বাংলাদেশের সাথে বাণিজ্য বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে ইরান। বাংলাদেশের অনুরোধের প্রেক্ষিতে ইরান বাংলাদেশ রেলওয়ের জন্য যাত্রীবাহী কোচ ও লোকমোটিভস সরবরাহে আগ্রহ প্রকাশ করেছে। অন্যদিকে চট্টগ্রাম সমুদ্র বন্দর ও ইরানের শহীদ রাজী সমুদ্র বন্দরের মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে ইরান আগ্রহ প্রকাশ করেছে। বিদ্যমান বিমান পরিবহন চুক্তি নবায়ন করার বিষয়েও উভয় দেশ একমত হয়েছে।
গতকাল বাংলাদেশ ও ইরানের মধ্যে যৌথ অর্থনৈতিক কমশিনের (জেইসি) ৫ম সভা শেষে এতথ্য জানানো হয়। শেরে-বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে দুই দিনব্যাপী জেইসি সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও ইরানের শিল্প, খনিজ ও বাণিজ্যমন্ত্রী ড. মেহেদী ঘাজানফারি বক্তব্য রাখেন।
আন্তর্জাতিক অবরোধ দুই দেশের বাণিজ্যে কোনো প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্নের জবাবে ড. মেহেদী জানান, আন্তর্জাতিক বিভিন্ন অবরোধ সত্ত্বেও ইরানের বাণিজ্য প্রতিবছর দশ থেকে বিশ শতাংশ হারে বেড়েই চলেছে। পারমাণবিক সংক্রান্ত কোনো বিষয় ছাড়া অন্য খাতের বাণিজ্য বাড়াতে বাধা নেই। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া অর্থনৈতিক অবরোধের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানান, ইরানের কেন্দ্রীয় ব্যাংকের সাথে লেনদেনে কিছুটা সমস্যা আছে। তবে এর বাইরে লেনদেনের সম্ভাবনাগুলো খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, পাশ্চাত্যের অবরোধের পর চীন, ভারত, পাকিস্তানসহ অন্যান্য প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে ইরান।
এসময় জানানো হয়, সভায় বাংলাদেশ ও ইরানের মধ্যে সম্পর্ক আরো জোরদার করার লক্ষ্যে দ্বি-পাক্ষিক বহুবিধ বিষয়ে আলোচনা হয়।
মন্ত্রী পর্যায়ে বৈঠকে দুই দেশের প্রতিনিধি দলের প্রতিনিধিরা নিজ নিজ দেশের আর্থ-সামাজিক ক্ষেত্রে অর্জিত সাফল্য তুলে ধরে বাংলাদেশ ও ইরানের মধ্যকার বিদ্যমান সম্পর্ককে আরো জোরদার করার উপর গুরুত্বারোপ করেন। অর্থনৈতিক বিভাগের অতিরিক্ত সচিব কাজী সফিকুল আযম এবং ইরানের এশিয়া এবং ওশেনিয়া ট্রেড ব্যুরোর মহাপরিচালক রেজা আব্বাসঘোলী ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যায়ের বৈঠকে নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব প্রদান করেন। বৈঠকে দুই দেশের ব্যবসায়ী এবং বেসরকারি খাতের প্রতিনিধিদের নিয়ে একটি যৌথ বাণিজ্য পরিষদ গঠনের বিষয়ে ঐকমত্য পোষণ করা হয়।
দুই দিনব্যাপী অনুষ্ঠিত জেইসি বৈঠক শেষে কৃষি ও মত্স্য, বাণিজ্য, স্বাস্থ্য, পর্যটন, খাদ্য নিরাপত্তা, বিনিয়োগ, শিক্ষা এবং বিজ্ঞান ও প্রযুক্তি প্রভৃতি খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে উভয় দেশ সম্মত হয়। সভা শেষে দুই পক্ষের মধ্যে একটি সম্মত কার্যবিবরণী স্বাক্ষরিত হয়।
