সিরিয়ার বিরুদ্ধে জাতিসংঘে নিন্দা প্রস্তাব পাস

আপডেট : ১৬ মে ২০১৩, ২০:৪৭
সিরিয়া সরকারের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এক নিন্দা প্রস্তাব পাস করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ। সেইসাথে দেশটিতে আবারো অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা করার দাবি তোলা হয়েছে। গত বৃহস্পতিবার সাধারণ পরিষদের ১০৭ থেকে ১২ ভোটে খসড়াটি পাস হয়। তবে সংস্থাটির ৫৯ জন সদস্য রাষ্ট্র ভোট দেয়া থেকে বিরত থাকে। আলেপ্পোর কেন্দ্রীয় কারাগারের বাইরে এবং দেশটির অন্যান্য স্থানে যখন তুমুল যুদ্ধ চলছে তখনই এই ভোটের আয়োজন করা হল। আলেপ্পোয় গাড়িবোমা বিস্ফোরণে বুধবার এক শিশুসহ ৮ জন নিহত হয়েছে বলে যুক্তরাজ্যভিত্তিক একটি মানবাধিকার সংস্থা জানিয়েছে। গত বছর এই একই প্রস্তাবে ১৩৩টি রাষ্ট্র ভোট দিয়েছিল। তবে রাশিয়া এ প্রস্তাবের বিরোধিতা করে। কারণ তারা মনে করেছিল এতে করে শান্তি আলোচনা ব্যহত হতে পারে। খসড়া প্রস্তাবটিতে দুইটি বিষয়ে তীব্রভাবে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের প্রতি সমালোচনা করা হয়। এগুলো হল- বেসামরিক এলাকায় ভারী অস্ত্রের ব্যবহার বাড়ানো এবং মানবাধিকার লঙ্ঘন । প্রস্তাবে গভীর উদ্বেগ প্রকাশ করে উল্লেখ করা হয়, দেশটির সরকার রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে। এজন্য জাতিসংঘ তদন্তকারী দলের দেশটিতে অবাধ প্রবেশের সুযোগ প্রদান ও সিরীয় জনগণের প্রতিনিধি বিরোধী গ্রুপ সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশনকে (এসএনসি) সাথে নিয়ে দেশটিতে রাজনৈতিক পরিবর্তন আনার ওপর জোর দেয়ার কথা বলা হয়। দেশটিতে গত দুই বছরের গৃহযুদ্ধে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮০ হাজারে। তার মধ্যে এ বছরের শুরুতেই নিহত হয়েছে প্রায় ২০,০০০ মানুষ। সাধারণ পরিষদের প্রেসিডেন্ট বুক জেরেমিকের কাছ থেকে এমন ঘোষণা আসার পরই এই সংস্থাটির সদস্য রাষ্ট্রগুলো এই ভোটাভুটি করলো। নাভি পিল্লাই, জাতিসংঘ মানবাধিকার প্রধান, এ বছর জানুয়ারিতে বলেছিলেন, আসাদ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার পর থেকে ৬০ হাজারের বেশি লোকজন নিহত হয়েছে। বিদ্রোহটি একটি শান্তিপূর্ণ প্রতিবাদ হিসাবে শুরু হলেও পরে সরকারি বাহিনীর তীব্র আক্রমণের প্রেক্ষিতে তা রূপ নেয় সংঘর্ষে। ঐদিন সভা অনুষ্ঠিত হবার আগে সাধারণ পরিষদের প্রেসিডেন্ট জেরেমিক বলেন, সিরিয়া যুদ্ধে অন্তপক্ষে ৮০,০০০ লোক নিহত যার অধিকাংশই বেসামরিক জনগণ। এদিকে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) বলছে এ সংখ্যা ৯৪,০০০ তবে মৃতের সংখ্যা বেড়ে ১২০,০০০ পর্যন্ত হতে পারে। ওদিকে আলেপ্পোয় কেন্দ্রীয় কারাগারের বাইরে বিদ্রোহীদের দুইটি গাড়িবোমা বিস্ফোরণের পর ট্যাঙ্ক ও যুদ্ধবিমান দিয়ে হামলা চালিয়ে তাদের হটাতে সমর্থ হয়েছে সরকারি বাহিনী। এসওএইচআর একথা জানায়। এসময় কয়েক ঘণ্টা ধরে দুই পক্ষের ভেতর সংঘর্ষ চলে। তবে বিদ্রোহীরা কারাগার স্থানটির কাছাকাছি পোঁছাতে পারেনি। অনেক বন্দি এখানে আটক রয়েছে। অন্যদিকে বিদ্রোহীদের গাড়িবোমা হামলায় এক শিশু ও একই পরিবারের সাতজন নিহত হয় বলে মানবাধিকার সংস্থাটি জানায়। তাছাড়া বুধবার রাজধানী দামেস্কের কেন্দ্রস্থলে উমায়েদ স্কয়ারে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।