সন্ত্রাসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ একই মনোভাব পোষণ করে :মজীনা

আপডেট : ১৬ মে ২০১৩, ২২:৪০
ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, সন্ত্রাসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ একই মনোভাব পোষণ করে। বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ভালো সম্পর্ক এবং বন্ধুত্ব দীর্ঘদিনের। এজন্য বৈশ্বিক ইস্যুগুলো এবং চাপ মোকাবিলার ক্ষেত্রে প্রশিক্ষণ আয়োজনের প্রয়োজন রয়েছে। আমরা যে যেখানেই কাজ করি না কেন, সন্ত্রাসের বিরুদ্ধে একই প্রকৃতির মনোভাব পোষণ করে বৈশ্বিক শান্তি ও স্থিতি নিশ্চিত করতে হবে। গতকাল বৃহস্পতিবার ‘‘পুলিশ লিডার্স রোল ইন কম্বেটিং টেরোরিজম” শীর্ষক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ড্যান মজীনা একথা বলেন। পুলিশ স্টাফ কলেজের ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে এ অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার, পুলিশ স্টাফ কলেজের রেক্টর নাজমুল হক, যুক্তরাষ্ট্র দূতাবাসের আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা জেনস উইলিয়ামসসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। প্রশিক্ষণ কোর্সটিতে এনএসআই-এর দুইজন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন, পুলিশের একুশজনসহ বিভিন্ন পদবীর মোট চব্বিশজন কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কোর্সে পুষ্ঠপোষকতা করে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের রিজিওনাল সিকিউরিটি অফিস। রাষ্ট্রদূত মজীনা বলেন, সন্ত্রাসকে পরাজিত করতে আইন প্রণয়ন প্রক্রিয়া আরো সুসংহত এবং প্রযুক্তি আরো উত্কর্ষিত হওয়া প্রয়োজন। অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার বলেন, প্রশিক্ষণের মৌলিক উদ্দেশ্য হচ্ছে সন্ত্রাসের বিরুদ্ধে একই মনোভাব এবং সমপ্লাটফর্ম তৈরি করা। আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা জেনস উইলিয়ামস বলেন, যুক্তরাষ্ট্র দূতাবাস বাংলাদেশ সরকারের সঙ্গে অংশীদারিত্বে এই বছর আরো কয়েকবার সন্ত্রাসবিরোধী সহায়তা প্রদানের পরিকল্পনা করছে।