সংলাপের নামে সরকার সময় ক্ষেপণ করছে

আপডেট : ১৬ মে ২০১৩, ২২:৪৭
জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, সরকার গণহত্যা, গণগ্রেফতার ও গণনির্যাতন অব্যাহত রেখে সংলাপের নামে সময়ক্ষেপণ করছে। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করে বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবি অগ্রাহ্য করে সরকারের সংলাপের নাটক হাস্যকর। সংলাপের ব্যাপারে সরকার মোটেই আগ্রহী নয়। একদিকে সংলাপের কথা বলে অন্যদিকে বিএনপির যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ বুলু এমপি এবং জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও সাবেক এমপি গাজী নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তিনি গ্রেফতারকৃত সকলের মুক্তি দাবি করেন। ভারপ্রাপ্ত আমীরের নিন্দা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ গতকাল এক বিবৃতিতে দলের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও সাবেক এমপি গাজী নজরুল ইসলামকে গ্রেফতার করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। গাজী নজরুল ইসলামকে অবিলম্বে মুক্তি দেয়ার দাবি জানিয়ে তিনি বলেন, আগামী নির্বাচনে যাতে তিনি অংশ নিতে না পারেন সে উদ্দেশ্যেই তাকে গ্রেফতার করা হয়েছে।