মানুষ আল্লাহ তায়ালার প্রিয়তম সৃষ্টি। প্রথম মানুষ আদম (আ.) কে তিনি সুন্দর অবয়বে সৃষ্টি করেছেন। রূহ দেয়ার পর কিছুদিন অতিথি করে জান্নাতে রেখেছেন। তারপর একসময় পৃথিবীতে গড়ে দিয়েছেন তার স্থায়ী আবাস। দুনিয়ায় নির্ঝঞ্ঝাটে বসবাসের জন্য আদম ও তার বংশধরের যা কিছু প্রয়োজন, তা-ও আল্লাহ ব্যবস্থা করেছেন আদম ধরার বুকে পা রাখার আগেই। ধীরে ধীরে আদমের সন্তানেরা পৃথিবীময় ছড়িয়ে পড়লো। অনুগ্রহধন্য বনু আদম যাতে তার দয়াময় প্রভুকে ভুলে না যায়- সে উদ্দেশে আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। তাঁরা এসেছেন আল্লাহ তায়ালার সাথে মানুষের সম্পর্ক জুড়ে দেয়ার জন্য। সঙ্গে এনেছেন শরীয়ত বা মানুষের জীবনযাপনের বিধিমালা। মানুষকে তার জীবনযাপনে স্বাধীন না রেখে আল্লাহ তায়ালা তাকে বিশেষ পথের ঠিকানা দিয়েছেন। সে পথ ধরে যে চলবে তার জন্য রেখেছেন পুরস্কার। প্রশ্ন হলো, এটা কেন? স্বাধীন জীবন ছেড়ে শরীয়তনির্দেশিত পথে চললে মানুষের কোন কল্যাণটি অর্জন হবে? আমাদের জানতে হবে, শরীয়ত কেন এসেছে এবং কী তার লক্ষ্য-উদ্দেশ্য। লক্ষ্য করলে দেখা যায়, শরীয়ত মানবজীবনের মৌলিক পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় রক্ষা করতে চায়। ধর্ম, জীবন, মেধা, বংশধারা ও সম্পদ এই পাঁচটি বিষয়ের সুরক্ষা ও সুব্যবস্থাপনা শরীয়তের প্রধান উদ্দেশ্য। ধর্মরক্ষা :ধর্মতৃষ্ণা মানুষের স্বভাবজাত। সৃষ্টিগতভাবেই সে আল্লাহর এবাদত করতে চায়। পবিত্রতা, সততা ও ন্যায়পরায়ণতা পছন্দ করে। কুরআনে কারীমেও সঠিক দ্বীনকে মানুষের স্বভাবজাত (ফিতরাত) আখ্যা দেয়া হয়েছে। পৃথিবীতে এমন অনেক জাতি ছিলো যাদের দর্শন ও জ্ঞানবিজ্ঞানের সাথে কোনো পরিচয় ছিল না। বর্তমানেও এধরনের জনগোষ্ঠীর সন্ধান পাওয়া যায়। কিন্তু এমন জাতি কখনো দেখা যায়নি যাদের ধর্ম নেই। যেখানেই কোনো সমাজের বসবাস সেখানেই দেখা যাবে কোনো না কোনো ধর্ম পালিত হচ্ছে। শরীয়ত মানুষের এই প্রকৃতিকে সম্মান দেখিয়েছে। ধর্মরক্ষায় শরীয়তের প্রধান পদক্ষেপগুলো এই—কুসংস্কারমুক্ত বিশুদ্ধ ধর্মবিশ্বাস প্রতিষ্ঠা করেছে। যাবতীয় অমূলক ধ্যান-ধারণা থেকে মুক্তি দিয়েছে। শরীয়ত মানুষকে যে বিশ্বাস শিখিয়েছে তা অত্যন্ত স্বচ্ছ ও যুক্তিগ্রাহ্য। শরীয়ত দেখাতে চেয়েছে বিশ্বাস হতে হবে প্রমাণসাপেক্ষ। দলীল-প্রমাণ ছাড়া কোনো এক বিশ্বাস লালন করতে থাকা বোকামী। কুরআনে কারীমে বিভিন্ন ভ্রান্ত ধারণাকে প্রমাণবিহীন বলে প্রত্যাখ্যান করা হয়েছে। আল্লাহর সাথে বান্দার গভীর সম্পর্ক তৈরির লক্ষ্যে নামাজ রোজা ও অন্যান্য মৌলিক ইবাদত অপরিহার্য করা হয়েছে। এই ইবাদতগুলো মানুষকে আল্লাহমুখী করে। বিশ্বাসের দৃঢ়তা আনে। ভ্রান্ত বোধ-বিশ্বাসে নিমজ্জিত সকল মানুষ যাতে ধীরে ধীরে অজ্ঞতার বেড়াজাল থেকে বেরিয়ে আসতে পারে সে উদ্দেশে ব্যাপকভাবে দাওয়াতী কাজের প্রতি উত্সাহ দেয়া হয়েছে। জীবনরক্ষা :মানবজীবনের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো জীবনের নিরাপত্তা। জীবনকে সবরকম ঝুঁকিমুক্ত করতে শরীয়ত যেসব পদক্ষেপ নিয়েছে সেগুলো হলো— জীবনরক্ষায় অপরিহার্য খাদ্য, বস্ত্র ও বাসস্থানের ব্যবস্থা করা প্রত্যেকের কর্তব্য বিবেচনা করেছে। আল্লাহর দেয়া যে রিযিক মানুষের চারপাশে ছড়িয়ে আছে তা থেকে প্রয়োজনমাফিক উপার্জন করার নির্দেশ দিয়েছে। রাষ্ট্রের ওপর জীবনের নিরাপত্তা দেয়া আবশ্যক করেছে। জনজীবন হুমকির মধ্যে পড়ে এ ধরনের যে কোনো পরিস্থিতি মোকাবেলা করা রাষ্ট্রের কর্তব্য। জীবনের ক্ষতি হতে পারে এ ধরণের শারীরিক কষ্ট কখনোই অনুমোদন দেয়া হয়নি। এমন পরিস্থিতিতে নামাজ রোজা ইত্যাদি মৌলিক ইবাদতেও ছাড় দেয়া হয়েছে। নিজের বা অপরের জীবন ধ্বংস করা কঠোরভাবে নিষিদ্ধ করেছে। কেউ অন্যের জীবন বিপন্ন করলে তাকে কঠিন শাস্তির মুখোমুখি করেছে। মেধারক্ষা : মানবজীবন অর্থবহ হওয়ার জন্য সুস্থমেধার বিকল্প নেই। জ্ঞান-বুদ্ধি ও বিচার-বিবেচনা সুস্থ হলেই মানবীয় গুণাবলী বিকশিত হওয়া সম্ভব। মানুষের জীবন যেমন মূল্যবান তেমনি তার সঠিক বিচারক্ষমতার মূল্যও অনেক বেশি। মেধা ও বিবেচনা সুস্থ রাখার লক্ষ্যে শরীয়ত যে পদক্ষেপগুলো নিয়েছে সেগুলো হলো—সুস্থজ্ঞানের জন্য হুমকি সকল মাদক ও মাদকজাতীয় দ্রব্য হারাম করা হয়েছে। কেউ মাদক সেবন করলে তাকে শাস্তিযোগ্য অপরাধী সাব্যস্ত করা হয়েছে। বুদ্ধির স্বাধীনতা দেয়া হয়েছে। অন্ধ অনুকরণ নয়; যুক্তিপ্রমাণ ও নিরপেক্ষ বিবেচনার ভিত্তিতে সঠিক সিদ্ধান্ত নেয়ার শিক্ষা দেয়া হয়েছে। কুরআনে কারীমে বারবার বিভিন্ন ভ্রান্ত মতবাদকে অযৌক্তিক ও দলীলবিহীন বলে প্রত্যাখ্যান করা হয়েছে। বিশ্বাসের বিষয়গুলো মানুষকে বহুমাত্রিক যুক্তির আলোকে বোঝানো হয়েছে। মানবমস্তিষ্ক বিভ্রান্ত হয় এ ধরণের সকল কর্মকান্ড নিষিদ্ধ করা হয়েছে। ভোজবাজি ও কল্পনাপ্রবণতা থেকে মুক্তি দেয়া হয়েছে। যাদুটোনা ও ভবিষ্যত্ গণনার মতো বিভ্রান্তিকর পন্থাগুলোর শরীয়ত কখনোই অনুমোদন দেয়নি। বংশরক্ষা :শরীয়তের আরেকটি মৌলিক লক্ষ্য হলো, পৃথিবীতে মানুষের আগমন অব্যাহত রাখা। প্রজন্মের পর প্রজন্ম যেন আসতে থাকে এবং নতুন প্রজন্ম যাতে সঠিকভাবে বেড়ে ওঠে সে ব্যাপারে শরীয়ত বিশেষ দৃষ্টি দিয়েছে। এ লক্ষ্যে শরীয়তের পদক্ষেপগুলো এই—মানুষের আগমন অব্যাহত রাখার স্বার্থে বিবাহের বিধান রাখা হয়েছে। বিবাহের মধ্য দিয়ে নতুন মানবশিশু জন্মের পথ সুগম হয় এবং পারিবারিক বন্ধন থাকায় নবজাতকের সঠিক পরিচর্যাও নিশ্চিত হয়। সন্তান বেড়ে ওঠার জন্য যা যা প্রয়োজন সবকিছুর ব্যয়ভার পিতামাতার ওপর বর্তানো হয়েছে। পরিবারকে পরবর্তী প্রজন্মের পাঠশালা গণ্য করা হয়েছে।
(সংক্ষেপায়িত)
