বৃষ্টি ও জলাবদ্ধতায় রাজধানীবাসীর দুর্ভোগ

আপডেট : ১৬ মে ২০১৩, ২২:৪১
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মহাসেনের ব্যাপক প্রভাব পড়েছে রাজধানীতেও। বৃহস্পতিবার ভোররাত থেকে বেলা সোয়া দু’টা পর্যন্ত ঝড়ো-দমকা হাওয়াসহ গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে স্থবির হয়ে পড়ে নগর জনজীবন। বর্ষণে নগরীর নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়কগুলোতে হাঁটু পানি জমে সৃষ্টি হয় অস্বস্তিকর পরিস্থিতির। টানা বৃষ্টিপাতে প্রায় বিপর্যস্ত রাজধানী। রাস্তাঘাট, ফুটপাত ও নিচু এলাকায় বৃষ্টির পানি জমে সৃষ্টি হয় জলাবদ্ধতা। ঘূর্ণিঝড় মহাসেনের প্রভাবে দেশের অন্যান্য অঞ্চলের মতো ঢাকায়ও দিনভর বৃষ্টি হয়। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগে পড়ে নগরবাসী। জলাবদ্ধতার কারণে অনেক স্থানে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। ভুক্তভোগীরা ইত্তেফাককে জানান, অল্প বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে করে নগরীর নিম্নাঞ্চলের বাসিন্দারা দৈনন্দিন জীবনধারণে নানা দুর্দশায় পড়ছেন। বিভিন্ন অঞ্চলের প্রধান সড়কসহ অলিগলিও ডুবে যায়। অপ্রতুল ড্রেনেজ ব্যবস্থার কারণে দ্রুত পানি নামছে না বলে তারা ক্ষোভ প্রকাশ করেন। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শাহ আলম ইত্তেফাককে জানান, দুর্বল হলেও মহাসেনের প্রভাবে আগামী ২৪ ঘণ্টা বৃষ্টি হবে দেশের বিভিন্ন স্থানে। বেশ কিছু প্রধান সড়কে পানি জমে গেছে। ঢাকায় বুধবার মাত্র তিন মিলিমিটার বৃষ্টিপাত হলেও বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। বৃষ্টিপাতের কারণে স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে অফিসগামী কর্মজীবী নারী-পুরুষ, পথচারী সবাই চরম দুর্ভোগে পড়েন। প্রয়োজন ছাড়া খুব কম লোকই রাস্তায় নামেন। ভোগান্তি নেমে আসে নিম্ন আয়ের মানুষের মাঝেও। অনেক স্থানে দোকানপাট ছিল বন্ধ। রাজধানী ঘুরে দেখা গেছে, সময় মত পানি নেমে না যাওয়ায় প্রধান প্রধান সড়কে পানি জমে যায়। গতকাল দুপুর ২টার দিকে বাণিজ্যিক এলাকা মতিঝিলের বনশিল্প ভবন ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আশপাশে ছিল হাঁটু পানি। বৃষ্টির পানি জমে সবচেয়ে খারাপ পরিস্থিতির সৃষ্টি হয় রাজধানীর মৌচাক, মগবাজার, মোহাম্মদপুর, ধানমন্ডি ২৭, আজিমপুর এলাকায়। গেণ্ডারিয়ার মেথর পট্টিও তলিয়ে যায় পানির নিচে। ধানমন্ডির জিগাতলা থেকে হাজারিবাগ সড়কে রিকশাসহ সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। মোহাম্মদপুর বাসস্ট্যান্ডেও পানি জমে। এছাড়া মিরপুরের সনি সিনেমা হল থেকে শুরু করে চিড়িয়াখানা সড়কেও জমে বৃষ্টির পানি। মাজার রোড ও গাবতলীর বিভিন্ন স্থানেও পানি জমে থাকতে দেখা যায়। রায়েরবাজারের অলিগলিতে হাঁটু পানি জমে। এছাড়াও খিলগাঁও ফ্লাইওভারের নিচ থেকে রাজারবাগ হয়ে মালিবাগ মোড় পর্যন্ত রাস্তা পানির নিচে। জলাবদ্ধতা সৃষ্টি হয় শান্তিনগর, কাকরাইল, ফকিরাপুল, কমলাপুরসহ আশপাশের এলাকায়। একই অবস্থা বাড্ডা ও নতুন বাজার এলাকায়। এছাড়াও যাত্রাবাড়ী, রায়সাহেব বাজার, মুগদা, মিরপুর কাজীপাড়া, শ্যাওড়াপাড়া, সায়েন্সল্যাব এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতার কারণে বিভিন্ন সড়কে সিএনজি চালিত যানবাহনগুলোকে বিকল হয়ে পড়ে থাকতে দেখা গেছে। শ্যাওড়াপাড়ার বাসিন্দা মোহাম্মদ আবদুল আলিম ও টুটুল হাসান ইত্তেফাককে জানান, রাস্তায় পানি জমলে দুর্ভোগের শেষ নেই। নগর পরিকল্পনাবিদদের মতে, অপরিকল্পিত উপায়ে নগরায়নের ফলে এই সমস্যা দিন দিন প্রকট আকার ধারণ করছে। এছাড়াও প্রতিবছর কার্পেটিং করার কারণে অধিকাংশ সড়ক স্বাভাবিকের চেয়ে বেশি উঁচু হচ্ছে। পক্ষান্তরে বসতিগুলো নিচু হচ্ছে। এছাড়া জলাবদ্ধতার অন্যতম কারণ হিসাবে রাজধানীর অপরিকল্পিত ও অপর্যাপ্ত ড্রেনেজকে দায়ী করেছেন নগর পরিকল্পনাবিদরা। তারা বলছেন, পরিকল্পিত নগর ব্যবস্থা নিশ্চিত করা না গেলে রাজধানীবাসীর দুর্দশা আরো বাড়বে।