বিমান ওড়ার জন্য আবহাওয়ায় কোনো প্রতিকূলতা ছিল না। এমনকি কোনো ধরনের যান্ত্রিক ত্রুটিও ছিল না বিমানের কোথাও। তবু অন্য রকম এক বিপত্তির কারণে সম্প্রতি দিল্লি¬ থেকে ব্যাঙ্গালোরগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানকে জরুরি অবতরণ করতে হয় ভূপাল বিমানবন্দরে। আর এর পেছনে প্রধান কারণ ছিল বিমানের প্রধান পাইলটের টয়লেটে আটকে যাওয়া। ঘটনার বিবরণে জানা যায়, বিমান যখন মাঝ আকাশে তখন নেহাত আর দশটা দিনের মতোই প্রাকৃতিক কাজ সারতে বিমানের টয়লেটে গিয়েছিলেন ফ্লাইটটির দায়িত্বে থাকা প্রধান পাইলট। কিন্তু অল্প কিছুক্ষণের মাথায় টয়লেট থেকে বেরিয়ে আসতে যেয়েই প্রথমবারের মতো বিপত্তিটা টের পান এই পাইলট। টয়লেটের দরজা কিছুতেই ভেতর থেকে টেনে খুলতে পারছিলেন না তিনি। এদিকে ককপিটে থাকা সহকারী পাইলটের সাথে যোগাযোগ করারও কোনো উপায় খুঁজে পাচ্ছিলেন না। এভাবে বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর যখন প্রায় হাল ছেড়ে দিয়েছিলেন পাইলট তখনই বিষয়টি নজরে আসে সহকারী পাইলটের। প্রধান পাইলটের দেরি থেকে টয়লেটের দরজার কাছে এগিয়ে যেতেই সমস্যাটি চোখে পড়ে তার। তবে সহকারী পাইলট ও বেশ কয়েকজন কেবিন ক্রু’র চেষ্টাতেও যখন বেয়ারা দরজাটাকে বাগে আনা যাচ্ছিল না তখন দ্রুতই বিষয়টি ভূমিতে থাকা গ্রাউন্ড কন্ট্রোল অফিসকে জানানো হয়। আর তাদেরই পরামর্শ ও নির্দেশনা মেনে সহকারী পাইলট বিমানটিকে সাবধানে নামিয়ে আনেন ভূপাল বিমানবন্দরে। এদিকে বিমানের সহকারী পাইলটদের কাছে বিমান চালনা খুব নতুন কিছু না হলেও বিষয়টি সত্যিকার অর্থেই ভাবিয়ে তুলেছিল গ্রাউন্ড কন্ট্রোলের দায়িত্বে থাকা কর্মীদের। আর তাই মূল পাইলটের অনুপস্থিতিতে বিমানটি বাজে আবহাওয়ার মাঝে পড়লে বিপদের ঝুঁকি থাকে বলেই কোনোরকম সময় নষ্ট না করেই ব্যাঙ্গালোরের পরিবর্তে ভূপালে জরুরি অবতরণ করার নির্দেশ দেন তারা।
