পাকিস্তানে নতুন সরকার শপথ নেয়ার আগে দেশ ছাড়বেন দেশটির সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ। পাকিস্তান মুসলিম লীগের (জিয়া) প্রধান ইজাজুল হক এ কথা বলেছেন। মোশাররফ সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যাসহ বিভিন্ন মামলায় বর্তমানে তার খামার বাড়িতে আটক আছেন, যেটিকে সাব জেল ঘোষণা করা হয়েছে। এদিকে পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল-এন) প্রধান নওয়াজ শরীফের সৌদি আরব সফরের পর মন্ত্রিসভা গঠিত হতে পারে। খবর ডন-এর।
বুধবার এক সংবাদ সম্মেলনে ইজাজুল বলেন, তিনি সরকার গঠনে নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লীগকে সমর্থন দেবেন। আর এটা করবেন জাতীয় স্বার্থে। তিনি গত শনিবার অনুষ্ঠিত নির্বাচনে জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন। শিগগিরই সৌদি আরব সফর করতে পারেন নওয়াজ শরীফ। সেখান থেকে এসে তিনি মন্ত্রিসভা গঠন করতে পারেন। তবে ইতোমধ্যে মন্ত্রিসভায় ঠাঁই পেতে অনেকেই তার কাছে তদবির শুরু করছেন। সৌদি সরকারে সঙ্গে নওয়াজ শরীফের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
