কণ্ঠশীলনের প্রযোজনা ‘উত্তরবংশ’-এর অষ্টম মঞ্চায়ন আগামীকাল রবিবার সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে অনুষ্ঠিত হবে। নাটকটির বিপুল দর্শকপ্রিয়তা পাওয়ায় এর নিয়মিত মঞ্চায়ন হচ্ছে। সব্যসাচী লেখক, কাব্যনাট্যকার সৈয়দ শামসুল হক রচিত ‘উত্তরবংশ’ কাব্যনাটকটির নির্দেশনায় কণ্ঠশীলন প্রশিক্ষক ও নির্দেশক গোলাম সারোয়ার। স্বাধীনতার উত্তরপ্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ঘটনা বর্ণনা করা এবং যুদ্ধাপরাধীদের বিচারের দাবি নিয়ে এগিয়ে যাওয়া এবং পরের প্রজন্মের কাছে দায়িত্ব অর্পণ নাটকটির মূল উপজীব্য। মূলত তিনটি চরিত্রকে ঘিরে নাটকটির কাহিনী আবর্তিত। নাট্যকার একটি মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধে তার স্ত্রীর আর্মিক্যাম্পে আটকে থাকা নিয়ে নাটক রচনা করতে গিয়ে বারবার আটকে যাচ্ছেন এবং তার স্ত্রীর আত্মহত্যা। নাট্যকারের মেয়ে এখনও জানে না, কেন তার মা আত্মহত্যা করেছিল। রাজনীতি করা নেতা, যে বারবার নাট্যকারকে তাগাদা দিতে থাকে একটি মুক্তিযুদ্ধের গণজাগরণমূলক নাটক লেখার জন্য।
নাটকটিতে বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন—ওমর ফারুক ঈমন, জে এম মারুফ সিদ্দিকী ও রাখী ঘোষ। মুক্তিযোদ্ধা, পাকবাহিনী, রাজাকার, সাধারণ জনগণ বিভিন্ন চরিত্রে রইস উল ইসলাম, শহীদুল্লাহ কায়সার, আব্দুর রাজ্জাক, শফিক সিদ্দিকী, সালাম খোকন, অনন্যা গোস্বামী, আল আসাদ সমু, উম্মে তাসনুভা তানিল, রাজিয়া সুলতানা মুক্তা, শামীম আরা রিমু, তামান্না আক্তার, মাহমুদুল হাসান। মঞ্চ পরিকল্পনা মাসুদ রানা, আবহ সংগীত তাহসিনুর রহমান তালুকদার, আলোক পরিকল্পনা আতিকুল ইসলাম জয়।
