১১২ কোটি টাকা মূল্যের জন্ম নিয়ন্ত্রণ বড়ি ক্রয় করা নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রীর বিরোধ দেখা দিয়েছে। বিশ্ব ব্যাংকের গাইড লাইন মেনে চূড়ান্ত করা ফাইলে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. ক্যাপ্টেন (অব.) মুজিবর রহমান ফকির চূড়ান্ত অনুমোদন দেন। একই সঙ্গে তিনি বড়ি সরবরাহকারী প্রতিষ্ঠানের ব্যাপারে আপত্তি তুলে পুনরায় দরপত্র আহ্বান করার নির্দেশ দেন। এ নিয়ে শুরু হয় বিরোধ। এদিকে বর্তমানে পরিবার পরিকল্পনা অধিদফতরের ওষুধ ভাণ্ডারে যে বড়ি রয়েছে তা আগামী জানুয়ারি পর্যন্ত সারাদেশে সরবরাহ করা যাবে। বিরোধের কারণে যদি নির্দিষ্ট সময়ে দেশে বড়ি না আসে তা হলে জন্ম নিয়ন্ত্রণ কার্যক্রম হুমকির মুখে পড়বে বলে আশংকা করছেন সংশ্লিষ্টরা। ওষুধ প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা জানান, ফেমি কেয়ার সম্পর্কে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দেয়া একটি নির্দেশনা এসেছে। এ নিয়ে কার্যক্রম চলছে। এ ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক বলেন, ‘স্বাস্থ্য প্রতিমন্ত্রী নিজেই ফাইল সই করেছেন। আবার তিনিই আপত্তি তুলেছেন। আমার সঙ্গে তার এ নিয়ে কোন আলোচনা হয়নি। সই করার আগে তিনি এ বিষয় আপত্তি তুললে হয়তো বিষয়টি নিয়ে কিছু একটা করা যেতো বলে জানান মন্ত্রী।
জন্ম নিয়ন্ত্রণ বড়ি ক্রয় কার্যক্রমের শেষ পর্যায়ে এসে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর আপত্তি প্রদানের ফলে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের মধ্যে যে ব্যাপক সমন্বয়হীনতা রয়েছে তা আবারো প্রকাশ পেয়েছে। এ নিয়ে মন্ত্রণালয় ও অধিদফতরের শীর্ষ কর্মকর্তারা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেন, বিশ্ব ব্যাংকের পরামর্শ, তাদের নিয়ম-নীতি অনুসরণ ও তাদের অনাপত্তিপত্র পাওয়ার পরই জন্ম নিয়ন্ত্রণ বড়ি ক্রয়ের কার্যক্রম চূড়ান্ত করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী এই বড়ি ক্রয় কার্যক্রমে অনুমোদন প্রদানকারী ব্যক্তিদের একজন। তিনি অনুমোদন দেয়ার আগে ওষুধ প্রশাসন অধিদফতরের ওই জন্ম নিয়ন্ত্রণ বড়ি কেনার ক্ষেত্রে কোন আপত্তি থাকলে তা প্রদান করা উচিত ছিল। বড়িটি নিবন্ধিত আছে কিনা তাও যাচাই-বাচাই করা উচিত ছিল। শেষ পর্যায়ে এসে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর আপত্তি দেখে মনে হচ্ছে দুর্নীতিবাজ সিন্ডিকেটের স্বার্থপন্থি হওয়ায় ষড়যন্ত্রের জন্য কেউ কলকাটি নাড়ছে। এর ফলে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হবে।
পরিবার পরিকল্পনা অধিদফতরের কর্মকর্তারা বলেন, সম্প্রতি বিশ্বব্যাংকের গাইড লাইন অনুসারে ১১২ কোটি টাকার ১৫০ মিলিয়ন সাইকেল (২৮ বড়িতে এক সাইকেল) জন্ম নিয়ন্ত্রণ বড়ি ক্রয় করার জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়। সেখানে ভারতীয় ফেমি কেয়ার নামে একটি ওষুধ কোম্পানিকে নির্বাচিত করা হয়। এর আগে বিশ্বব্যাংক ওই কোম্পানির উত্পাদিত জন্ম নিয়ন্ত্রণ বড়ি, কোম্পানির উত্পাদন প্রক্রিয়া ও গুণগতমান যাচাই-বাছাই করে। এরপর বিশ্বব্যাংক অনাপত্তি সার্টিফিকেট দেয়ার পর কোম্পানিকে নির্বাচিত করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ও এর আগে ফেমি কেয়ার কোম্পানিকে প্রাথমিকভাবে নির্বাচিত করে। ফেমি কেয়ারের জন্ম নিয়ন্ত্রণ বড়ি নিয়ে কোন সমস্যা থাকলে ওষুধ প্রশাসন অধিদপ্তর সে সময় আপত্তি তুললে কোম্পানিটি নির্বাচিত হতো না।
পরিবার পরিকল্পনা অধিদফতরের পরিচালক (লজিস্টিক) কফিল উদ্দিন বলেন, ১১২ কোটি টাকার জন্ম নিয়ন্ত্রণ বড়ি ক্রয় প্রক্রিয়ায় বিশ্ব ব্যাংকের নিয়মের ব্যত্যয় ঘটেনি। আগামী নভেম্বর মাসের মধ্যে জন্ম নিয়ন্ত্রণ বড়ি তাদের ভাণ্ডারে পৌঁছার কথা। এখন যে জটিলতা দেখা দিয়েছে, তা দ্রুত নিরসন না হলে জন্ম নিয়ন্ত্রণ বড়ি সরবরাহে সংকট দেখা দেবে বলে তিনি জানান।
এক যুগ ধরেই ফেমি কেয়ারের জন্ম নিয়ন্ত্রণ বড়ি পরিবার পরিকল্পনা অধিদফতর সারাদেশে সরবরাহ করছে। কোম্পানিটি ওষুধ প্রশাসনে সুগার কোটেড জন্ম নিয়ন্ত্রণ বড়ির জন্য নিবন্ধিত। ফিল্ম কোটেড জন্ম নিয়ন্ত্রণ বড়ির জন্য নিবন্ধিত নয়। এর আগে ফিল্ম কোটেড জন্ম নিয়ন্ত্রণ বড়ি সরবরাহ করায় ফেমি কেয়ারকে ওষুধ প্রশাসন সতর্ক করে দেয়। তারপরেও ওষুধ প্রশাসন কোম্পানিটিকে আপত্তি নেই বলে ছাড়পত্র দিয়েছে। ফেমি কেয়ারের বাংলাদেশের এজেন্ট জনতা ট্রেডার্স। তাদের দাবি, সব নিয়ম মেনেই জন্মনিয়ন্ত্রণ বড়ি সরবরাহ করছে তারা। একটি চক্র তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে অপপ্রচার চালাচ্ছে বলে দাবি জনতা ট্রেডার্সের।
পরিকল্পনা অধিদফতরের পরিচালক (প্রশাসন) ডা. মাহমুদুর রহমান বলেন, এ মুহূর্তে বিরোধে জড়ালে জন্ম নিয়ন্ত্রণ কার্যক্রমে বেহাল দশা সৃষ্টি হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক আ ব ম ফারুক বলেন, জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে ফিল্ম কোটেড ও সুগার কোটেড বড়ির ফল একই পাওয়া যায়।
পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক এ কে এম আমির হোসেন বলেন, এ মুহূর্তে পুনরায় দরপত্র আহ্বানের সুযোগ নেই। বিশ্বব্যাংকের সব গাইড লাইন মেনে জন্ম নিয়ন্ত্রণ বড়ি ক্রয়ের প্রক্রিয়া চুড়ান্ত করা হয়েছে। স্বাস্থ্য সচিব এম এম নিয়াজ উদ্দিন বলেন, প্রতিমন্ত্রী কেন আপত্তি দিয়েছেন তা তিনিই জানেন। স্বাস্থ্য প্রতিমন্ত্রীর বক্তব্য জানার জন্য যোগাযোগ করলে জানা যায় তিনি এই মুহূর্তে দেশে নেই।
