রাজশাহীতে ককটেল তৈরীর সরঞ্জামসহ এক প্রকৌশলী ও তার মেয়েকে পুলিশ আটক করেছে। বুধবার দিবাগত রাতে নগরীর রাণীবাজার এলাকা থেকে বোয়ালিয়া মডেল থানা পুলিশ তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে জামায়াত-শিবিরের সাংগঠনিক বই ও ককটেল তৈরীর কৌটা, মারবেল ও পাউডার উদ্ধার করা হয়।
আটকরা হলেন রাজশাহী কাঁটাখালি বিদ্যুত্ প্লান্টের সহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদ (৫২) ও তার মেয়ে রাজশাহী কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী ওয়াসিয়া এহসানা (১৯)। আটক ওয়াসিয়া এহসানা জামায়াতের সহযোগী সংগঠন ইসলামী ছাত্রী সংস্থার কর্মী। আর প্রকৌশলী আবুল কালাম আজাদ জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, আটক প্রকৌশলী আবুল কালাম আজাদ ছাত্রজীবনে শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। পরে জামায়াতে ইসলামীর সঙ্গেও সম্পৃক্ত হন। সেইসঙ্গে তার মেয়ে ওয়াসিয়া এহসানা শিবিরের ছাত্রী সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার কর্মী।
