সাভারের রানা প্লাজা ধসে এগারোশ’র বেশি শ্রমিক নিহত হওয়ার পর তৈরি পোশাক ক্রেতারা বাংলাদেশের কারখানাগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। তবে ইউরোপের ক্রেতারা কারখানার নিরাপত্তার বিষয়ে চুক্তিতে আবদ্ধ হতে রাজি হলেও যুক্তরাষ্ট্রের ক্রেতারা ভিন্ন মত দিচ্ছে।
ওয়ালমার্ট, জেসি পেনি, গ্যাপ-এর মত ক্রেতারা বলছেন, তৃতীয় কোন পক্ষ নয়, কোম্পানি যেসব কারখানায় কাজ করে, সেগুলোর কর্মপরিবেশ ঠিক রাখতে ব্যবস্থা গ্রহণ করবে। তবে, ইউরোপের অনেক ক্রেতা প্রতিষ্ঠান ইতিমধ্যে আগুনের মতো দুর্ঘটনা বন্ধ এবং কারখানা ভবনের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে একটি চুক্তিতে স্বাক্ষর করেছে। ‘ফায়ার এন্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশ’-শীর্ষক এ চুক্তির পেছনে কাজ করেছে দুটি আন্তর্জাতিক শ্রমিক সংগঠন।
জানা গেছে, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গার্মেন্টস রপ্তানিকারক দেশ-বাংলাদেশের কারখানা দুর্ঘটনায় শ্রমিক মৃত্যুর হার বেড়ে যাওয়ায় ভোক্তারা ক্রেতাদের বিরুদ্ধে সোচ্চার হয়। ভোক্তারা অভিযোগ করে শুধু সস্তায় কাপড় কেনার জন্য ক্রেতারা বাংলাদেশের দিকে ঝুঁকে পড়েছে। কিন্তু যেসব কারখানায় এসব পোশাক তৈরি করা হয় সেখানকার শ্রমিকদের অবস্থা বেশ করুণ। ভোক্তাদের চাপে ইউরোপের অধিকাংশ ক্রেতা কারখানার নিরাপত্তা রক্ষার চুক্তিতে স্বাক্ষর করেছে। উল্লেখ্য, সাভারের রানা প্লাজায় যে কয়টি কারখানা ছিল সেগুলোর প্রায় সবই ইউরোপের ক্রেতাদের কাছে পোশাক রপ্তানি করত।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলো নানা সূত্র উল্লেখ করে বলেছে, ইউরোপের খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান এইচ এন্ড এম , ইন্ডিটেক্স, প্রিমার্ক এবং টেসকো এরই মধ্যে বাংলাদেশের কারখানার নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নে চুক্তিতে স্বাক্ষর করেছে। এসব চুক্তিতে শ্রমিকদের বেতন বাড়ানোর পাশাপাশি তাদের ইউনিয়ন করার অধিকার দেয়ার কথা বলা হয়েছে। চুক্তির শর্ত অনুযায়ী যেসব কারখানা নিয়মিত শ্রমিকদের বেতন বাড়াবে না বা ইউনিয়ন করার অধিকার দেবে না-সেসব কারখানায় ক্রেতারা কাজ দেবে না।
এদিকে, ব্যবসা বাণিজ্যের খবরের নামি গণমাধ্যম- ব্লুমবার্গের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের ক্রেতারা কারখানার নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নে চুক্তিতে স্বাক্ষর করবে না-এমন সংবাদে আশ্চর্য হবার কিছু নেই। ওয়ালমার্ট এ চুক্তি সই না করার বিষয়ে তাদের বিবৃতিতে বলেছে, নিরাপত্তার বিষয়টিতে অনেক কিছু জড়িত। ক্রেতা, উত্পাদনকারী এবং সংশ্লিষ্ট সরকারের ওপর বিষয়টি ছেড়ে দেয়া উচিত। তবে, ওয়ালমার্ট বলেছে বাংলাদেশের যে ২৭৯টি কারখানায় ওয়ালমার্টের পোশাক সরবরাহকারীরা কাজ দেয়, সেসব কারখানার জন্য আলাদা নিরাপত্তা ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে। আগামী ৬ মাসের মধ্যে তা বাস্তবায়ন করে তার ফলাফল জনসমক্ষে প্রকাশ করা হবে।
জেসি পেনির একজন মুখপাত্র ব্লুমবার্গকে বলেছেন, কোম্পানিটি কারখানার নিরাপত্তার জন্য একটি বিকল্প চুক্তি করতে যাচ্ছে। এর সুফল শীঘ্রই পাওয়া যাবে বলা হলেও চুক্তির বিষয়বস্তু তিনি জানাতে রাজি হননি। তবে যুক্তরাষ্ট্রের আরেক ক্রেতা পিভিএইচ (টমি হিলফিগার এবং কেলভিন ক্লেইন ব্রান্ড সরবরাহকারী) শ্রমিক সংগঠনগুলোর সাথে কারখানা নিরাপত্তার চুক্তি সই করতে রাজি হয়েছে। এর আগে রাজি না হলেও চুক্তিতে সই করার পর কোম্পানির পক্ষ থেকে অন্যদেরও এ চুক্তি স্বাক্ষরের আহবান জানানো হয়েছে।
এদিকে, সুইডেনের খুচরা বিক্রেতা ও বিশ্বের দ্বিতীয় বৃহত্ পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান এইচ এন্ড এম-এর প্রধান কার্ল জোহান পারসন ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাত্কারে বাংলাদেশের কারখানা শ্রমিকদের বেতন বাড়ানোর আহবান জানিয়েছেন। তিনি বলেন, আমি চাই প্রতিবছরই বেতন বাড়ানো হোক। আমরা যখন দেখবো শ্রমিকরা ভালো আছে, তাদের বেতন বেড়েছে তাহলে আমরাও পোশাকের দাম বাড়াতে উত্সাহ পাবো। শ্রমিকদের বেতন বাড়ানোর উপায় নিয়ে কথা বলতে তিনি বড় বড় ক্রেতাদের সাথে এক টেবিলে বসে সিদ্ধান্ত নেয়ার কথাও জানান। তবে এক সময় এইচ এন্ড এম-এর পোশাক সরবরাহকারী বিজিএমইএ’র সাবেক সহ-সভাপতি এবিএম সামছুদ্দিন এ বিষয়ে বলেন, কোম্পানিটি নানা কথা বললেও কোনদিন তারা কথা রাখেনি। বাংলাদেশের পোশাক কেনার ক্ষেত্রে নানা অসততার পরিচয়ও দিয়েছে তারা। তিনি বলেন, এইচএন্ডএম একটি বড় কারখানায় পোশাকের ডিজাইন তৈরি করে। এরপর সস্তায় কাজ করানোর জন্য ছোট ছোট কারখানগুলোর সাথে দেন-দরবার করে। এমনকি তারা এসব নন-কমপ্লায়েন্ট কারখানায় অর্ডারও দিয়ে থাকে। নতুন কারখানাকে কমপ্লায়েন্ট করতে এইচ এন্ড এম অসততার আশ্রয় নেয় বলে তিনি উল্লেখ করেন। কোম্পানিটি এ সময় ছোট কারখানার কথা উল্লেখ করে এই বলে যে, ‘কারখানাটিকে আমরা পর্যালোচনা করছি।’ (দিস ফ্যাক্টরি আর টেম্পোরারি ইভেলুয়েটেড)। এছাড়া অন্যান্য ক্রেতারা তৃতীয় পক্ষ দিয়ে কারখানা অডিট করালেও এইচ এন্ড এম নিজস্ব লোক দিয়ে অডিট করানোর কারণে বেশি অনিয়মের আশ্রয় নিয়ে থাকে।
