আদালতে আত্মসমর্পণ করলেন সঞ্জয় দত্ত

আপডেট : ১৬ মে ২০১৩, ২২:৪৪
অবশেষে আদালতে আত্ম-সমর্পণ করলেন মুন্নাভাই খ্যাত বলিউড তারকা সঞ্জয় দত্ত। গতকাল বৃহস্পতিবার মুম্বাইয়ের বিশেষ টাডা আদালতে তিনি আত্মসমর্পণ করেন। তাকে পুনের ইয়েরওয়াড়া কারাগারে নেয়া হতে পারে। কারাগারে তিনি বাড়ির রান্না করা খাবার খেতে পারবেন। খবর এনডিটিভির। নিরাপত্তাজনিত কারণে সঞ্জয় দত্তের বাড়ি, আদালত এবং কারাগারের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আত্মসমপর্ণের সময় তার প্রচুর ভক্ত আদালতে উপস্থিত হন। এ সময় তার সঙ্গে তার স্ত্রী ছাড়াও পরিচালক মহেশ ভাট উপস্থিত ছিলেন। কারাগারে একটি বালিশ, ছোট্ট একটি ম্যাট্রেস এবং প্রয়োজনীয় ওষুধ নিতে পারবেন বলিউড তারকা। তবে কারাগারে ইলেক্ট্রনিক সিগারেট খাওয়ার আবেদন জানালেও আদালত সেটি নাকচ করে দেন। গত বুধবার সঞ্জয় দত্ত আদালতকে জানান, তিনি মৌলবাদীদের হামলার আশঙ্কা করছেন। তবে পুনে কারাগারে তার জন্য বিশেষ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি কারাগার কর্তৃপক্ষ। তবে তাকে ডিম্বাকৃতির আলাদা একটি কক্ষে রাখা হবে। উল্লেখ্য, ১৯৯৩ সালে মুম্বাইতে বোমা হামলার ঘটনায় ২০০৬ সালে দোষী সাব্যস্ত হন সঞ্জয় দত্ত। ওই সময় ১৮ মাস কারাগারে থাকার পর তিনি জামিনে মুক্তি পান। এবার তাকে সাড়ে তিন বছর কারাগারে কাটাতে হবে। চলতি বছরের মার্চে তার সাজা ছয় বছর থেকে কমিয়ে পাঁচ বছর করে আদালত।