প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী কানাডা শাখা আয়োজন করে বাংলা বর্ষবরণ অনুষ্ঠান, যা অনুষ্ঠিত হয় টরন্টো প্যাভিলিয়ন হলে গত ১১ মে শনিবার। ঘড়ির কাঁটা সন্ধ্যা ৭টা ছুঁতেই শিল্পী সুমন সায়ীদ উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে অনুষ্ঠান শুরু করেন এবং স্বাধীনতার ৪২ বছর পরে যখন বাংলাদেশের নুতন প্রজন্ম যুদ্ধাপরাধীদের সঠিক বিচারের দাবিতে প্রতিবাদী হয়ে উঠেছে, তাদের সাথে একাত্মতা প্রকাশ করে অনুষ্ঠানের নাম করণ ‘প্রতিবাদী বর্ষবরণ’ ব্যখ্যা করে তিনি বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কানাডা শাখার প্রেসিডেন্ট আজিজুল মালিকের কাছে মাইক্রোফোন তুলে দেন। আজিজুল মালিক সম্প্রতি বাংলাদেশের সাভারে বহুতল ভবন রানা প্লাজা দুর্ঘটনায় নিহত শত শত পোশাক-শ্রমিকদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেন এবং এরপর তার পরিচালনায় বিশেষ অতিথিবৃন্দ টরন্টোর ইস্ট ইয়র্কের এনডিপি দলের এমপি ম্যাথিউ ক্যালওয়ে, এমপিপি মাইকেল প্রু এবং রিয়েল এস্টেট এজেন্ট নিটা ক্যাঙ বক্তৃতা রাখেন। সবনম সায়েমা তনিমার সঞ্চালনায় বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী কানাডা শাখার শিল্পীদের পাশাপাশি আরও যে ৬টি স্থানীয় বাংলা সাংস্কৃতিক সংগঠন এবং স্কুল এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। সংগঠন ও স্কুলগুলো হলো- যথার্থ, উর্মি স্কুল অব ড্যান্স, আলমপিয়া স্কুল অব মিউজিক, সুকন্যা নৃত্যাঙ্গন, নৃত্যকলা কেন্দ্র এবং সংগীত প্রতিষ্ঠা মিউজিক একাডেমি। সে রাতের অনুষ্ঠানে উদীচী শিল্পী গোষ্ঠীর শিল্পীদের গণসংগীতের পাশাপাশি সকল সংগঠনগুলোই দেশের গান, নাটক এবং নৃত্য পরিবেশন করে। তবে উদীচীর ইয়ুথ টিমের পরিবেশনা পুরোটাই ছিলো অনেক প্রশংসনীয়। প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্ম মোহনা সায়ীদের মুখে ‘স্বাধীনতা তুমি এসেছো ত্রিশ লক্ষ্য মানুষের রক্তের বিনিময়ে আমরা তোমাকে রক্ষা করব’ দেশের জন্য এই প্রতিজ্ঞা যেমন অনেক প্রশংসার দাবি রাখে পাশাপাশি তাদের দলের সকল সদস্যদের অভিনীত নাটক সে রাতের প্রধান আকর্ষণীয় পরিবেশনা বলেই অধিকাংশ দর্শক মনে করেন। সর্বশেষে সৈয়দ শামসুল হকের ‘উত্তর বংশ’ নাটকটি পরিবেশন করে অনুষ্ঠানের সমাপ্তি করে। পুরো অনুষ্ঠানে কী-বোর্ডে ছিলেন মামুন কায়সার এবং তবলায় হারুন অর রশীদ শ্যামল। অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো অনুষ্ঠানটিই সময় ব্যবহারে বেশ শৃংখলাবদ্ধ ছিলো যা অনুকরণীয় হওয়ার দাবি রাখে।
