ব্যাপক প্রস্তুতি, আগাম সতর্কতার পর ঘূর্ণিঝড় মহাসেন আঘাত হেনেছে দুর্বলভাবে। তারপরও থামানো যায়নি প্রাণহানি। বিধ্বস্ত হয়েছে হাজার হাজার ঘরবাড়ি। উপড়ে পড়েছে গাছপালা। বহু মানুষ আশ্রয় হারিয়েছেন। তাদের এখন ঠিকানা হয়েছে খোলা আকাশের নিচে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার আগেই বাংলাদেশের সীমানা অতিক্রম করে ত্রিপুরার দিকে চলে যায় দুর্বল হয়ে পড়া এই ঘূর্ণিঝড়টি। সর্বশেষ খবর অনুযায়ী মহাসেনের আঘাতে ১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে বরগুনায় ৭ জন, ভোলায় ৪ জন, পটুয়াখালিতে ২ জন ও পিরোজপুরে ১ জন।
বরগুনা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকাশ চন্দ্র বিশ্বাস ৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। ঝড়ের তাণ্ডবে নিহত ব্যক্তিরা হলেন— বেতাগী উপজেলার পূর্ব রানীপুর গ্রামের সৈয়দ আলী (৭৫), বকুলতলী গ্রামের শিশু আমির হোসেন (৬), তালতলী উপজেলার ছোট আমখোলা গ্রামের চান মিয়া (৬০), বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের লক্ষ্মীপুরা গ্রামের আনোয়ার হোসেন (৬০), একই ইউনিয়নের নাদিরা আক্তার (২৬) ও বামনা সদর ইউনিয়নের সফিপুর গ্রামের মোশাররফ হোসেন (৬৫) ও পাথরঘাটা উপজেলার ঘুটাবাছা গ্রামের হানুফা বেগম (২৫)।
বুধবার রাত তিনটার দিকে ঝড়ে উপড়ানো গাছের নিচে চাপা পড়ে সৈয়দ আলী নামের এক ব্যক্তি মারা যান। গতকাল গাছের নিচে চাপা পড়ে মোশাররফ ও আনোয়ার নামের দুই ব্যক্তি মারা যান। দুপুরের দিকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় বজ পাতে মারা যায় শিশু আমির। আর হুড়োহুড়ি করে আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় পড়ে গিয়ে মারা যান চান মিয়া ও নাদিরা। এর মধ্যে নাদিরা অন্তঃসত্ত্বা ছিলেন। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির উপপরিচালক হাফিজ উদ্দিন এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঘূর্ণিঝড় মহাসেনের প্রভাবে গতকাল ভোর সাড়ে পাঁচটা থেকে বরগুনায় দমকা ও ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। একই সঙ্গে ছিল প্রবল বৃষ্টিপাত। বুধবার রাত আড়াইটার দিকে বরগুনায় বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরই মধ্যে নদ-নদীর পানি ছয় থেকে সাত ফুট ফুঁসে ওঠে বলে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে। এতে বরগুনা শহর তিন ফুট পানির নিচে তলিয়ে যায়। এলাকাবাসী জানিয়েছেন, পাথরঘাটা উপজেলার লালদিয়া, পদ্মা, হরিণঘাটা ও খলিফারহাট এলাকায় প্রায় ৪০০ বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। আশারচর, নিদ্রারচর, নলবুনিয়া, কাজিরখাল এলাকায় প্রায় ৩০০ কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে। বরগুনা সদর, তালতলী, আমতলী ও পাথরঘাটার প্রায় এক হাজার মাছের ঘের পানিতে তলিয়ে গেছে। তালতলীর দক্ষিণ ঝাড়াখালী গ্রামে ঝড়ে উপড়ানো বেশ কিছু গাছের নিচে চাপা পড়ে ৫০টির মত গরু মারা গেছে।
এদিকে ভোলায় ঘূর্ণিঝড়ে দুই শিশুসহ চার জনের মৃত্যু হয়েছে। তারা হলেন— লালমোহন উপজেলার ধলীগৌর নগরের মঙ্গল শিকদার এলাকার মো. আবুল কাশেম (৪৫), ঢালপরের আদর্শপাড়া গ্রামের মৃত ফজর আলীর ছেলে রফিকুল ইসলাম (৬৫), কুকরীর চর পতিলার শিশু নিপা (৮) ও চর মাদ্রাজের শিশু পারভেজ (৭)। ভোলার জেলা প্রশাসক খোন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ভোরে গাছের ডাল ভেঙে লালমোহন উপজেলার ধলীগৌর নগরের মঙ্গল শিকদার এলাকার মো. আবুল কাশেম (৪৫) মারা যান। উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে পারভেজ নামের এক শিশু গাছের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। আর ঘরচাপা পড়ে মারা যান রফিকুল। তবে শিশু নিপা কিভাবে মারা গেছে তা নিশ্চিত করা যায়নি। লালমোহন উপজেলার লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম গতকাল সন্ধ্যায় জানান, এই এলাকায় দুই শতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে। দু’টি নৌকাসহ ১৪ জন জেলে এখনও নিখোঁজ রয়েছে।
ঝড়ের কবলে পড়ে পটুয়াখালীতে দুইজন নিহত হয়েছেন। তারা হলেন- সদর উপজেলার আওলিয়াপুর ইউনিয়নের বলাইকাঠি গ্রামের মো. সিরাজ আকন্দ (৬০) ও গলাচিপা উপজেলার ৯ নম্বর ওয়ার্ডে মোছা. রিজিয়া পারভীন (৫০)। জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে মো. সিরাজ আকন্দ ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের সাইক্লোন শেল্টার সেন্টারে যাওয়ার পথে ঝড়ের তাণ্ডবে রাস্তার পাশে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আওলিয়াপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম সিরাজ আকন্দের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সকাল ১০টার দিকে গলাচিপার ৯ নম্বর ওয়ার্ডের বনানী কলেজ রোড এলাকার মৃত জব্বার পেয়াদার স্ত্রী মোছা. রিজিয়া পারভীন গাছ চাপা পড়ে মারা যান। গলাচিপা থানার ওসি জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
আমাদের পিরোজপুর অফিস জানায়, ঘূর্ণিঝড় ‘মহাসেনের’ প্রভাবে জেলার মঠবাড়িয়ার গ্রামে একজন মহিলা ঘর চাপা পড়ে মারা গেছেন। গতকাল সকালে ঝড়ে ঘরের উপর গাছ পড়লে মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের পশুরিয়া গ্রামের মনোয়ারা বেগম (৫৮) নামে এক মহিলার মৃত্যু হয় বলে ইউপি চেয়ারম্যান সুলতান মিয়া জানান। আহত হয়েছেন নিহতের স্বামী সুলতান হোসেন (৬৫) ও ছেলে জলিল (৩০)। তাদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। তবে জেলা বা উপজেলা নিয়ন্ত্রণ কক্ষ এ হতাহতের খবর সন্ধ্যা পর্যন্ত নিশ্চিত করতে পারেনি।
