ক্রিকেটার থেকে রাজনীতিকে পরিণত হওয়া ইমরান খান পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে সন্ত্রাসবাদসহ অন্যান্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা করবেন বলে ঘোষণা দিয়েছেন। দেশটির সামপ্রতিক নির্বাচনে তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হওয়া তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান হাসাপাতালে চিকিত্সাধীন অবস্থাতেই এই ঘোষণা দেন।
ভিডিও লিংকের মাধ্যমে পিটিআই আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইমরান বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, অনেক মতবিরোধ থাকার পরও আমরা সন্ত্রাসবাদের মতো জাতীয় গুরুত্বপূর্ণ সমস্যা মোকাবিলায় একসঙ্গে কাজ করবো। আমরা সন্ত্রাসবাদ মোকাবিলা না করে উন্নতির দিকে যেতে পারবো না।’
নির্বাচনী প্রচারাভিযানে ইমরান মধ্যডানপন্থী নওয়াজ শরিফ ও তার দলের তীব্র সমালোচনা করেন। গত শনিবার অনুষ্ঠিত নির্বাচনে নওয়াজ শরিফের নেতৃত্বে পিএমএল-এন বিজয়ী হলে ইমরান সরকার গঠনে নওয়াজের সঙ্গে জোটবদ্ধ না হয়ে বিরোধী দলে থাকার ঘোষণা দেন। ইমরান খান নির্বাচনী প্রচারণা চালানোর সময় মঞ্চ থেকে পড়ে গিয়ে মেরুদণ্ডে আঘাত পান। এরপর থেকেই চিকিত্সকদের পরামর্শে তিনি বিশ্রামে রয়েছেন। হাসপাতাল থেকেই তিনি তার নির্বাচনী প্রচারণা চালান এবং তার রাজনৈতিক দলের বিস্ময়কর উত্থান ঘটে।
ইমরানের নেতৃত্বাধীন পিটিআই তালেবান গোষ্ঠীর শক্তঘাঁটি বলে পরিচিত উত্তরপশ্চিমাঞ্চলেই বেশি আসন পেয়েছে। সেখানে তিনি প্রাদেশিক জোট সরকার গঠনের ঘোষণা দেন এবং দেশের জন্য একটি ‘আদর্শ শাসনব্যবস্থা’ প্রতিষ্ঠার অঙ্গীকার করেন। এদিকে, নওয়াজ শরিফও দেশের স্বার্থে ইমরান খানের সঙ্গে কাজ করবেন বলে অঙ্গীকার করেছে। মঙ্গলবার হাসপাতালে ইমরান খানকে দেখতে গিয়ে নওয়াজ এই ঘোষণা দেন।—খবর এনডিটিভির
