সিরিয়ার প্রেসিডেন্ট বাশার-আল আসাদকে পদত্যাগে বাধ্য করতে চাপ বাড়ানোর জন্য একমত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এবং তুর্কি প্রধানমন্ত্রী রিসেপ তাইয়্যেপ এরদোগান। এরই মধ্যে সিরিয়ার উপর চাপ বাড়ানোর অংশ হিসেবে ওবামা প্রশাসন বৃহস্পতিবার দেশটির চার মন্ত্রী, একটি এয়ারলাইন এবং একটি টিভি স্টেশনের উপর নতুন আরেক দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে।
বৃহস্পতিবার সফররত তুর্কি প্রধানমন্ত্রীর সঙ্গে হোয়াইট হাউসে এক যৌথ সংবাদ সম্মেলনে ওবামা বলেন, চলমান সংকট মোকাবিলায় দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরই একমাত্র সমাধান। তিনি আরো জানান, পরিস্থিতি মোকাবেলায় তুরস্কের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। ওবামা বলেন, ‘বিদ্রোহীদের সমর্থন দিতে আমরা আসাদ সরকারের ওপর চাপ প্রয়োগ করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা দুই পক্ষই সিদ্ধান্ত নিয়েছি যে আসাদকে ক্ষমতা ছাড়তে হবে।’
সিরিয়ার সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্রের এককভাবে নেওয়া পদক্ষেপ যথেষ্ট হবে না বলে জানিয়েছেন ওবামা। তবে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ওপর চাপ সৃষ্টির জন্য কূটনৈতিক ও সামরিক, উভয় পদক্ষেপই তার বিবেচনায় আছে বলে তিনি জানিয়েছেন। তিনি বলেন, সিরিয়ার সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার উদ্যোগে একটি শান্তি সম্মেলন করা যাবে বলে তিনি আশা করছেন।
তুর্কি প্রধানমন্ত্রী এরদোগান বলেন, ‘আমাদের কাছে রাসায়নিক হামলার প্রমাণ আছে কিন্তু এই বিষয়ে আমরা আরো নিশ্চিত হতে চাই।’ এরদোগান জানান, বর্তমানে তুরস্কে চার লাখেরও বেশি সিরীয় শরণার্থী আশ্রয় নিয়েছে। তাদের পুনর্বাসনে আন্তর্জাতিক সহায়তা দরকার।’
সিরিয়ার উপর চাপ বাড়ানোর অংশ হিসেবে ইতমধ্যে ওবামা প্রশাসন বৃহস্পতিবার দেশটির চার মন্ত্রী, একটি এয়ারলাইন এবং একটি টিভি স্টেশনের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। সিরিয়ার প্রতিরক্ষা, স্বাস্থ্য, শিল্প ও বিচারমন্ত্রী, সরকারি মালিকানাধীন সিরিয়ান আরব এয়ারলাইন্স এবং একটি ব্যক্তিমালিকানাধীন স্যাটেলাইট টিভি চ্যানেল আল-দুনিয়াকে কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ ।
এদিকে, সিরিয়ায় গত মাসে রাসায়নিক অস্ত্র হামলার প্রমাণ বিবিসি’কে দেখিয়েছে প্রত্যক্ষদর্শীরা। হামলার বর্ণনা দেয়ার পাশাপাশি ভিডিও ফুটেজ দেয়া হয়েছে বিবিসি’কে। যেগুলো দৃশ্যত সিরিয়ায় রাসায়নিক অস্ত্র হামলার নিশ্চিত খবর বলেই মনে করা হচ্ছে। বিবিসি’র এক সংবাদদাতা উত্তরাঞ্চলীয় সারাকেব শহর পরিদর্শনকালে প্রত্যক্ষদর্শীরা জানায়, সরকারি হেলিকপ্টার থেকে বিষাক্ত গ্যাসভর্তি অন্তত দুটি রাসায়নিক অস্ত্র হামলা চালানো হয়েছে। বিষাক্ত গ্যাস হামলার এ সমস্ত লক্ষণের বর্ণনা আরো পরিষ্কার হয়ে ধরা পড়েছে বিবিসি’র কাছে দেয়া বেশ কিছু ভিডিওতে। তবে ভিডিওগুলোর সত্যতা নিরপেক্ষ সূত্র থেকে যাচাই করা সম্ভব হয়নি।
