উপকূলে বিদ্যুত্ নেই, আজ সরবরাহ শুরু হতে পারে

আপডেট : ১৬ মে ২০১৩, ২২:৪২
উপকূলের অনেক জেলায় গতকাল সন্ধ্যার পর পর্যন্ত বিদ্যুত্ ছিল না। বুধবার থেকেই এ অঞ্চলে বিদ্যুত্ সরবরাহ বন্ধ রাখা হয়। উপকূলের বিভিন্ন এলাকায় বিদ্যুত্ স্থাপনায় বেশকিছু ক্ষতি হয়েছে। তবে তার পরিমাণ কম। সব লাইন দুই এক দিনের মধ্যে প্রতিস্থাপন করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এরপরই মহাসেন উপদ্রুত সকল এলাকায় আবারও বিদ্যুত্ সরবরাহ শুরু হবে। এ নিয়ে গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর উপদেষ্টা প্রধানমন্ত্রী কার্যালয়ে বৈঠক করেছেন। গতকাল ভোর থেকেই উপকূলের অনেক স্থানে বিদ্যুত্ সরবরাহ বন্ধ করে রাখা হয়েছিল। খুলনা এবং বরিশাল বিভাগের জেলাগুলোতে বিদ্যুত্ সরবরাহ ব্যবস্থা আংশিক ক্ষতিগ্রস্ত। চট্টগ্রাম এবং আশপাশের এলাকায় বিদ্যুত্ সরবরাহ ব্যবস্থায় ক্ষয়ক্ষতির পরিমাণ তুলনামূলক কম। দ্রুত বিদ্যুত্ সরবরাহ পরিস্থিতি ঠিক করতে সরকারের উচ্চ পর্যায় থেকে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে। এদিকে ঘূর্ণিঝড় মহাসেনের আঘাতে বৈদ্যুতিক দুর্ঘটনা এড়াতে দেশের উপকূলীয় আট জেলা কক্সবাজার, ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ঝালকাঠি, বাগেরহাট ও বরগুনায় বিদ্যুত্ সরবরাহ বন্ধ রাখা হয়। চট্টগ্রাম এবং আশপাশের কোন কোন এলাকায় বৃহস্পতিবারই সরবরাহ শুরু হয়েছে। শুক্রবারের মধ্যে বাকি লাইন চালু করা সম্ভব হবে। কক্সবাজার টেকনাফ এলাকায়ও বড় কোন বিপর্যয় ঘটেনি। মহাসেনের আঘাতে কিছু এলাকায় বিদ্যুতের খুঁটি পড়ে গেছে, কয়েকটি ট্রান্সফরমার নষ্ট হয়েছে এবং লাইনের তার ছিঁড়ে গেছে। ঝড়ের পরপরই বিদ্যুত্ কর্মীরা উপদ্রুত এলাকায় গিয়ে ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করছেন। ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) এক কর্মকর্তা বলেন, শুক্রবারের মধ্যে আবার সকল বিদ্যুত্ লাইন স্বাভাবিক করা সম্ভব হবে। কিছু খুঁটি পড়ে যাওয়া এবং দু-একটি ট্রান্সফরমার নষ্ট হয়ে গেছে। কোন কোন এলাকায় বিদ্যুত্ লাইনের তার ছিঁড়ে গেছে। কর্মকর্তা-কর্মচারীরা ঝড়ের পরপরই দুর্গত এলাকায় গেছেন, তারা ফিরে আসার পরই প্রকৃত ক্ষয়ক্ষতির হিসেব জানা যাবে। ঘূর্ণিঝড় মহাসেনের আঘাত-পরবর্তী সময়ে সরবরাহ ব্যবস্থা অব্যাহত রাখার বিষয়ে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তুুতিমূলক বৈঠক হয়। সেখানে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক করতে একটি কর্মপরিকল্পনা তৈরি করার নির্দেশ দেয়া হয়। বিদ্যুত্ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রম, বিদ্যুত্ বিভাগের সচিব মনোয়ার ইসলাম উপস্থিত ছিলেন। সভায় জানানো হয় উপকূলীয় এলাকাসহ মাঠ পর্যায়ে সমস্ত বিদ্যুত্ অফিস জেলা এবং কেন্দ্রের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করবে। দুর্যোগের সময় উত্পাদন এবং বিতরণে সমন্বয় রক্ষা করার পাশাপাশি দুর্যোগকালীন সময়ে রক্ষণাবেক্ষণ বা মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি সংরক্ষণ করার নির্দেশ দেয়া হয়।