তু তিনি এ রকম অভিমানী কেন হলেন—এ রকম প্রশ্ন মনের কোনে জন্ম নেবার আগেই স্পষ্ট হয়ে ওঠে তাঁর আত্মপ্রত্যয়। সঙ্গতই তিনি বলেন, ‘যেখানে দাঁড়িয়ে আছেন উঁঁচু মাথা “তাও”, প্রাচীন পৃথিবী’, যার ওপর বহমান দুঃসময় চিত্কার ছিটিয়ে দিক। কবির প্রত্যাশা, এর ফলে তাঁর মৃত্যু অনায়াসে, ধীরে এবং বিশাল পাহাড়সম হবে।
ক্রমেই বাড়তে থাকে বয়স, এগিয়ে আসে মৃত্যু। ক্রমেই অবসন্ন হয়ে পড়ে শরীর; মনেও নানা প্রস্তুতি। নাগরিক দ্বীপে থেকেও নিঃসঙ্গ হতে থাকে মানুষ, হারিয়ে যেতে থাকে নাগরিক কোলাহল—রক্তাক্ত আড্ডা আর মায়ের পেলব ভালোবাসা। মৃত্যু আসবে বলেই তো মানুষের জন্ম। কিন্তু এই মৃত্যুকে নিয়ে কাজ করা সহজ নয়। সিকদার আমিনুল হক সে কাজটি করেছেন অত্যন্ত দক্ষতার সাথে। ‘ভোরের কুকুর’ কবিতায় তিনি লিখেছেন, ‘তবে কি তুমিও নেই, শুধু মৃত্যু, শুধু শিল্প, আর/ প্রতিদিন ঘুম ভেঙে দেখি/ গূঢ ক্বাথ জ’মে আছে ক্লান্ত নর্দমায়/ এবং ধ্বস্ত স্বপ্ন, ব্যক্তিগত ক্লান্ত পরমায়ু/ জীবিকার পাশাপাশি। গলি থেকে রাস্তার উদরে/ লাম্পট্য সর্বত্র ঘোরে।’ (ভোরের কুকুর)
এই কবিতায় তিনি মৃত্যুকে অভিনব গাঁথুনিতে সাজিয়ে পরাবাস্তবতার অনাস্বাদিত কাব্যিকতা করেছেন অত্যন্ত সাবলীল ভঙ্গিতে। ‘তোমাকে দেখি না এই শহরের কোথাও এখন’ কথাটির মাঝেই যেন লুকিয়ে রয়েছে গূঢ রহস্য। চিত্রশালা, রাত্রিবেলা, গর্বিত মাস্তুল, উজ্জ্বল সন্ধ্যা, পৌরপথ, বিবর্ণ গলি, দাঁতাল বৃদ্ধ, সৌখিন যুবা, মাতাল খুশি... ইত্যাদি উপমার চাদরে সে রহস্যময়তাকে আরও মায়াময় করে তুলেছেন। এখানে কবি কাকে খুঁজছেন, তা আমরা সঠিক জানি না। না কি তিনি রহস্যের আড়ালে নিজেকেই দাঁড় করিয়েছেন অত্যন্ত সুকৌশলে? জানি না। কিন্তু তিনি যখন লেখেন, ‘আর আমি একচুল/ না নড়ে, তোমার নাম বুকে নিয়ে কৃশ বারান্দায়/ ব’সে আছি ধ্যানক্লিষ্ট’ তখন তো ভালোবাসার নিগূঢ়তা যথার্থই ফুটে ওঠে। কিন্তু সেই তুমিও কি নেই! সেই তোমাকেও কি মৃত্যু গ্রাস করে নিয়েছে যথানিয়মে? মৃত্যুর মৌলিক বিশ্লেষণে এ রকমের আর্তি আমাদেরকে বিস্মিত করে। সুস্পষ্ট ইঙ্গিতে এবং কালো কালির আঁচড়ে তিনি দেখিয়ে দিয়েছেন মৌলবাদের ভয়াল থাবা আর রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় কীভাবে পুড়ে যায় সবুজ বৃক্ষ, সোনালি দিবস, কাঙ্ক্ষিত জীবন আর ভালোবাসার মায়াময় চাষবাস। প্রেমচেতনার সাথে তিনি যেমন সময়চেতনার মিশ্রণ ঘটিয়েছেন, তেমনি জীবন ও মৃত্যুর পরাবাস্তবতার সংমিশ্রণে সৃষ্টি করেছেন কবিতার আধুনিক প্রকরণ।
‘দ্রষ্টার আতঙ্ক মৃত্যু/ হতচ্ছাড়া/ পশ্চিমে শ্মশান/ নদীর আরোগ্য নেই/ বস্তু—সেতু/ জলের সন্তান’ (নৈশ উত্স)—এখানে সৃষ্ট চিত্রকল্প আমাদেরকে বিস্মিত করে তোলে। এই কবিতায় কবি যে পরাবাস্তব কথামালার যৌক্তিক কথন সৃষ্টি করেছেন, তা আমাদের চোখের সামনে মৃত্যুর অভিনব ব্যবহার ফুটিয়ে তোলে। এই একই কবিতায় তিনি লিখেছেন, ‘আমার মৃত্যুর আগে বিষণ্ন কিছুটা—/ আমার স্বভাবে নেই উচ্ছিষ্ট গ্রহণ/ গান মানে শিস নয়, ধ্রুপদ, সোনাটা:/ এর চেয়ে নিচে যাবো? কখনো যাব না।’ মৃত্যু গরল, কখনো মধুর হয় না—হতে পারে না। মৃত্যু বিষয়ে তাঁর বোধ ও ভঙ্গি একবারেই ভিন্ন এবং স্বাতন্ত্র্য বৈশিষ্ট্যের স্মারক ও ধারক। তাঁর মৃত্যুভাবনা মূলত সময়ের আবর্তে দৃশ্যমান। কবি তাঁর পরাজিত স্বত্তাকে মেনে নিয়েও কুণ্ঠিত এবং দ্বিধান্বিত। মৃত্যুতে আত্মসমর্পণ এবং মৃত্যু-পূর্ব আত্মসমর্পণ এক নয়। তিনি এই দুয়ের কাব্যরূপের পার্থক্য নির্মাণ করেছেন অত্যন্ত দক্ষভাবে। ‘গান মানে শিস নয়, ধ্রুপদ, সোনাটা’ এখানে ‘সোনাটা’ কথাটার মধ্যে একপ্রকারের ঘৃণাবোধ ফুটে রয়েছে। ঠিক তার পরের লাইনে ‘এর চেয়ে নিচে যাবো?/ কখনো যাব না’ এই না চাওয়ার মধ্যে তাঁর বিতৃষ্ণা বা হতাশা বা দৃঢ়তার বিচিত্র ছবি চিত্রিত হয়েছে।
‘তা’হলে পেরুলো ত্রিশ। এই থাক চূড়ান্ত সান্ত্বনা/ এই দেশে, এই যুগে, আপাতত এই তো দারুণ/ কায়ক্লেশে বেঁচে থাকা। তাই কোনোদিকে তাকাবোনা।/ বেশ জায়গা পৃথিবীটা, ছায়াপ্রায় মধ্যবিত্ত গৃহে/ বরাদ্দ চোখের দৃষ্টি, ঘর্মাক্ত রুটিন বৃত্তাকার।’ (মধ্যযৌবনের জার্নাল)
সিকদার আমিনুল হকের অন্তর্গত বিশ্বাসের ভেতর অদমিত এবং কালিক নৈরাজ্য অবিরল ধারায় বহমান। ত্রিশ পেরোনোর হতাশার মাঝে তিনি সান্ত্বনা খুঁজেছেন এই দেশে, এই যুগে এবং কায়ক্লেশে বেঁচে থাকার মধ্যে। এটা মৃত্যু না হলেও মৃত্যুর অতি কাছের বেঁচে থাকা। তিনি আর কোনোকিছু বুঝতে চান না এবং কোনোদিকে তাকাতেও চান না। পৃথিবীটাকে তিনি ‘বেশ জায়গা’ বলেছেন। তাই কি নয়? তিনি ঈশ্বরের নিজ হাতে আঁকা কিছু শাশ্বত দানের উদাহরণ তুলে ধরেছেন যেমন, ‘হেলাফেলা শ্লথ দিন, পুরোনো আকাশ, কালো মেঘ, পুরোনো কুয়োর মুখ, কার্নিশের আধখণ্ড চাঁদ ইত্যাদি।’ এ ছাড়া ‘প্রতি সপ্তাহে একবার ছুটি আসে ধুকে ধুকে, সর্দিজ্বর, অতিথি পাখিরা আসে ঋতুর নিয়মে, জোয়ারের ভাটা আসে গোধূলি গলায়’—প্রতিটি উপমার মাঝেই সময়ের ব্যবহার দেখা যায়। সব রকম যুক্তির ঊর্ধ্বে উঠে তিনি সময়কে নিয়ে খেলেছেন নিজস্ব ভঙ্গিমায়—পরাবাস্তববাদী চেতনায় নিমজ্জিত হয়ে।
‘যে বনে জ্যোত্স্না রাতে কবি ছাড়া সবাই গিয়েছে/ তাও দেখলাম। এত কিছু থাকে মৃত্যুর পরেও—/ ...বড়ই বিচিত্র লীলে, আত্মপাখি, দ্যাখো ঝক্মারি।’ (শিলাইদহ ১৯৮৪) এখানে তো মরণের পরে স্থির হয়ে থাকা দৃশ্যগুলোকে সিকদার আমিনুল হক তাঁর দক্ষ শব্দচয়নের মাধ্যমে সুচারুরূপে উপস্থাপন করেছেন। আঙ্গিক ও আক্ষরিক সত্যানুসন্ধানের মধ্য দিয়েই তা আরও জীবন্ত হয়ে ওঠে, যখন তিনি লিখেন, ‘একটি খয়েরী পাখি উড়ে গেলো ভীষণ একাকী/ ওকে অমরতা দেবে সেই লোক যদিও ফেরার/ তবু ওড়ে প্রেরণায়’। জ্যোত্স্না রাতের সাথে মৃত্যুকে মিশিয়ে তাকে আরও তমসাচ্ছন্ন করে দেওয়া হলো। এখানে শিল্পের সাথে উপমামিশ্রিত হয়ে এক নতুন দ্যোতনার সৃষ্টি করে, যা মৃত্যুর অমোঘ সত্যকে আরও ঘনিষ্ট করে তোলে। এই লীলা বড়ই বিচিত্র।
‘মৃতের বাড়িতে গিয়ে নিমেষেই কালো পোশাকের/ মেনে নেয় শোকরীতি; নয় ততো বর্বর গণ্ডার—/ দেবদূত? তাও নয়, বিনষ্ট বিশ্বের নাগরিক।’ (দিনগত পাপক্ষয়)
নাগরিক সভ্যতার ভিড়ে কত কী যে হয়, তা ভেবে কবি স্তম্ভিত। যা কিছু প্রাপ্য হতো, তাতেই নিজেকে সুখীজন ভেবে ক্ষুন্নিবৃত্তি মিটে যেত। কিন্তু নাগরিক সভ্যতা বৃদ্ধির সাথে সাথে রুক্ষ ফ্ল্যাট, নর্দমার ক্বাথ, গেঁয়ো দোকানের ভিড়, উটকো বস্তি, ট্র্যাফিক জ্যাম, ভিখিরির উত্পাত, সম্ভ্রম হারানো সুন্দরী ইত্যাদি সমস্যাগুলো বাড়তে থাকে এবং এই অলীক নাটকে ব্যস্ত যত নাগরিক নামধারী নট ও নটী তারা তো সার্কাসের ভাঁড়সম। এরা খুব সহজেই খাপ খাইয়ে নিতে পারে যেকোনো পরিবেশে। এরা যেমন বর্বর গণ্ডার নয়, তেমনি দেবদূতও নয়। এরা এই বিনষ্ট বিশ্বেরই নাগরিক। এভাবে পরাবাস্ততার হাত ধরে সিকদার শিল্পের রাজপথে হেঁটে বেড়ান অনায়াসেই। সমৃদ্ধ শিল্পের হাতছানিকে আনন্দ-বেদনার উত্স জেনে অনায়াসেই পাড়ি দেন গভীরতম রাত এবং দীর্ঘতম মুহূর্ত। নিয়তির অভিপ্রায়ে দৃষ্ট কষ্টকে ক্রুশবিদ্ধ ভেবে এই সকল নাগরিকেরা মেনে নেন অনায়াসেই। ‘বিশ্বাস করতে হ’বে/ বস্তির দরিদ্র কুপির সামনে হাড্ডিসার শিশুর মৃত্যুও মৃত্যু’ (প্রতিটি সকালের স্বাধীনতা)
এই কবিতায়ও সিকদার আমিনুল হক সময়কে ধারণ করেন অন্তর্মুখী হূদয়ের অতলান্ত থেকে। কবিতাটির প্রথম স্তরের প্রতিটি লাইনে, প্রতিটি উপমায় তিনি সময়কে পরাবাস্তবতার যে স্তরে পৌঁছে দিয়েছেন, তাকে আরও গুরুগম্ভীর করে তোলে যখন ‘কম সময় নয়’ শব্দটির ব্যবহার করেছেন এবং তাতে আমাদের ব্যর্থতার কথাগুলোই ফুটিয়ে তুলেছেন। দ্বিতীয় স্তরে তিনি হতাশার কথাগুলো তুলে ধরেছেন অত্যন্ত সুচারুরূপে। কিন্তু এই হতাশা থেকে ঘুরে দাঁড়িয়ে আবার বললেন, এই তমসাচ্ছন্নতা থেকে বাঁচতে তিনি কী করতে পারতেন। ঠিক তার পরের লাইনে, ‘তোমাকে বাঁচতে হ’বে, তোমার ধরনে/ শুধু মাথা উঁচু করে’। কেননা, ইতিহাসে ওভাবে বেঁচে থাকা যায় না। তাতেও থেমে না থেকে বললেন, প্রতিশ্রুতিবদ্ধ মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য। তিনি তো বলেই দিলেন ‘এত স্তব্ধতার পরে আর যে স্তব্ধতা নেই’। তবে কি প্রতিরোধ বা প্রতিবাদের দিন সমাগত? তার বিশ্বাসগুলো আমাদের বিবেকাত্মাকে নাড়া দিয়েছে। মৃত্যু যেখানে হোক, যার-ই হোক এবং যেভাবেই হোক তা তো মৃত্যুই। মৃত্যু মানেই বিনাশ, মৃত্যু মানেই ধ্বংস যা উপেক্ষণীয় নয়, অনিশ্চিত নয়। জীবিতের মৃত্যুর চেয়ে সত্য বা নিশ্চিত আর কোনো সত্য নেই। সকল তৃষ্ণাভরা স্বপ্ন, আর গল্প বলার ঢং শোকগ্রস্ত শহরতলির দরজা মাড়িয়ে অদৃশ্য শত্রুর মুখোমুখি হয়ে নাছোড় ঘুমে মত্ত। তিনি যে মানসিক দৃঢ়তার কথা তুলে ধরেছেন, তা আমাদের আত্মপ্রত্যয়ী করে তোলে। অন্তর্গত বিশ্বাসের অনুসারী সিকদার আমিনুল হক বড়ই কাতর কণ্ঠে উচ্চারণ করেছেন, ‘তোমার মৃত সন্তানদের দিকে তাকিয়ে/ এই বিশ্বাসের কসমগুলি আরেকবার/ সকলের রক্তে স্মরণ করিয়ে দাও।’ এই দৃপ্ত আহ্বান, এই তাড়িত সময়ের চর্চা এবং তাঁর অন্তর্নিহিত আর্তচিত্কার উদ্ভাসিত আলোয় রহস্য উন্মোচনের বিশ্বস্ত হাতিয়ার। তখনকার সময় ও রাজনৈতিক প্রেক্ষাপটে এ রকম প্রবল ঘৃণা ও ক্রোধের বহিঃপ্রকাশ কেবল একজন কবি তথা সিকদার আমিনুল হকের পক্ষেই সম্ভব।
