বেলিজে পিরামিড ধ্বংস
মধ্য আমেরিকার দেশ বেলিজে একটি সড়ক নির্মাণ প্রতিষ্ঠান প্রায় ২৩শ’ বছরের পুরোনো মায়া সভ্যতার বড় একটি পিরামিড ধ্বংস করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এটি ছিল মায়া সভ্যতার সময় নির্মিত সবচেয়ে বড় পিরামিডগুলোর অন্যতম। সড়ক নির্মাণ কাজের জন্য নুড়িপাথর সংগ্রহ করতে ‘নোহ মল টেম্পল’-এর অধিকাংশই বুলডোজার দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হয়েছে। অবশিষ্ট আছে মাত্র কিছু অংশ। বেলিজিয়ান প্রত্নতাত্ত্বিক প্রতিষ্ঠানের প্রধান জেম এও একথা জানিয়েছেন। প্রাচীন সভ্যতা কেউ এভাবে ধ্বংস করতে পারে ভেবে বিস্ময় প্রকাশ করেছেন প্রত্নতত্ত্ববিদরা। প্রত্নতত্ত্ববিদ অধ্যাপক নোরমন্ড হাম্মন্ড বার্তা সংস্থা এপিকে বলেন, শ্রমিকরা কী করছে সে সম্পর্কে তারা আরো সতর্ক হতে পারত। প্রাচীন সভ্যতার এ ধ্বংস মেনে নেয়া যায় না। —রয়টার্স
ফিরে আসছে কাঠের গাড়ি
ইস্পাতের বদলে কাঠ ব্যবহার করে গাড়ির ওজন কমানোর প্রচেষ্টা চলছে জার্মানিতে। পরীক্ষা সফল হলে জ্বালানি সাশ্রয় ও বায়ুদূষণ কিছুটা হলেও কমানো সম্ভব হবে। প্রথমদিকে বেশিরভাগ মোটরগাড়িও মূলত কাঠ দিয়েই তৈরি করা হতো। তারপর দিনকাল বদলে গেছে। এখন গাড়ি মানেই ইস্পাত। কিন্তু আবার ফিরছে কাঠের দিন। কিন্তু গোটা গাড়ি কাঠ দিয়ে তৈরি হচ্ছে না। তবে কাঠের ব্যবহার বাড়ছে। জার্মানি হানোফার শহরে আয়োজিত ‘লিগনা’ মেলায় কাঠের এই পুনর্জন্মের আভাস পাওয়া গেছে। দেশটির প্রথমসারির ফ্রাউনহোফার গবেষণা প্রতিষ্ঠান কাঠের নতুন ব্যবহারের চমকপ্রদ পদ্ধতি তুলে ধরেছে এই মেলায়। —ডয়েচে ভেলে
গোলান মালভূমি থেকে শান্তিরক্ষী অপহরণ
সিরিয়ার বিদ্রোহীরা গোলান মালভূমি থেকে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর তিন সদস্যকে অপহরণ করেছে। সিরিয়া ও ইসরাইলের মাঝামাঝি অবস্থিত এ অস্ত্র-বিরতি অঞ্চলে গত দু’মাসে এটি ছিল তৃতীয় অপহরণের ঘটনা। বৃহস্পতিবার জাতিসংঘ একথা জানায়। এই অপহরণের ঘটনা এমন এক সময় ঘটানো হলো যখন জাতিসংঘ গোলান মালভূমিতে অবস্থানরত শান্তিরক্ষী মিশনে ফিলিপাইনের সৈন্য রাখার প্রচেষ্টা চালাচ্ছে। গোলান মালভূমি থেকে ফিলিপাইনের সৈন্য অপহূত হওয়ায় তারা সেখান থেকে তাদের সৈন্য প্রত্যাহার করে নেয়ার চিন্তা করছে। নিউজিল্যান্ড সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, জাতিসংঘ যুদ্ধবিরতি পর্যবেক্ষণ সংস্থার (ইউএনটিএসও) এ তিন কর্মকর্তার কমপক্ষে একজন নিউজিল্যান্ডের নাগরিক। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এ অপহরণ ঘটনার কঠোর ভাষায় নিন্দা জানিয়েছে। তারা এ ঘটনায় সিরিয়ার বিদ্রোহীদের দায়ী করে। —এএফপি
মার্কিন সৈন্যের যাবজ্জীবন
ইরাকে ২০০৯ সালের মে মাসে পাঁচ সহকর্মীকে হত্যা করায় দোষী সাব্যস্ত এক মার্কিন সৈন্যকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে এবং সামরিক বাহিনী থেকে তাকে বরখাস্ত করা হয়েছে। ইরাকে সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি ক্যাম্প লিবার্টিতে যুদ্ধ সংক্রান্ত মানসিক চাপ থেকে অসুস্থ হয়ে পড়া সৈন্যদের একটি ক্লিনিকে ঐ হত্যাকাণ্ড চালানোয় গত সপ্তাহের গোড়ার দিকে আর্মি সার্জেন্ট জন রাসেলকে দোষী সাব্যস্ত করা হয়। রাসেল মৃত্যুদণ্ড থেকে রেহাই পেতে গতমাসে এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেন। যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ওয়াশিংটনে জয়েন্ট বেস লিউয়িস-ম্যাককর্ডে (জেবিএলএম) তার আইনজীবীদের সিদ্ধান্তে তিনি হত্যাকাণ্ডের দায় স্বীকার করেন। সামরিক মুখপাত্র বারবারা জুনিয়াস বলেন, বৃহস্পতিবার রাসেলকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় এবং সামরিক বাহিনী থেকে তাকে বরখাস্ত করা হয়। —এএফপি
