বাংলাদেশে কোন ক্রীতদাস নেই

আপডেট : ১৬ মে ২০১৩, ২২:৪৭
বাংলাদেশে গার্মেন্টস কারখানার শ্রমিকদের এ যুগের ক্রীতদাস হিসেবে খ্রিস্টানদের ধর্মগুরু পোপের বক্তব্যের জবাবে গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম বলেছেন, এ দেশে কোন ক্রীতদাস নেই। গতকাল রাজধানীর একটি হোটেলে বাজেট নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জাতীয় পরামর্শক কমিটির সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি ছিলেন। উল্লেখ্য, সাভারের রানা প্লাজা ধসের পর ব্যাপক প্রাণহানির প্রেক্ষিতে আন্তর্জাতিক মিডিয়ায় বাংলাদেশের শ্রমিকদের নিরাপত্তাহীনতা ও তাদের স্বল্প মজুরি নিয়ে ব্যাপক আলোড়ন তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে খ্রিস্টানদের ধর্মযাজক পোপ ফ্রান্সিস বাংলাদেশের গার্মেন্টস খাতের শ্রমিকদের এ যুগের ক্রীতদাস বলে আখ্যায়িত করেন। বিজিএমইএ সভাপতি গার্মেন্টস কারখানার নিরাপত্তা বাড়াতে এ খাতের যেসব কারখানা ত্রুটিপূর্ণ ভবনে অবস্থিত সেগুলো নিরাপদ ভবনে সরিয়ে নেয়ার প্রয়োজনীয়তার কথা বলেন। এ জন্য বাজেটে ৩০০ কোটি ডলারের একটি বিশেষ বরাদ্দ রাখার প্রস্তাব করেন যা থেকে ৫ শতাংশ সুদে উদ্যোক্তারা ঋণ নিতে পারে। তিনি বলেন, এর মধ্যে শেয়ারড বিল্ডিংয়ের (কারখানা ছাড়াও ব্যবসাসহ অন্য কার্যক্রম চলে এমন ভবন) কারখানাগুলোতে প্রায় ১৫ থেকে ২০ লাখ শ্রমিক কাজ করে। এসব কারখানা নিরাপদ ভবনে সরানো দরকার। কিন্তু গ্যাস-বিদ্যুত্ ও অবকাঠামোর অভাবে তা করা যাচ্ছে না। এছাড়া কারখানায় কমপ্লায়েন্স নিশ্চিত করতে এ সংক্রান্ত বিভিন্ন যন্ত্রপাতি আমদানিতে শুল্ক কমানোর প্রস্তাব করা হয় বিজিএমইএ’র পক্ষ থেকে।