বিএনপির যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ বুলুকে পল্টন থানার মামলায় কারাগারে ও হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরীকে মতিঝিল থানার তিন মামলায় আবারো ২২ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান উভয় আসামির রিমান্ড ও জামিন শুনানি শেষে বাবুনগরীর রিমান্ড মঞ্জুর করেন, একইসঙ্গে বুলুকে কারাগারে পাঠিয়ে দেন। উল্লেখ্য, রাজধানীর পল্টন থানায় গত ১১ মার্চ ১৮ দলের সমাবেশে গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ, দায়িত্বরত পুলিশের কাজে বাধাসহ কয়েকটি অভিযোগ এনে দায়ের করা একটি মামলায় বুলুকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। একইসঙ্গে পুলিশের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন রিমান্ড চেয়ে আবেদন করা হয়। কিন্তু আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
উল্লেখ্য, গত ৫ মে ঢাকা অবরোধের দিন সহিংসতার ঘটনায় দায়ের করা হত্যা ও বিস্ফোরক মামলায় নয়দিন রিমান্ড শেষে গতকাল বাবুনগরীকে আদালতে হাজির করা হয়। একই মামলায় আবারো চারদিন ও অপর দু’টি মামলায় নয়দিন করে মোট তিন মামলায় ২২ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে তার।
