বাংলাদেশ ও থাইল্যান্ড উভয় অর্থনীতির ভিত্তি কৃষি। তিন দশক আগেও থাইল্যান্ডের কৃষির অবস্থা একেবারেই সাদামাটা ছিল। মৌসুমে প্রচুর ফলন হতো। রফতানি ও প্রক্রিয়াজাতকরণের সুযোগ ছিল না। তাই কৃষিপণ্য পঁচে যেত। পশুখাদ্য হিসেবে ব্যবহূত হতো। কৃষক উত্পাদন মূল্যও পেত না। পরের মৌসুমে ফসল উত্পাদনে নিরুত্সাহিত হতো। ফলে কৃষি জীবিকার উপজীব্য হিসেবেই টিকে থাকতো। কৃষিকে বিনিয়োগ খাত ও বাণিজ্য হিসেবে পরিণত করতে পারেনি কৃষক। বাংলাদেশের প্রায় চারগুণ আয়তনের দেশটির অধিকাংশ এলাকাই সমতল ভূমি। জনসংখ্যা প্রায় ৭ কোটি। চাও ফ্রায়া এবং মেকং নদীর মতো আন্তঃদেশীয় নদীর প্রবাহ আছে। কিন্তু এগুলো শুধু কৃষকের দুঃখই বাড়িয়েছে। বর্ষা মৌসুমে বন্যায় ফসলহানি হয়েছে। আর উঁচু জমিতে পানির অভাবে জমি অনাবাদি থেকে গেছে। গত তিন দশকে থাইল্যান্ডের কৃষিখাত বিশ্বমানে উন্নীত হয়েছে। বাংলাদেশেও এমন অবস্থা ছিল। পঁচাত্তর পরবর্তী সময়ে কৃষির প্রতি মারাত্মক অবহেলা করা হয়। এডিপি বরাদ্দ প্রায় ১৫ শতাংশ থেকে ২ শতাংশে কমিয়ে আনা হয়। নব্বইয়ের দশকের শেষার্ধে সরকার আবার কৃষির প্রতি নজর দিতে শুরু করে। সার ও বীজে ভর্তুকি দেয়া শুরু হয়। বর্গাচাষিদেরকেও কৃষিঋণ দেয়া হয়। সাম্প্রতিক বছরগুলোতে সার্বিক কৃষিখাতে ব্যাপক উন্নতি হয়েছে। দেশ খাদ্যে প্রায় স্বয়ংসম্পূর্ণ হয়েছে। মত্স্য ও প্রাণিসম্পদ উত্পাদনও বেড়েছে। কৃষি ও কৃষিজাত পণ্য রফতানি শুরু করেছে। গত অর্থবছরে ৪০ কোটি ডলার আয় করেছে। কিন্তু থাইল্যান্ডের তুলনায় তা অনেক কম। কারণ দেশে কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প তেমনভাবে গড়ে উঠেনি।
১৯৯০ সালে পানি ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ নিতে যাই ব্যাংককের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে। সেই সুবাদে ৭৬টি প্রদেশের প্রায় এক-তৃতীয়াংশ প্রদেশের ফসলের মাঠ দেখার সুযোগ হয়। দেখি সত্তরের দশকের সেই হতচ্ছাড়া ভাব নেই ফসলি জমি ও কৃষকের। সবকিছু বেশ ফিটফাট। সেচের পানি অপচয় রোধে মাইলের পর মাইল পাকা নালা করা হয়েছে। ১০-১৫ মাইল দূরের পানির উত্স থেকে সাধারণ প্রযুক্তি প্রয়োগ করে পানি কৃষকের মাঠে চলে যাচ্ছে। মাইক্রোকম্পিউটার ব্যবহার করে পানির সাপ্লাই নিয়ন্ত্রণ করা হচ্ছে। তাদের সেচ দক্ষতা প্রায় ৭০ শতাংশ। অর্থাত্ মাত্র ৩০ শতাংশ পানি অপচয় হয়। এর প্রায় বিপরীত চিত্র বাংলাদেশে। উঁচু জমিতে স্প্রিংকেল সেচের ব্যবস্থা করা হয়েছে। উত্তরাঞ্চলের পাহাড়ি প্রদেশগুলোতে পাহাড়ের পানিকে উত্স হিসেবে ব্যবহার করছে। কৃষক উচ্চ ফলনশীল ও হাইব্রিড বীজ ব্যবহার করছে। টমেটোর খামারে গিয়ে দেখি মেয়েরা মাথা নিচু করে কি যেন করছে। কাছে গিয়ে দেখি প্রশিক্ষিত মেয়েরা টমেটো গাছের পুরুষ ফুলকে স্ত্রী ফুলের সাথে মিলিয়ে দিচ্ছে যাতে নিশ্চিত পরাগায়ন হয়। সাধারণত এ কাজটি মৌমাছি, প্রজাপতি বা বায়ু করে। কিন্তু এতে পরাগায়নের হার কম হয়। তাই এই নিশ্চিত ব্যবস্থা প্রয়োগ করা হচ্ছে। এতে ফলন বেশি হয় এবং টমেটোর মানও উন্নততর হয়। খামারের এক প্রান্তে ট্রেইলার-ট্রাক্টর দাঁড়িয়ে আছে। খামার থেকে টমেটো নিতে এসেছে। এগুলো বহুজাতিক কোম্পানির প্রক্রিয়াজাতকরণ কারখানায় যাবে। সেখানে টমেটো কেচ-আপ, সস ইত্যাদি প্রস্তুত হবে। চলে যাবে রফতানি বাজারে। কি দামে টমেটো কিনছে জানতে চাইলে পঞ্চায়েত প্রধান জানালেন, টমেটো চারা রোপণের আগেই কোম্পানি জমির সব টমেটো নির্দিষ্ট দরে কিনে নিয়েছে। এখন কৃষক যতো বেশি ফলাতে পারবে ততোই তার লাভ। হাসিমাখা থাই কিষানীর ভাষা দিয়ে বোঝাতে হয়নি যে, চাষবাস করে সে খুব ভালো আছে। তখনও থাইল্যান্ড তাদের বাসমতি চাল, অ্যাসপেরাগাস বা অর্কিড যুক্তরাষ্ট্র, ইউরোপসহ উন্নত বিশ্বে রফতানি করতে পারতো না মানসহ বিভিন্ন অশুল্কগত বাধার কারণে। তাই তারা জাপানী ব্যবসায়ীদের নিকট সরবরাহ করতো। জাপান এগুলো উন্নত বিশ্বে রফতানি করে লাভবান হতো। ধীরে ধীরে তারা নিজস্ব সামর্থ্য বৃদ্ধি করেছে। উত্পাদন ও প্যাকেজিং-এর মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করেছে। এভাবে ধাপে ধাপে থাইল্যান্ডের কৃষি এগিয়েছে।
থাইল্যান্ডের কৃষি উন্নয়নে মূল প্রেরণা যোগাচ্ছেন তাদের রাজা ভূমিবল। ১৯৫০ সালে কার্যভার গ্রহণের পর থেকেই বিশ্বের অন্যতম ধনী এ রাজা কৃষি উন্নয়ন প্রকল্পে অর্থ সহায়তা দিয়ে আসছেন। দিনে দিনে এ সহায়তা বেড়েছে। ১৯৯৫ সালে বিশ্ব বাণিজ্য সংস্থা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে থাইল্যান্ড নিজেই কৃষি ও কৃষিজাত পণ্য রফতানি করতে পারছে। দেশটি ডব্লিউটিও নীতির সুবিধাগুলো পুরোপুরি আদায় করার লক্ষ্যে নিজেদের কারিগরি ও আলোচনা-সামর্থ্য বাড়িয়েছে। তাই কেউ তাদেরকে ঠকাতে পারেনি। বাড়তি পাওনা হিসেবে তখনকার বাণিজ্যমন্ত্রী ড. সুপাচাই পানিতপাকসি ২০০২ সালে তিন বছরের জন্য ডব্লিউটিও’র প্রধান নির্বাহী হিসেবে নিযুক্ত হন। ১৯৪৮ সাল থেকে গ্যাট-ডব্লিউটিও’র একমাত্র এশীয় ডিজি তিনি। এ নিয়োগ বিশ্বে দেশটির ভাবমূর্তি বাড়াতে প্রণোদনা যুগিয়েছে। পর্যটননির্ভর অর্থনীতির গ্লানি থেকে মুক্তি পেয়েছে। বিনিয়োগ, উত্পাদন ও রফতানি অর্থনীতির প্রধান নিয়ন্ত্রকে পরিণত হয়েছে।
থাইল্যান্ড দক্ষিণ-পূর্ব এশিয়ার ১০টি দেশের জোট আসিয়ানের প্রতিষ্ঠাতা-সদস্য। এই বাণিজ্য জোট ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হলেও নব্বইয়ের দশকে এতে গতি আসে। ১৯৯৭ সালে আসিয়ান দেশগুলোতে আর্থিক সঙ্কট দেখা দিলে থাইল্যান্ডসহ কয়েকটি দেশের অগ্রযাত্রা কিছুটা বিঘ্নিত হয়। তখনও কৃষিই দেশটির অর্থনীতির রক্ষাকর্তা হিসেবে আবির্ভূত হয়। দুই বছরের মধ্যেই পুরো অঞ্চল আবার প্রবৃদ্ধির ধারায় ফিরে আসে। তারপর থেকে আসিয়ান অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে দ্রুত এগিয়ে যাচ্ছে। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রেও দেশগুলোর মধ্যে সহযোগিতা অনেক বেড়েছে। জোটগত অর্থনৈতিক সামর্থ্যের বিচারে আসিয়ান এখন বিশ্বের শীর্ষ চারটি অর্থনৈতিক জোটের একটি। ২৭ রাষ্ট্রের ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো মিলে উত্তর আমেরিকা মুক্ত বাণিজ্য অঞ্চল বা নাফটা এবং ল্যাটিন আমেরিকার দেশ আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে, প্যারাগুয়ে ও ভেনেজুয়েলার বাণিজ্য জোট মারকোসোরের চেয়েও দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে ৬১ কোটি মানুষের আসিয়ান অঞ্চল। আসিয়ান ২০১৫ সালে ইকোনোমিক কমিউনিটি গঠন করবে। তখন এ দশটি দেশে একক বাজার ও উত্পাদনভিত্তি প্রতিষ্ঠিত হবে। আসিয়ানের এ অগ্রযাত্রার অন্যতম চালিকাশক্তি থাইল্যান্ড। জোটের সদস্য ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের চেয়েও দ্রুত এগিয়ে যাচ্ছে দেশটি। এছাড়া থাইল্যান্ড অত্যন্ত কার্যকর তিনটি আঞ্চলিক জোটের সক্রিয় সদস্য। এক. ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয় অত্যন্ত সফল বৃহত্তর মেকং উপ-অঞ্চল অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি। কম্বোডিয়া, চীনের ইউনান ও গোয়াংজি, লাউস, মায়ানমার, থাইল্যান্ড ও ভিয়েতনামের কৃষি, বিদ্যুত্, পর্যটন, যোগাযোগসহ সুনির্দিষ্ট কয়েকটি খাতে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এটি প্রতিষ্ঠিত হয়। এ উপ-আঞ্চলিক জোট ইতিমধ্যে বেশ কার্যকর জোটে পরিণত হয়েছে। প্রথম থেকেই এশীয় উন্নয়ন ব্যাংক এ জোটের প্রসারে সহযোগিতা করে আসছে। দুই. ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ড উন্নয়ন ত্রিভুজ ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়। দেশগুলোর স্বল্পোন্নত প্রদেশ ও অঞ্চলগুলোর উন্নয়ন নিশ্চিত করাই এ জোটের লক্ষ্য। তিন. তিনটি আঞ্চলিক নদী ইরাওয়াদ্দী-চাও ফ্রায়া-মেকংকে ঘিরে অর্থনৈতিক সহযোগিতা কৌশল ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয়েছে। কম্বোডিয়া, লাউস, মায়ানমার, থাইল্যান্ড ও ভিয়েতনাম মিলে এ সহযোগিতা ফ্রেমওয়ার্কের আওতায় দেশগুলোর বহুমুখী সামর্থ্য ব্যবহার করে এগিয়ে যাচ্ছে। এই জোটের প্রধান লক্ষ্য উপ-অঞ্চলের সুষম উন্নয়ন নিশ্চিত করা। থাইল্যান্ড আরও একটি আঞ্চলিক জোটের সদস্য। যেখানে বাংলাদেশ, ভারতসহ বঙ্গোপসাগর তীরবর্তী সাতটি দেশ যুক্ত আছে। বিমসটেক ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে শুরুর ৬টি অগ্রাধিকার খাতের পরিবর্তে ১৩টি খাত চিহ্নিত করা ছাড়া বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধিতে কোনো অগ্রগতি হয়নি। দেশগুলোর আন্তরিকতার অভাবে পর্যটন, কানেকটিভিটি প্রভৃতি খাতে প্রচুর সম্ভাবনা থাকা সত্ত্বেও এখন পর্যন্ত কোনো সুফল আসেনি। তবে দুই মাস আগে সিদ্ধান্ত হয়েছে যে, বিমসটেকের স্থায়ী কার্যালয় ঢাকায় প্রতিষ্ঠিত হবে। সার্কেও প্রায় একই অবস্থা। সার্ক মুক্ত বাণিজ্য অঞ্চল চুক্তি কার্যকর হয়েছে ২০০৬ সালের জানুয়ারি থেকে। এখনও আন্তঃসার্ক বাণিজ্য সার্ক দেশগুলোর মোট বাণিজ্যের মাত্র ৬ শতাংশ। তাও বাংলদেশের ব্যাপক আমদানি এতে বড় অবদান রেখে যাচ্ছে। অথচ আসিয়ানে ২৫ শতাংশ, ইইউতে ৬৭ শতাংশ, মারকোসোরে ৩২ শতাংশ এবং নাফটায় ৩৮ শতাংশ বাণিজ্য জোটভুক্ত দেশগুলো নিজেদের মধ্যে করছে। থাইল্যান্ড বিগত দেড় দশক ধরে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রেও যথেষ্ট অগ্রগতি সাধন করেছে। ২০১২ সালে সর্বোচ্চ ১২ বিলিয়ন ডলার বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ করেছে। যুক্তরাষ্ট্রই দেশটিতে সর্ববৃহত্ বিনিয়োগকারী দেশ। পাশাপাশি থাইল্যান্ড প্রায় ১২ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে প্রধানত আসিয়ান দেশগুলোতে। যুক্তরাষ্ট্রের সাথে থাইল্যান্ডের বাণিজ্য-বিনিয়োগ সম্পর্ক অত্যন্ত গভীর। দুই দেশের মধ্যে সামরিক সহায়তা চুক্তি ৬০ বছর ধরে কার্যকর রয়েছে। এ অঞ্চলে চীনের একচেটিয়া আধিপত্য বিস্তার রোধে জাপানের পর থাইল্যান্ডই যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র। সম্প্রতি মায়ানমারকেও এ দলভুক্ত করার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। তাই ভূ-রাজনৈতিক দিক থেকেও থাইল্যান্ড ও মায়ানমারের সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
অর্থনৈতিক আকারের দিক থেকে আইএমএফ-এর পরিসংখ্যান অনুযায়ী থাইল্যান্ড বিশ্বের ৩২তম অর্থনীতি। অপরদিকে বাংলাদেশের অবস্থান ৫৯তম। সার্বিক বিচারে থাইল্যান্ড বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার হতে পারে। কিন্তু নিচের সারণী তা সমর্থন করে না।
বাংলাদেশ থাইল্যান্ডে প্রধানত পাট ও পাটজাতীয় পণ্য, তৈরি পোশাক ও কৃষিজাত পণ্য রফতানি করে। অপরদিকে চাল, প্লাস্টিক, সুতা, কাপড়, সালফার, স্টোন, প্লাস্টারিং সামগ্রী, চুন, কাগজ, রাবার প্রভৃতি পণ্য আমদানি করে। থাইল্যান্ড বাংলাদেশের দশম শীর্ষ আমদানিকারক দেশ। মোট বাণিজ্য এক বিলিয়ন ডলারের কাছাকাছি হলেও এর প্রায় পুরোটা জুড়ে আছে আমদানি। তাই বাণিজ্য ঘাটতিও অনেক বেশি। থাইল্যান্ডের সাথে বাংলাদেশের বাণিজ্য-বিনিয়োগ সম্পর্ক গভীর করতে পারলে বাংলাদেশ অধিক লাভবান হবে। এর মধ্য দিয়ে দেশ আসিয়ান বাজারে প্রবেশ করতে পারবে। তবে এক্ষেত্রে একাধিক চ্যালেঞ্জ আছে। আসিয়ান জোটে মায়ানমার, লাউস ও কম্বোডিয়া এ তিনটি স্বল্পোন্নত দেশ আছে। থাইল্যান্ডসহ জোটের বড় অর্থনীতিগুলোর দায়িত্ব তাদেরকে টেনে তোলা। থাইল্যান্ড ইতািমধ্যেই লাউস ও চীনঘেষা কম্বোডিয়ার অবকাঠামো উন্নয়নে সহায়তা করছে। মায়ানমারে গণতন্ত্রের অগ্রযাত্রার সাথে সাথে থাই বিনিয়োগও বাড়তে শুরু করেছে। এ তিনটি দেশের বিনিয়োগ সামর্থ্য বাংলাদেশের মতোই। শ্রমিকের মজুরিও প্রায় একই। তাই বিনিয়োগকারীরা জোটের বাইরের দেশের চেয়ে জোটে থাকতে আগ্রহী হবে। থাইল্যান্ডে বাংলাদেশের রফতানি বৃদ্ধিতে বড় চ্যালেঞ্জ পণ্যের সীমাবদ্ধতা। থাইল্যান্ডও তৈরি পোশাক রফতানি করে। তাই পাট ও পাটজাত পণ্যের রফতানিই এখন প্রধান ভরসা। এমনি পটভূমিতে থাই প্রধানমন্ত্রী ইনলাক সিনাওয়াত্রা গত ডিসেম্বরে বাংলাদেশ সফর করেন। সফরশেষে ৩১ দফা যৌথ ঘোষণায় ২০১৬ সালে দুই দেশের মধ্যে বাণিজ্য দ্বিগুণ তথা ২ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। উভয় দেশ ফসল, মত্স্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা জোরদারে সম্মত হয়। দুই দেশের মধ্যে সড়ক ও জাহাজ যোগাযোগের ওপর গুরুত্বারোপ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আকর্ষণীয় প্রণোদনা ও উদার বিনিয়োগনীতির সুযোগ গ্রহণ করে অবকাঠামো, কৃষি প্রক্রিয়াজাতকরণ, বিদ্যুত্ উত্পাদনসহ সম্ভাবনাময় খাতগুলোতে বিনিয়োগের আহ্বান জানান। দ্বিপাক্ষিক বৈঠকে বাণিজ্য ঘাটতি হ্রাসে উভয়পক্ষ একমত হয়।
ব্যাপক ঘাটতি থাকায় বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশকেই উদ্যোগ নিতে হবে। এজন্য হালনাগাদ তথ্য-উপাত্ত সংগ্রহ করতে হবে। থাইল্যান্ড আসিয়ানভুক্ত দেশগুলোর বাইরের উত্স থেকে যেসব পণ্য আমদানি করে তার মধ্যে কি কি পণ্য উত্পাদন ও সরবরাহে বাংলাদেশের সামর্থ্য আছে তা খুঁজে বের করতে হবে। এ ব্যাপারে এফবিসিসিআই-এর নেতৃত্বে একটি টিম গঠন করা যেতে পারে। যারা তথ্য সংগ্রহ ও পর্যালোচনা করে রিপোর্ট দেবে। সে অনুযায়ী দ্বিপাক্ষিক আলোচনায় সিদ্ধান্ত নিয়ে উত্পাদন ব্যবস্থাকে ঢেলে সাজানো যেতে পারে। দুই দেশের মধ্যে বাণিজ্য প্রতিনিধিদল বিনিময় এবং জনগণের মধ্যে প্রত্যক্ষ যোগযোগ বাড়াতে হবে। এতে একে অপরের সামর্থ্য ও চাহিদা জানতে পারবে। ক্রেতার মধ্যে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে নিয়মিত পণ্যমেলার আয়োজন করা যেতে পারে। থাইল্যান্ডের বিনিয়োগকারীদের অবকাঠামো, পর্যটন, হোটেল-মোটেল খাতে বেশ অভিজ্ঞতা আছে। বাংলাদেশ এসব খাতে থাই বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বিশেষ উদ্যোগ নিতে পারে। গতানুগতিক পন্থায় এসব সম্ভাবনা কাগজেই থেকে যাবে। লক্ষ্যমাত্রা নির্ধারণ করে তা পূরণে আগ্রহী ও নিষ্ঠাবান ব্যবসায়ীদের সমন্বয়ে টিমকে দায়িত্ব দিতে হবে। কূটনৈতিক তত্পরতা বা আমলাতান্ত্রিক কর্মকৌশল তেমন ফলপ্রদ হবে না। একটি উইন-উইন সম্পর্ক তৈরি করতে হবে। এভাবে সম্পর্কে একটি গতি সৃষ্টি করতে পারলে ব্যবসায়িক প্রয়োজনেই সম্পর্ক গভীর হবে।
সারণী: বাংলাদেশ-থাইল্যান্ড আমদানি-রফতানি চিত্র (কোটি ডলারে)
অর্থবছর (জুলাই-ডিসেম্বর) ২০০৬-০৭ ২০০৭-০৮ ২০০৮-০৯ ২০০৯-১০ ২০১০-১১ ২০১১-১২ ২০১২-১৩
আমদানি ৪১.৪৭ ৪৯.৯৯ ৫৩.৯১ ৬৩.১১ ১০২.৮৮ ৮৮.১৫ ৩৬.০২
রফতানি ২.১৯ ১.৫৬ ৩.৯৩ ২.০৫ ৩.৩০ ৫.১৪ ৪.৯১
মোট বাণিজ্য ৪৩.৬৬ ৫১.৫৫ ৫৭.৮৪ ৬৫.১৬ ১০৬.১৮ ৯৩.২৯ ৪০.৯৩
বাণিজ্য ঘাটতি ৩৯.২৮ ৪৮.৪৩ ৪৯.৯৮ ৬১.০৬ ৯৯.৫৮ ৮৩.০১ ৩১.১১
