মীরাক্কেলের জামিল আহমেদের ক্রিকেটব্যঙ্গ নিয়ে দেশে নিন্দার ঝড়!

আপডেট : ১৭ মে ২০১৩, ১৯:১৪
জী বাংলার কমেডি শো ‘মীরাক্কেল’ এ দেশে জনপ্রিয়তায় অন্য এক মাত্রা পায় মূলত এ দেশিয় মেধাবী পারফর্মারদের পদচারণায়। ‘মীরাক্কেল’ অনুষ্ঠানটিও এখন এ দেশের দর্শকদের কথা মাথায় রেখেই করছেন নির্মাতা। কিন্তু এবারের ‘মীরাক্কেল’-এর আঙ্গিক আর উপস্থাপকের অতি মাত্রায় ভাঁড়ামি দেখে দর্শকেরাও বিমুখ হতে শুরু করেছে ক্রমশ। এর ভেতর কিছুদিন আগের এক এপিসোডে বাংলাদেশি পারফর্মার জামিল আহমেদের একটি পারফর্মেন্স নিয়ে বাংলাদেশে নিন্দার ঝড় উঠেছে। জামিল তার সেই পর্বে আমাদের দেশের ক্রিকেট নিয়ে নানান ব্যঙ্গ করায় তার বিরুদ্ধে বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপক নিন্দা জ্ঞাপন করেছে দর্শক-শ্রোতারা। এর ভেতর অনেক দেশীয় তারকারাও রয়েছেন। একই সাথে মীরাক্কেলের মেন্টর (যারা কৌতুকের স্ক্রিপ্টগুলো গুছিয়ে দেন) তাদেরকে এ বিষয়ে ক্ষমা চাইবারও দাবি উঠেছে। মূলত মীরাক্কেলে বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে স্যাটায়ার করা হলেও বাংলাদেশের পারফর্মার হয়ে একচেটিয়া ভাবে বাংলাদেশের ক্রিকেট নিয়ে কটুক্তি আর ব্যঙ্গ করায় চটেছেন এ দেশের অগতিন ক্রিকেট প্রেমীরা। বিষয়টি নিয়ে সেটে মীরাক্কেলের সঞ্চালক মীর আফসার আলী বিভিন্ন ভাবে সেটিকে হালকা করতে চাইলেও বাংলাদেশের ক্রিকেটকে ব্যঙ্গ করার পরও সেরা পুরস্কার দেয়াতে যেন কাঁটা ঘায়ে নুনের ছিটার মতো ঘটনাটা ঘটেছে। হামিন আহমেদ, হাসান মাসুদ, তমালিকা কর্মকারসহ একাধিক তারকা এবং বাংলাদেশের কয়েকজন সাবেক ক্রিকেটারও বিষয়টির নিন্দা জানিয়েছেন। অনেকে আবার এর পক্ষে খোঁড়া যুক্তি দাঁড় করানোরও চেষ্টা করেছেন এই বলে, যে সেখানে এর আগে শচীন টেন্ডুলকার বা সৌরভ গাঙ্গুলীকে নিয়েও স্যাটায়ার করা হয়েছে। কিন্তু আদতে শচীন বা সৌরভের ক্যারিয়ার ইমেজ নিয়ে কখনও ব্যঙ্গ করেনি তারা। এবং বাংলাদেশ টিমের মতো টিম ইন্ডিয়াকে নিয়েও তারা কখনও ব্যঙ্গ করেনি। অথচ পুরো টিম বাংলাদেশ নিয়ে এভাবে ব্যঙ্গ করানোয় মূলত স্ক্রিপ্ট রাইটার ও সেই পারফর্মারের ওপর বেজায় চটেছেন সকলে। এ প্রসঙ্গে ফোনে মীরাক্কেলের মেন্টর সৌরভ পালৌধির সাথে যোগাযোগ করলে তিনি ইত্তেফাককে বলেন, ‘আসলে ফানটা মনে হয় বেশি হয়ে গিয়েছিল। আমরা বুঝিনি যে এভাবে সকলে রি-অ্যাক্ট করবে। আমি ব্যক্তিগতভাবে ক্ষমাপ্রার্থী।’ কিন্তু জুতো মেরে মাল্যদানের এই প্রক্রিয়াতেও কেউ সন্তুষ্ট হতে পারছেন না। সকলেই চাইছে এটি আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া হোক। একই সাথে এও শোনা যাচ্ছে যে, মূলত মীরাক্কেলের এবারের শোটি টিআরপিতে খুব একটা ভালো অবস্থানে না থাকায়, একটা বিতর্কের প্রত্যাশাতে নির্মাতা শুভঙ্কর এ কাজটি করতে পারেন। তবে এ ব্যাপারে পাবনার সেই কমেডিয়ানের সাথে যোগাযোগ করতে চাইলেও তাকে পাওয়া যায়নি। এদিকে পাবনার জামিল আহমেদের এই কুকীর্তির জন্য ভোগান্তিতে পড়েছেন মীরাক্কেলের আগের তারকা পারফর্মার নোয়াখালীর জামিল হোসেন। নামের মিল থাকায় এই নিন্দার ঝড়ের উগ্র বাতাস এসে পড়ছে জামিলের গায়েও। জামিল জানান, ‘সকাল থেকে অনবরত বিভিন্ন মানুষের গালাগালি আর নিন্দার এসএমএস পাচ্ছি। সকলে ভাবছে এই জামিলই বোধহয় আমি। অথচ ও এবারের পারফর্মার। তাই এই ভ্রান্তি কাটানোর জন্য আমি স্ট্যাটাসও দিয়েছি। আমিও এই পারফর্মেন্সকে সাপোর্ট দিচ্ছি না। এটা উচিত হয়নি।’ পাবনার জামিল আহমেদমের এই পারফর্মেন্সের নিন্দা করেছেন কলকাতার প্রখ্যাত ইভেন্ট অর্গানাইজার ও অনুষ্ঠান নির্মাতা হিরক দাসগুপ্ত। তিনি জানান, ‘আমি নিজেও এটাকে সমর্থন করতে পারছি না। জামিল একেবারেই বোকার মতো কাজটি করেছে। তার এটা কোনমতেই উচিত হয়নি।’ বি:দ্র :প্রিয় পাঠক, আপনাদের এই প্রসঙ্গে কোন মতামত বা প্রতিক্রিয়া থাকলে‘বিনোদন প্রতিদিন’ বিভাগে লিখে জানাতে পারেন। আপনাদের প্রাসঙ্গিক লেখা আমরা ছাপতে আগ্রহী।’