বিজয় না আসা পর্যন্ত আন্দোলন চলবে :বিএনপি

আপডেট : ১৬ মে ২০১৩, ২২:৪২
বিএনপি বলেছে,সরকারের পতন আন্দোলন চলছে, চলবে। আমাদের আন্দোলন থেমে নেই। আমাদের বিজয় না আসা পর্যন্ত আন্দোলন চলবে। গতকাল বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেন, সরকার দাবি করে বিএনপির জনপ্রিয়তা নেই। সব জনসমর্থন সরকারের পক্ষে। সরকারকে বলতে চাই। ক্ষমতা ছেড়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনমত যাচাই করুন। বুঝতে পারবেন আপনাদের পরিণতি। দুদু মুক্তির পর জেল গেট থেকে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমদকে গ্রেফতার এবং বরকতউল্লাহ বুলুকে মুক্তি না দেয়ার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন। তিনি অবিলম্বে তাদের মুক্তি দাবি করেন। এসময় আরও উপস্থিত ছিলেন, আব্দুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, রফিক সিকদার, আবদুস সালাম আজাদ, অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ। এদিকে শামসুজ্জামান দুদু এক বিবৃতিতে কারা হেফাজতে বিএনপি কর্মী ওমর ফারুকের মৃত্যুতে তীব্র নিন্দা, প্রতিবাদ ও শোক প্রকাশ করেছেন। ১৪ মে পুলিশি নির্যাতনে গুরুতর অসুস্থ হয়ে বিএনপি কর্মী ওমর ফারুক মৃত্যুবরণ করেন।