বিশ্ব মা দিবস উপলক্ষে টিএমএসএস’র উদ্যোগে গত রবিবার ফাউন্ডেশন অফিস ঠেঙ্গামারা বগুড়ায় রত্নগর্ভা মা জোবেদা বেওয়াকে সম্মাননা পদক প্রদান করা হয়। টিএমএসএস মেডিক্যাল কলেজ অডিটোরিয়ামে বিশ্ব মা দিবস উপলক্ষে সংস্থার চেয়ারম্যান আলহাজ্ব মাহমুদা বেগমের সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ খাদিজা খাতুন শেফালী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া পৌরসভার সাবেক ভাইস-চেয়ারম্যান ও সমাজ সেবক মো. আনোয়ারুল ইসলাম বাচ্চু,টিএমএসএস-এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম,উপ-নির্বাহী পরিচালক-২ মোঃ আব্দুল কাদের, টিএমএসএস পরিচালনা পর্ষদের কোষাধ্যক্ষ আয়শা বেগম,বিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক টিএম আলী হায়দার প্রমুখ। উপস্থিত ছিলেন রত্নগর্ভা জোবেদা বেওয়ার ছেলে আলহাজ্ব মাওলানা আব্দুর রহমান পীর সাহেব। রত্নগর্ভার ভাই মোঃ আফজাল হোসেনসহ তার পরিবারের সদস্য,সংস্থার সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। রত্নগর্ভা মা জোবেদা বেওয়ার আত্মজীবনী পাঠ করেন টিএমএসএস’র পরিচালক সারওয়ার মোহাম্মদ। রত্নগর্ভা জোবেদা বেগম তার গর্ভে ধারণ করেছেন নারী সমাজের ভাগ্য উন্নয়নের অগ্রপথিক দেশের বৃহত্তম নারী সংগঠন টিএমএসএস’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগমকে। যিনি দেশের লাখ লাখ হত দরিদ্র মানুষকে ক্ষুদ্রঋণের আওতায় এনে তাদের ভাগ্য উন্নয়নে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন হাজার হাজার বেকার যুবক -যুবতীর। শত শত ছেলে মেয়ে তার প্রতিষ্ঠিত স্কুল কলেজে শিক্ষালাভ করে সারা দেশে আলো ছড়াচ্ছে। সেই মহীয়ষী নারী রত্নগর্ভা মার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য অধ্যক্ষ খাদিজা খাতুন শেফালী। উল্লেখ্য, উক্ত আলোচনা সভায় “মা” সম্মাননা নামক একটি তহবিল গঠন করা হয়। প্রত্যেক বছর ১০ জন মাকে সম্মাননা দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
