অধিকৃত পশ্চিম তীরে নতুন করে আরো চারটি বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরাইল। মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জন কেরি ও ফিলিস্তিনি নেতাদের মধ্যে শান্তি আলোচনার কয়েকদিন আগে এ ধরনের একটি সিদ্ধান্ত নেয়া হলো। বৃহস্পতিবার ইসরাইলি কর্তৃপক্ষ এ সিদ্ধান্তের ঘোষণা দেয়। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।
ইসরাইলের তরফ থেকে বলা হয়, তারা অধিকৃত পশ্চিম তীরে নতুন করে বসতি স্থাপনের কাজ শুরু করার পদক্ষেপ নিয়েছেন। ইসরাইলি বসতি নির্মাণের বিরুদ্ধে আন্দোলনকারী সংগঠন ‘পিস নাও’ জানায়, শান্তি আলোচনার আগ মুহূর্তে এ ধরনের একটি পদক্ষেপ কোনক্রমেই কাম্য নয়। এটি ইসরাইল ও ফিলিস্তিনি শান্তি আলোচনার ক্ষেত্রে উদ্যোক্তা জন কেরির ওপর চপেটাঘাতেরই শামিল, যা কোনক্রমেই মেনে নেয়া যায় না। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু দানিয়াহ বলেন, এ ধরনের পদক্ষেপকে আমরা তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি। তিনি বলেন, আমাদের অবস্থান পরিষ্কার যে, ইসরাইলের সব ধরনের বসতি স্থাপন অবৈধ এবং একে অবশ্যই বন্ধ করতে হবে। তিনি বলেন, ইসরাইল সবসময়ই আলোচনার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এবং নতুন করে আলোচনার ক্ষেত্রে মার্কিন উদ্যোগ নেয়া হলে তা নানা পদক্ষেপের মাধ্যমে বন্ধ করার চেষ্টা করছে।
এদিকে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেন সাকি বলেন, ইসরাইলের নতুন করে বসতি স্থাপনের এ উদ্যোগ শান্তি আলোচনায় বাধার সৃষ্টি করবে, যার প্রতিউত্তর আসাটাই স্বাভাবিক। তিনি বলেন, আমরা কখনোই ইসরাইলের এ ধরনের পদক্ষেপকে সমর্থন করতে পারি না। উল্লেখ্য, ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের পর পশ্চিম তীর দখল করে নেয় ইসরাইল। আন্তর্জাতিক আইন অনুযায়ী এই বসতি নির্মাণ অবৈধ।
