প্রেসিডেন্ট হতে পারবেন না ইরানের নারীরা

আপডেট : ১৭ মে ২০১৩, ২০:৩৫
ইরানে আগামী ১৪ জুনে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে পারবেন না নারীরা। দেশটির একটি সাংবিধানিক পরিষদের পক্ষ থেকে এ কথা বলা হয়। গার্ডিয়ান কাউন্সিলের সদস্য মোহাম্মদ ইয়াজদি বলেন, সংবিধানে এ ব্যাপারে নারীদের অংশগ্রহণে বাধা রয়েছে। এর ফলে ৩০ জন যে নারী প্রার্থী প্রেসিডেন্ট পদের জন্য নিবন্ধিত হয়েছেন তাদের ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দিল। গার্ডিয়ান কাউন্সিল নির্বাচন সংক্রান্ত বিষয়ে প্রার্থীদের তথ্যাদি যাচাই-বাছাই করে থাকে। সে মোতাবেক নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ্লেষকরা বলছেন, দেশটিতে নারীদের প্রেসিডেন্ট হিসাবে অংশগ্রহণে খোদ সংবিধানেই অস্পষ্টতা রয়েছে। তবে গার্ডিয়ান কাউন্সিলের পক্ষ থেকে এ পদক্ষেপে বিষয়টি নিয়ে বিতর্কের অবসান ঘটাবে। বার্তা সংস্থা মেহর জানায়, একজন নারী ইরানের সর্বোচ্চ নির্বাচিত পদে বসবে তা ইরানের আইন অনুমোদন করে না। নারীরা কেবল সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়ে আসতে পারবেন। অন্যদিকে এবারের নির্বাচনে প্রেসিডেন্ট পদে অংশগ্রহণ করতে পারছেন না মাহমুদ আহমাদিনেজাদ। কারণ দেশটির সংবিধানে তৃতীয়বার একই ব্যক্তির প্রেসিডেন্ট হওয়ার নিয়ম নেই। দেশটিতে প্রেসিডেন্ট পদে ৬৮৬ জন পুরুষ নিজেদের নাম নিবন্ধন করেছেন। এদের মধ্যে ইরানের বিশেষজ্ঞ পরিষদের প্রধান আকবর হাশেমি রাফসানজানিও রয়েছেন। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী মঙ্গলবার।