স্বল্পমূল্যে শিশুদের প্রাণ রক্ষাকারী টিকা বাজারে ছাড়বে ভারত

আপডেট : ১৬ মে ২০১৩, ২০:৪৮
বিশ্বে প্রায় ৫ লাখ শিশুর মৃত্যুর জন্য দায়ী প্রাণঘাতী রোটা ভাইরাস প্রতিরোধ করার জন্য একটি স্বল্পমূল্যের টিকা তৈরির ঘোষণা দিয়েছেন ভারতীয় বিজ্ঞানীরা। সরকার অনুমতি দিলে আট থেকে নয় মাসের মধ্যেই এটি বাজারে ছাড়তে পারবে বলে জানিয়েছে টিকাটির উত্পাদক কোম্পানি।—খবর বিডিনিউট টোয়েন্টিফোর ডটকমের। শরীরে পানি শূন্যতা ও মারাত্মক ডাইরিয়ার কারণ ঘটায় রোটা ভাইরাস। ভাইরাসটি দূষিত হাত ও পানির মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে যা এশিয়া ও আফ্রিকায় দেখা যায় বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। ভারত জানিয়েছে, রোটাভ্যাক নামের এই টিকাটির পরীক্ষামূলক ব্যবহারে দেখা গেছে, এটি বছরে কয়েক হাজার শিশুর প্রাণরক্ষা করতে পারবে। ভারতীয় এক ওষুধ কোম্পানি জানিয়েছে, টিকাটির দাম ভারতীয় মুদ্রায় মাত্র ৫৪ রুপি। বহুজাতিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্ল্যাক্সোস্মিথক্লেইন ও মেক্সের তৈরি একই ধরনের টিকার একটি ডোজের দাম এক হাজার রুপি। ভারতের হায়দরাবাদভিত্তিক ভারত বায়োটেক রোটাভ্যাক টিকাটি তৈরি করেছে। সরকারি অনুমোদন পাওয়ার পর আগামী আট থেকে নয় মাসের মধ্যেই টিকাটি বাজারে ছাড়তে পারবে বলে জানিয়েছে বায়োটেক।