রাষ্ট্রপতির কাছে চার বছরের কর্মকাণ্ডের প্রতিবেদন পেশ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক চেয়ারম্যান গোলাম রহমান, কমিশনার বদিউজ্জামান ও সাহাবুদ্দিন চুপ্পু গতকাল বৃহস্পতিবার বিকালে রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে এ প্রতিবেদন পেশ করেন। এ সময় দুদক কর্মকর্তারা রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়ে দুদকের সংশোধিত খসড়া আইনটি সংসদে পাস করানোর অনুরোধ করেন এবং হাইকোর্টে একটি পৃথক বেঞ্চ গঠনের দাবি জানান।
দুদক প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে জানান, দুদক মামলা করার পর, এমনকি নোটিস দেয়ার পর সন্দেহভাজন দুর্নীতিবাজরা হাইকোর্টে গিয়ে রিট করে দুদকের কার্যক্রম স্থগিতের আবেদন করেন। সেখানে দুদকের কোন আইনজীবী উপস্থিত না থাকলেও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের উপস্থিতিতে একতরফা শুনানি হয়ে যায়। হাইকোর্টের আদেশ দুদক পরে জানতে পারে। এতে দুদকের কর্মকাণ্ড বিঘ্ন হচ্ছে। দুর্নীতির মামলাসহ অন্যান্য কার্যক্রম একটি স্বাধীন ও পৃথক বেঞ্চকে পরিচালনার দায়িত্ব দেয়া হলে কিছু ফলাফল আমরা পেতে পারি।
পরে দুদক চেয়ারম্যান গোলাম রহমান সাংবাদিকদের জানান, রাষ্ট্রপতির সঙ্গে আলাপকালে আমরা দুদকের খসড়া আইনটি সংসদে পাস করার বিষয়ে জোর দিয়েছি। আইনের খসড়াটি বিল আকারে সংসদে পড়ে আছে। এতে করে দুদকের কাজে বিঘ্ন ঘটছে।
এ ব্যাপারে দুদক কমিশনার সাহাবুদ্দিন চুপ্পু জানান, দুদকের তিন কমিশনার ও দুদক সচিব ফয়জুর রহমান চৌধুরীসহ দুদকের একটি প্রতিনিধিদল গতকাল বিকাল ৩টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যান। সেখান থেকে ৪টা ২০ মিনিটে তারা ফিরে আসেন।
রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে এম সাহাবুদ্দিন চুপ্পু বলেন, তিনটি বড় বিষয় অবহিত করার জন্য আমরা তার সঙ্গে দেখা করেছি। তাকে দুদকের সব কিছুই অবহিত করেছি। দুদকের চার বছরের কাজের মধ্যে ২০০৯ সাল থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত দুদক কতগুলো মামলা করেছে, কতগুলো অভিযোগ অনুসন্ধান ও তদন্ত পর্যায়ে রয়েছে, কতগুলো মামলায় কতজন আসামির বিরুদ্ধে চার্জশিট দিয়েছে এবং কতগুলো অভিযোগ নথিভুক্ত করা হয়েছে সে সম্পর্কে দুদক সচিব রাষ্ট্রপতিকে পরিসংখ্যান তুলে ধরেন। তিনি আরো বলেন, ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত চার বছরে ৫৪৯টি মামলায় আসামির সাজা হয়েছে এবং ৭১৩টি মামলার আসামি খালাস পেয়েছে এ তথ্যগুলো রাষ্ট্রপতিকে জানানো হয়। এছাড়া বিচারাধীন মামলার বিষয়ে রাষ্ট্রপতিকে সচিব জানান, স্থগিত রিট মামলা রয়েছে ৩১৪টি, মিসকেস রয়েছে ৩৩৬টি, ফৌজদারি আপিল ৮৪টি ও রিভিশন মামলার সংখ্যা ৮৬টি।
