বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে নেয়া হবে কিনা সে বিষয়ে আদেশের জন্য আগামী ২৬ মে দিন ধার্য করেছে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১। ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপক্ষ অভিযোগ দাখিল করে। তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ১৪টি অভিযোগ আনা হয়েছে। উল্লেখ্য, একাত্তরের মুক্তিযুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত বছরের ১৭ জুন তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার পর তাকে গ্রেফতার করা হয়। পরদিন ট্রাইব্যুনাল তার জামিনের আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
মোবারকের বিরুদ্ধে
সাক্ষ্য গ্রহণ ২০ মে
মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানাধীন সাবেক আওয়ামী লীগ নেতা মোবারক হোসেনের বিরুদ্ধে ট্রাইব্যুনাল আগামী ২০ মে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছে। ট্রাইব্যুনাল-১ এ গতকাল রাষ্ট্রপক্ষ সূচনা বক্তব্য উপস্থাপন শেষ করে। এরপর আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক হেনা এ মামালায় সাক্ষ্য গ্রহণে সময় দেয়ার আবেদন করলে ট্রাইব্যুনাল-১ আগামী ২০ মে ধার্য করে। তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ৫টি অভিযোগ আনা হয়েছে।
