আলীকদমে কারিতাসের মাঠ দিবস

আপডেট : ১৭ মে ২০১৩, ১৮:০৮
বান্দরবানের আলীকদম উপজেলায় গত মঙ্গলবার কারিতাসের অতি দরিদ্রদের টেকসই জীবিকা নিশ্চিতকরণ প্রকল্পের (সিঁড়ি) উদ্যোগে মাঠ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে চৈক্ষ্যং ইউনিয়নের শিবাতলী পাড়ায় উপকারভোগী কৃষকদের প্রাণবন্ত উপস্থিতিতে ধান কাটা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে উপস্থিত উপ-সহকারী কৃষি কর্মকর্তা গোপন কান্তি চৌধুরী জানান, সিঁড়ির বিতরণকৃত ব্রি ধান-২৮ জাতটির হেক্টর প্রতি ফলন হয় ৪.৭ মে. টন। পরে কারিতাস সিঁড়ি প্রকল্পের উপজেলা মাঠ কর্মকর্তা জুয়েল তালুকদারের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. জয়নাল আবেদিন, বিশেষ অতিথি ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা গোপন কান্তি চৌধুরী ও মাংতাই হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হায়দার। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কারিতাস সিঁড়ি প্রকল্পের মাঠ সহায়কগণ। আলোচনা সভা শেষে ধান কর্তন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সভায় বক্তারা বলেন, কারিতাস সিঁড়ি প্রকল্পের উদ্যোগে আলীকদম উপজেলায় অতিদরিদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে যে কৃষি উপকরণ সহায়তা দেয়া হচ্ছে তা প্রশংসার দাবি রাখে। যে কোনো দরিদ্র কৃষক এ ধরনের সহযোগিতা পেলে দারিদ্র্যমুক্ত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।